তরুণীর ছিন্নভিন্ন লাশ!
গলি, বাড়ির ছাদ আর বহুতল ভবন। এ তিন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল শুধু একটি শরীরের টুকরো টুকরো হাড় আর মাংসপিণ্ড। আজ শনিবার রাজধানীর শাহবাগ থানার পরিবাগে এমন ভয়াবহ চিত্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। গলি থেকে বাড়ি, বাড়ি থেকে ভবন—প্রায় তিন ঘণ্টা ধরে পুলিশ খুঁজে খুঁজে হাড় ও মাংসপিণ্ডগুলো উদ্ধার করে। লাশটি এক তরুণীর। ভয়াবহতা, বীভত্সতা ছাড়াও ঘটনার রহস্য উদঘাটনে থানা-পুলিশসহ ডিবি ও সিআইডির লোকজন সারা দিন ধরে ব্যস্ত থাকে লাশটিকে ঘিরেই। এ ঘটনায় পুলিশ পরিবাগের নাহার প্লাজায় সোনালী ট্রাভেলসের মালিক সাইদুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।পুলিশের রমনা অঞ্চলের উপকমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম বলেন, সাইদুর জিজ্ঞাসাবাদে ওই তরুণীকে হত্যার কথা স্বীকার করেছেন। ওই তরুণীর নাম তিনি সুস্মিতা বলে জানিয়েছেন। বাড়ি গোপালগঞ্জে। ডিসি বলেন, সাইদুর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, সুস্মিতার সঙ্গে তাঁর তিন বছর ধরে সম্পর্ক ছিল। গত শুক্রবার রাত আটটার দিকে তিনি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য ট্রাভেলসের কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় অন্যরা দরজা করাঘাত করলে ধরা পড়ার ভয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এ সময় তরুণীকে হত্যা করে টুকরো টুকরো করে কিছু জানালা দিয়ে বাইরে ছুড়ে মারেন, কিছু বাথরুমের কমোডে ঢুকিয়ে ফ্লাশ করে নিশ্চিহ্ন করার চেষ্টা করেন। ডিসি বলেন, সাইদুরের গ্রামের বাড়ি ফরিদপুর বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য যাচাই-বাছাই করা হচ্ছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে। শাহবাগ থানার পুলিশ জানায়, আজ সকালে থানায় এক ব্যক্তি ফোন করে জানান, পরিবাগের একটি চারতলা বাড়ির সামনে দুটি হাড় ও একটি পায়ের পাতা পড়ে আছে। পুলিশ দ্রুত সেখানে গিয়ে তা উদ্ধার করার পর ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ বাড়ির ছাদে গিয়ে দেখে, সেখানেও পড়ে আছে একই মৃতদেহের ছিন্নভিন্ন ১২টি টুকরো। বাড়ির কর্তৃপক্ষের দাবি করেন, খণ্ডিত অংশগুলো ফেলা হয়েছে পার্শ্ববর্তী বহুতল ভবন নাহার প্লাজা থেকে। দাবির যৌক্তিকতা খুঁজে পেয়ে পুলিশ সেখানেও অভিযান চালায়। পুলিশ নাহার প্লাজার ১৩ তলায় সোনালী ট্রাভেলসের কার্যালয় ও বাথরুমে গিয়ে দেখেন, সেখানেও পড়ে আছে রক্তমাখা বঁটি, চাপাতি, কাপড় ও চুলের অংশ আর ক্ষুদ্র ক্ষুদ্র মাংসপিণ্ড, কলিজাসহ অন্যান্য প্রত্যঙ্গ। পরে ট্রাভেলসের মালিক সাইদুরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ট্রাভেলসের কার্যালয়ের নিচে থাকা স্কাই গার্ডেন নামের আবাসিক হোটেলের সহকারী ব্যবস্থাপক ফয়েজ আহমেদ, তত্ত্বাবধায়ক মশিউর রহমানসহ কয়েকজনকে।