প্রথম আলো কার্যালয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি
তরুণদের শান্তিপূর্ণ সমাবেশ পরিবর্তনের ছবিই তুলে ধরছে
যুক্তরাজ্যের সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি শাহবাগের প্রজন্ম চত্বরের চলমান আন্দোলন নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি মানবতাবিরোধী বিচার-প্রক্রিয়ায় তাঁর সরকারের সমর্থনও প্রকাশ করেছেন। তিনি বলেন, রাজপথে তরুণদের শান্তিপূর্ণ সমাবেশ পরিবর্তনের ছবিই তুলে ধরছে।সাইয়েদা হুসেইন ওয়ার্সি গতকাল সোমবার দুপুরে প্রথম আলোর কার্যালয়ে মতবিনিময়ের সময় এ অভিমত দিয়েছেন। তবে মানবতাবিরোধী বিচার-প্রক্রিয়ায় সমর্থন দিলেও এতে স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশ সফরের প্রথম দিনে সাইয়েদা হুসেইন ওয়ার্সি ওই মতবিনিময় সভায় বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি, শাহবাগে তরুণদের সমাবেশ, আসন্ন নির্বাচন, আইনের শাসনসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। ব্যবসায়ী, নাগরিক সমাজ, উন্নয়নকর্মী, কূটনীতিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে দেড় ঘণ্টার এ মতবিনিময়ের বড় অংশজুড়ে ঘুরেফিরেই এসেছে শাহবাগ প্রসঙ্গ। রাজনীতি ও চলমান পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনা নিয়েও সাইয়েদা হুসেইন ওয়ার্সি কথা বলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সুশাসনসহ যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা এড়ানো গেলে ২০৫০ সালের মধ্যে উন্নত অর্থনীতির দেশে পরিণত হওয়ার লক্ষ্যে সঠিক পথেই এগোচ্ছে বাংলাদেশ। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এই মতবিনিময় সভার সূচনা করেন। অপার সম্ভাবনা: আলোচনার শুরুতে প্রারম্ভিক বক্তৃতায় সাইয়েদা হুসেইন ওয়ার্সি বলেন, ‘বেশ রোমাঞ্চকর সময়ে আমি বাংলাদেশে এসেছি। আগামী এক বছরের মধ্যে এখানে নির্বাচন হতে যাচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার এটি বিরাট এক সুযোগ বটে। এ নির্বাচন এটি প্রমাণ করবে যে বিজয়ী দলই সব ছিনিয়ে নেবে; শুধু তা-ই নয়, এর চেয়ে বেশি কিছু। যেখানে একটি শক্তিশালী বিরোধী দল থাকবে।’তারুণ্যে মুগ্ধতা: যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাঁর সূচনা বক্তৃতায় শাহবাগে তরুণদের সমাবেশ যে তাঁকে চমৎকৃত করেছে, সেটি উল্লেখ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তন, বিশেষ করে বর্তমানে বাংলাদেশের রাজপথে তরুণদের শান্তিপূর্ণ যে সমাবেশ, সেটিও পরিবর্তনের ছবিই তুলে ধরেছে। হরতাল অর্থনীতির ভবিষ্যতের জন্য বিপর্যয় ডেকে আনে। গণতন্ত্রে অবশ্যই মত প্রকাশের অধিকার রয়েছে। তবে হরতালের কারণে মানুষের জীবন ও জীবিকা যাতে নিয়মিতভাবে পর্যুদস্ত না হয়, সে ব্যাপারে নজর রাখার দায়িত্ব রাজনীতিবিদদের। তবে বাংলাদেশের তরুণেরা তাঁদের দাবি নিয়ে ভিন্ন উপায়ে রাজপথে নেমেছেন। তাঁদের এ প্রক্রিয়া আমাদের চমৎকৃত করে। কিন্তু তাঁরা যখন মৃত্যুদণ্ডের দাবি তোলেন, তা পাশ্চাত্যের জন্য অস্বস্তি তৈরি করে। কারণ, এ ব্যাপারে আমাদের ভিন্ন অবস্থান রয়েছে।’ শাহবাগ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘ব্যক্তি ও জাতির জীবনে পরিবর্তনের এক উৎকৃষ্ট উদাহরণ তরুণদের চলমান সমাবেশ। আমরা এখন এক সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছি, যা আমাদের এ বার্তাই দিচ্ছে যে কোনো কিছুই দায়বদ্ধতার ঊর্ধ্বে নয়।’পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘রাজনীতিবিদেরা তাঁদের আদর্শ দিয়ে জনগণকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছেন বলেই আজ তরুণদের সমাবেশের প্রতি দেশের সর্বস্তরের মানুষ সমর্থন দিচ্ছেন। শাহবাগের তরুণেরা ন্যায়বিচার চান। এ সমাবেশ রাজনৈতিক দলগুলোর নৈতিক সাহস পরীক্ষার একটি উপায়ও বটে। তাঁদের কাছে প্রশ্ন, মানবতাবিরোধীদের বিচার আপনারা করবেন কি না? এ বিচার করার নৈতিক সাহস আপনাদের আছে কি না? শাহবাগের সমাবেশ আমাদের এ আভাসও দিচ্ছে যে, সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হচ্ছে। এ জন্যই মানুষ এ সমাবেশের প্রতি তাঁদের সমর্থন জানাচ্ছেন।’সাবেক কূটনীতিক আনোয়ারুল আলম বলেন, তরুণ সম্প্রদায় রাজনীতিবিদদের প্রতি তাঁদের আস্থা হারিয়েছেন। একজন সাবেক মুক্তিযোদ্ধা হিসেবে একাত্তরে গণহত্যাসহ নানা অপরাধের দায়ে তিনি মানবতাবিরোধীদের মৃত্যুদণ্ড দাবি করেন।