তরুণদের সঙ্গে ওবামার চ্যাটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বলে কথা! তাঁর ওপর এখন পুরোদমে বইছে নির্বাচনী হাওয়া। ৬ নভেম্বর নির্বাচনের মাধ্যমে আরেক মেয়াদে হোয়াইট হাউসে থাকতে বারাক ওবামাকে নামতে হবে বড় যুদ্ধে। এ যুদ্ধের মূল অস্ত্র হচ্ছে প্রচারণা। এরই অংশ হিসেবে সম্প্রতি তরুণ ভোটারদের সঙ্গে চ্যাট করছেন তিনি। একই সঙ্গে ঝালিয়ে নিয়েছেন নিজের টাইপিং-দক্ষতা। গতকাল বুধবার অনলাইনে তরুণ ভোটারদের সঙ্গে চ্যাট করেন ওবামা। এতে প্রসঙ্গ হিসেবে আসে হোয়াইট হাউসের বিয়ারের রেসিপি, রাজনীতিতে অর্থ ও আফগান যুদ্ধ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আইওয়া, কলোরাডো ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দুই দিনের সফরের সময় সেখানকার বিভিন্ন কলেজের তরুণ ভোটারদের কাছে গেছেন ওবামা। তরুণদের সঙ্গে ইন্টারনেটে চ্যাট করে তাঁদের কাছে ভোট চেয়েছেন তিনি।ইন্টারনেটে প্রকাশ হওয়া একটি ছবিতে দেখা গেছে, ওবামা ল্যাপটপের সামনে বসে টাইপ করছেন। ভার্জিনিয়ায় প্রচারণার সময় তরুণদের সঙ্গে ওবামার ইন্টারনেট চ্যাটের দৃশ্য এটি।চ্যাট করার সময় তরুণদের প্রশ্নের জবাবে ওবামা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইরের গোষ্ঠীর অর্থ ব্যয়ের বর্তমান রীতি পরিবর্তনে সংবিধান সংশোধন প্রয়োজন। এ ছাড়া তিনি আফগান যুদ্ধে মার্কিন সেনা পাঠানোর বিষয় নিয়েও কথা বলেছেন।হোয়াইট হাউসে বিয়ারের রেসিপি প্রসঙ্গে জানতে চাইলে ওবামা টাইপ করেন, ‘আমি অচিরেই এটা প্রকাশ করব। তবে প্রাথমিক অভিজ্ঞতা থেকে বলছি, এটা মজাদার।’ব্যক্তি জীবনে ভারসাম্য রক্ষার রহস্য সম্পর্কে জানতে চাইলে ওবামা চ্যাটে লেখেন, ‘আমার সৌভাগ্য যে আমাকে গণপরিবহনে চলতে হয় না। এ কারণে সঠিক সময়ে পরিবারের সঙ্গে রাতের খাবার খেতে পারি।’সবশেষে এই চ্যাটে অংশ নেওয়া তরুণদের ধন্যবাদ জানান ওবামা। তিনি বলেন, ‘প্রযুক্তি ও ইন্টারনেট কীভাবে কথোপকথনের সুযোগ বাড়িয়ে আমাদের গণতন্ত্রকে টেকসই করছে, এটা তারই একটি উদাহরণ।’