তরুণীকে লাথি মেরে ট্রেন থেকে ফেলে দিল দুর্বৃত্তরা
চারজন শক্তমত্ত পুরুষ ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে চলন্ত ট্রেন থেকে লাথি মেরে নদীতে ফেলে দিয়েছেন। ভারতের কর্ণাটক রাজ্যের মাদ্দুরে গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়।প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার অপর এক খবরে আজ বুধবার বলা হয়, মাথা ও মেরুদণ্ডে গুরুতর জখমসহ ওই তরুণীকে মান্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ আকবর (২৪), ইমরান (২১), সুবহান ও আহমেদ নামে চার হামলাকারীকে গ্রেপ্তার করে। তাঁরা সবাই মহীশুরের কল্যাণাগিরি এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, একজন প্রত্যক্ষদর্শী তাঁদের ফোন করে ঘটনাটি জানান। তরুণীর ওপর নিপীড়ন চলার সময় যে যাত্রীরা তাকিয়ে তাকিয়ে দেখেছেন, মেয়েটিকে ফেলে দেওয়ার পর তাঁরাই দুজন নিপীড়ককে আটক করেন। পরে মান্ডিয়া স্টেশনের হাজতে তাঁদের আটকে রাখা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পরে আরও দুজনকে পাণ্ডবপুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই নারী বলেন, ‘ট্রেন মাদ্দুর স্টেশনের কাছাকাছি এলে, চারজন যুবক আমাকে উত্ত্যক্ত করতে থাকে। তারা আমাকে উদ্দেশ করে নোংরা কথা বলছিল। একপর্যায়ে আমাকে ধর্ষণের চেষ্টা করে। পুলিশ ডাকব বলে চিত্কার করলে তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।’প্রত্যক্ষদর্শীরা জানান, ওই তরুণী উঠে দাঁড়িয়ে ট্রেনের দরজার কাছে এগোলে, ওই চার দুর্বৃত্ত তাঁকে লাথি মেরে ফেলে দেন। তখন ট্রেনে মাদ্দুর স্টেশন পেরিয়ে গেছে।পুলিশ জানায়, মহীশুর থেকে ৬৩ কিলোমিটার দূরে মাদ্দুরে ইশন্তপুর-মহীশুর এক্সপ্রেস ট্রেন থেকে ওই তরুণীকে ফেলে দেওয়া হয়। তিনি ২৫ ফুট নিচে একটি বালিয়াড়ির ওপরে গিয়ে পড়েন। বেঙ্গালুরুর তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত বাবা-মা-হারা ওই নারী ছুটি কাটাতে মহীশুরে দাদির বাড়িতে যাচ্ছিলেন।