প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, ‘শাহবাগের সমাবেশের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। কারণ, ১৪ দিন ধরে আবালবৃদ্ধবনিতা স্বতঃস্ফূর্তভাবে এ সমাবেশে এসেছেন। দিন-রাত শাহবাগে জনসমাবেশ চলছে কোনো দুর্ঘটনা ছাড়াই। এমনকি তাঁদের একজন সহকর্মীকে হত্যার পরও শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তরুণেরা।’প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ মানবতাবিরোধী বিচার-প্রক্রিয়ায় সাইয়েদা হুসেইন ওয়ার্সির দৃষ্টিভঙ্গি কী, জানতে চাইলে তিনি বলেন, ‘শুধু ন্যায়বিচার নিশ্চিত নয়, ইতিহাসের বিয়োগান্ত অধ্যায়কে পেছনে ফেলে সামনে এগোতে হবে। বিচারহীনতার সংস্কৃতির অবসান করতে হবে। এসব কারণেই এ বিচার-প্রক্রিয়ার প্রতি আমাদের সমর্থন রয়েছে।’প্রথম আলোর সহকারী সম্পাদক ফারুক ওয়াসিফ বলেন, একাত্তরের ঘাতকদের বিচারের দাবিতে আজ জাতীয় ঐকমত্য তৈরি হয়েছে। জীবনের হুমকি উপেক্ষা করেই মানবতাবিরোধীদের অপরাধের ন্যায়বিচারের দাবিতে তরুণেরা আজ উচ্চকণ্ঠ। তরুণেরা আজ মানবতাবিরোধীদের ন্যায়বিচার নিশ্চিত করতে মৃত্যুদণ্ড চাইছে।যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে, রাজনৈতিক মামলায় কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলে পরে ওই ব্যক্তির বীরে পরিণত হওয়ার সুযোগ থেকে যায়। তাই বাংলাদেশের মতো ধর্মনিরপেক্ষ সমাজে অপশক্তিদের ব্যালটের মাধ্যমে রাজনৈতিকভাবে পরাজিত করাটা সমীচীন। সুশাসন, বিনিয়োগ ইত্যাদি: সাইয়েদা হুসেইন ওয়ার্সি বাংলাদেশে বিনিয়োগে ও ব্যবসার সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো কী কী, তা জানতে চান।এ প্রসঙ্গে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ অবকাঠামো সমস্যা, বিশেষ করে জ্বালানির বিষয়টি উল্লেখ করেন। তিনি গত কয়েক বছরে সরকারের বাজেট ও রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি প্রবৃদ্ধি ও রপ্তানির সম্ভাবনার বিষয়গুলো পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন। এ সময় বাংলাদেশে করদানের সংস্কৃতি কেমন, অর্থাৎ কত ভাগ লোক ইদানীং করের আওতায় এসেছেন, সে সম্পর্কে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানতে চান।ইফতেখারুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, সুশাসন ও দুর্নীতি বাংলাদেশের উন্নয়নের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা, যা দেশের প্রধান রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ক্ষমতাসীন দলও স্বীকার করে। এ প্রতিবন্ধকতা না থাকলে এ দেশের জিডিপি ৮ থেকে ৯ শতাংশ হতো।টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনীতি ও ব্যবসা এ দেশে এমনভাবে জড়িয়ে গেছে, যেন একে অন্যের পরিপূরক। সংসদ, দুদক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের রাজনৈতিকীকরণের ফলে এসব প্রতিষ্ঠানকে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। সাবেক কূটনীতিক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের নির্বাহী পরিচালক তৌফিক আলী বলেন, ব্যবসার পরিবেশেও রাজনৈতিক মেরুকরণ হয়েছে। ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত লোকজন তাঁদের দল ক্ষমতায় এলে সর্বাধিক সুযোগ নিশ্চিত করায় যুক্ত থাকেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন উল্লেখ করেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ প্রসঙ্গে তিনি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়নের বিষয়গুলো উল্লেখ করেন। পাশাপাশি তিনি দেশের অগ্রগতিতে নাগরিক সমাজের ভূমিকার বিষয়গুলো তুলে ধরেন।বিনিয়োগের চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে সাইয়েদা হুসেইন ওয়ার্সি বলেন, স্বচ্ছতা ও আইনের শাসন থাকলে বিনিয়োগ আসবে। সঠিক পথেই বাংলাদেশ: প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম জানতে চান, ২০৫০ সালের মধ্যে উন্নত অর্থনীতির দেশে পরিণত হতে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে কি না। এ প্রশ্নের জবাবে সাইয়েদা হুসেইন ওয়ার্সি বলেন, ‘বাংলাদেশের অপার সম্ভাবনা আমাকে চমৎকৃত করে। যে প্রতিবন্ধকতার কথা আজকের আলোচনায় উঠে এসেছে, এসব না থাকলে এ দেশের পরিস্থিতি আরও ভালো হতে পারত।’মতবিনিময়ের পরিসমাপ্তি টানতে গিয়ে প্রথম আলো সম্পাদক বলেন, ‘সব সময় বাংলাদেশের অপার সম্ভাবনার কথা তুলে ধরছে প্রথম আলো। শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর নানা প্রান্তে বাংলাদেশের মানুষের সুসংবাদ আমরা প্রকাশ করছি। মানুষের উদ্যোগ ও প্রয়াসের প্রতি আমাদের অগাধ আস্থা রয়েছে।’