গ্রিন জামাটা সুন্দর, নিতে পারো।মা, গ্রিনে কি আমাকে মানায়? আজ তুমি তো সে ধরনেরই একটি জামা পরেছ, ভালোই লাগছে। মায়ের এ কথায়ও মেয়ে ঠিক ভরসা পেল না বলে মনে হলো। কারণ জামাটি হাতে নিয়ে দেখেও তার নাক কুঁচকানো ভাব খুব একটা কমল না।গতকাল শনিবার দুপুরে রাজধানীর বেইলি রোডের একটি বুটিক শপের দৃশ্য এটি। মা তাসনিম আক্তার এবং মেয়ে তৃষ্ণার সঙ্গে কথা হলো। ঈদের বাজারের জন্য মেয়েসহ মা মুন্সিগঞ্জ থেকে ঢাকায় এসেছেন। তৃষ্ণা কলেজছাত্রী। কেমন জামা চাই—এ প্রশ্নের উত্তরে সে বলে, ‘ঈদে দশটা না, মাত্র একটা জামা কিনব। তাই সেটা হতে হবে সুন্দর। তবে জমকালো হলে চলবে না।’তৃষ্ণার মতে, মাসাককালি স্টাইলের জামা পুরোনো হয়ে গেছে, তাই সে ধরনের হলে চলবে না। সে জানাল, জামা পছন্দ হলেও দাম পছন্দ হচ্ছে না। এই করে করে ছয় থেকে সাত দোকানে ঢুঁ দেওয়া হয়ে গেছে।তাসনিম আক্তার জানালেন, তাঁর ছোট মেয়ের বয়স আট বছর। তার জামা কিনতে তেমন সমস্যা হয়নি। কিন্তু বড় মেয়ের জামা পছন্দই হচ্ছে না। একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রুমানার। একবার বলে শাড়ি কিনবেন, কিছুক্ষণ পরই বলেন ফতুয়া। অবশেষে মেয়েকে তাঁর পছন্দ অনুযায়ী পোশাক কিনতে ছেড়ে দিলেন মা।তরুণীদের পছন্দটাই এমন। বেশ খুঁতখুঁতে। তা ছাড়া কখন যে কোনটা পছন্দ হবে, তার কোনো ঠিক নেই। বুটিক ও ফ্যাশন হাউসগুলো তরুণীদের মনের গতিবিধি বুঝতে বছরব্যাপী গবেষণা চালিয়ে থাকে। এর পরও ঈদবাজারে মেয়ের পছন্দ নিয়ে হিমশিম খাচ্ছেন বাবা-মায়েরা।কে ক্র্যাফটের প্রধান নির্বাহী শাহ্নাজ খান প্রথম আলোকে বলেন, ঈদ উত্সবে পোশাকের রং, কাটিং, কারুকাজকে প্রাধান্য দিতেই হবে। আর সেটা যদি তরুণীদের হয় তাহলে তো কথাই নেই। কেননা, তরুণীরা সবদিক থেকেই নিজেকে আলাদা করে দেখাতে ভালোবাসে।শাহ্নাজ খান জানালেন, পোশাকের রঙে এবার বিভিন্ন শেডকে প্রাধান্য দেওয়া হয়েছে। গোলাপিরই হয়তো অনেকগুলো শেড ব্যবহার করা হয়েছে। শাড়ি বা সালোয়ার-কামিজও ১৫ থেকে ২০টি সুতার কম্বিনেশনে করা হয়েছে। কিশোরী ও তরুণীদের জন্য লংস্কার্ট ও ফতুয়া করেছে এই বুটিক। বেইলি রোডে এম ক্রাফটের ব্যবস্থাপক এবং বিক্রয়কর্মী মো. জাহিদ হাসান বলেন, তরুণীরা শাড়িও কেনে আবার সালোয়ার-কামিজও কেনে। শাড়ির মধ্যে ব্লক প্রিন্ট, তুলি প্রিন্ট বা হাতের কাজ তারা বেশি পছন্দ করছে। এই শাড়িগুলোর দাম ৮০০ থেকে দুই হাজার টাকার মধ্যে। বেইলি রোড মূলত তাঁতের শাড়ির জন্য বিখ্যাত হলেও উনিশ-কুড়ির বিক্রয়কর্মী রাজু