পরিবাগের ওই বাড়ির তত্ত্বাবধায়ক আবুল হোসেন সাংবাদিকদের বলেন, আজ সকাল সাতটায় বাড়ির সামনে লোকজনের ডাক-চিত্কারে তাঁর ঘুম ভাঙে। বাইরে গিয়ে দেখেন মাংসবিহীন দুটি হাড় ও পায়ের পাতার কিছু অংশ পড়ে আছে সেখানে। কিছুক্ষণ পর সেখানে আসে পুলিশ। লাশের এমন পরিস্থিতির খবর চারদিকে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও সেখানে ভিড় করে শত শত উত্সুক মানুষ। ঘটনার বীভত্সতায় অনেকেই স্তব্ধ ও আতঙ্কিত।শাহবাগ থানার অপারেশন অফিসার আশিকুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে ওই বাড়ির সামনে থেকে হাড় ও পায়ের পাতা উদ্ধার করি। পরে ওই বাড়ির ছাদে গিয়ে পাঁজর, মাথাসহ বিভিন্ন অংশ পাই। কর্তৃপক্ষের দাবি ছাড়াও আমরা অনুমান করি, ওই বাড়ির ছাদে কোন দিক থেকে ছুড়ে ফেলা সম্ভব। তখনই নাহার প্লাজায় স্কাই গার্ডেনে যাই। সেখানে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী সোনালী ট্রাভেলসে অভিযান চালাই। নিশ্চিত হই, সোনালী ট্রাভেলসেই রাতভর চলেছে বীভত্স এই হত্যাকাণ্ড।’আশিকুর রহমান বলেন, আটক ফয়েজসহ কয়েকজন জিজ্ঞাসাবাদে জানান, গত শুক্রবার রাত আটটার দিকে ১৮ বছর বয়সী এক তরুণী সোনালী ট্রাভেলসে যান। প্রায় আধঘণ্টা পর তাঁরা ট্রাভেলসের কার্যালয় থেকে এক নারীর চিত্কার-চেঁচামেচি শুনতে পান। তাঁরা কার্যালয়ে গিয়ে দরজা করাঘাত করতেই এক পুরুষ কণ্ঠ ভেতর থেকে সমস্যা নেই বলে তাঁদের চলে যেতে বলেন। এরপর তাঁরা চলে আসেন। বেশ কিছুক্ষণ পর চিত্কারের আওয়াজ থেমে গেলেও কাটাকাটির আওয়াজ শুনতে পান।আশিকুর রহমান বলেন, ফয়েজ পুলিশকে আরও জানিয়েছেন, শুক্রবার রাত একটার দিকে হোটেলের ১২০৮ নম্বর কক্ষে থাকা এক ব্যক্তি কাউন্টারে এসে অভিযোগ করেন, তাঁর বাথরুমের কমোডে রক্ত দেখা গেছে। তখন ওয়ার্ড বয় গিয়ে কমোডে রক্ত দেখে ধারণা করেন, ওই রুমের ওপরে থাকা চায়নিজে মুরগি জবাই করা হয়েছে। সেই রক্ত কমোডে চলে এসেছে। এরপর সেই ব্যক্তিকে অন্য একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়। আশিকুর বলেন, ১২০৮ নম্বর কক্ষের ওপরেই ট্রাভেলসের কার্যালয়। তথ্য পেয়েই সেখানে অভিযান চালিয়েছিলেন তাঁরা। শাহবাগ থানার এসআই আবদুস সামাদ বলেন, ওই তরুণীর ২৬ টুকরো লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বেশ কিছু মাংসপিণ্ড ও শরীরের অভ্যন্তরীণ কিছু অংশও পাঠানো হয়েছে। ডিসি নূরুল ইসলাম বলেন, সাইদুর ছাড়াও আটক অন্যদেরও জিজ্ঞাসাবাদ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এমন নারকীয় হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হবে বলে তিনি জানান।