জানালেন, শাড়ির পাশাপাশি তাঁরা তরুণীদের জন্য দেশি কাপড়ে মাসাককালি, জিপসি, কোটার কিছু পোশাক তৈরি করেছেন। এবার ঈদে তরুণীদের জন্য রাজকীয় কিছু পোশাক করেছে রঙ। প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা জানালেন, মসলিন অথবা অ্যান্ডি সিল্কের কাপড় দিয়ে থ্রি কোয়ার্টার, ম্যাগি বা চুড়িদার হাতা, লেসের ব্যবহার, জমিনকে জমকালো করার জন্য ধুপিয়ান সিল্কের ব্যবহারসহ বিভিন্ন কাপড়ের সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। শাড়ির বেলায়ও জমিন ও আঁচলে ভিন্ন কাপড়ের ব্যবহার, রিবনের কাজ ইত্যাদি তরুণীরা খুব পছন্দ করছে। বিবিয়ানার ব্যবস্থাপনা পরিচালক লিপি খন্দকার বলেন, তরুণীদের পোশাক ছোটদের মতো না, আবার বড়দের থেকেও আলাদা করতে হয়। কেননা, তাদের বয়সটাই এমন। তিনি জানান, টপস, ফতুয়া, সালোয়ার-কামিজে লাল রংকে প্রাধান্য দেওয়া হয়েছে। পোশাকে নতুনত্ব আনতে লেসের ব্যবহার, ফিউশনধর্মী নকশাও তরুণীদের নজর কাড়ছে।বাংলার মেলার ডিজাইনার এমদাদ হক জানালেন, অ্যান্ডি সিল্কে অফ হোয়াইট ও ম্যাজেন্টা রঙে কারচুপির কাজ করা ‘সিঙ্গেল কুর্তি’ তরুণীরা বেশ কিনছে। এ পোশাকের ঝুল কিছুটা লম্বা ধরনের। হাইনেক গলা ও থ্রি কোয়ার্টার হাতার কুর্তিগুলো সাড়ে ৮০০ থেকে এক হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। বাংলার মেলায় আনারকলি স্টাইলের সালোয়ার-কামিজের ঘেরটা এবার কিছুটা কম। পিওর সিল্কের দাম বেশি হওয়ায় এবার অ্যান্ডি সিল্ককে প্রাধান্য দেওয়া হয়েছে। বিভিন্ন পোশাকে কাতানের পাড় বসিয়ে বৈচিত্র্য আনারও চেষ্টা চালানো হয়েছে। আড়ংয়ে তরুণীদের জন্য রয়েছে দেশীয় উপকরণে তৈরি বিভিন্ন নকশার সালোয়ার-কামিজ। অঞ্জন’স তাঁতপল্লী, নিত্য উপহার এনেছে তাঁতের সালোয়ার-কামিজ ও ফতুয়া। ব্যবহার করেছে লাল, সবুজ, সাদা, নীল, কমলা, হলুদসহ উজ্জ্বল সব রং। গরম আবহাওয়ায় ঈদ, তাই ফ্যাশন ডিজাইনাররা পোশাকটিকে আকর্ষণীয় করার পাশাপাশি আরামের দিকেও খেয়াল রেখেছেন বলে জানালেন। এড্রয়েট, ফড়িং, ওজি, উত্তরাঙ্গনসহ বিভিন্ন বুটিকও তরুণীদের কথা মাথায় রেখে তাদের সম্ভার সাজিয়েছে। তারা অ্যান্ডি, অ্যান্ডি সিল্ক, সিল্ক, জামদানি, মসলিন, খাদি, ধুপিয়ান সিল্ক, রেশমি কটনসহ বিভিন্ন কাপড়ে ব্লক, স্প্রে, টাই-ডাই, স্ক্রিন-প্রিন্ট, অ্যাপ্লিক, কারচুপি, জারদৌসি, হাতের ভরাট কাজ এবং লেস, স্টোন, অ্যান্টিক, আয়না, মেটাল ও চুমকির কাজকে প্রাধান্য দিয়েছে। কেউ কেউ পোশাকে চামড়া দিয়েও নকশা করেছে।