তরুণীর লাশ উদ্ধার: গ্রেপ্তার ১
ফকিরাপুলের একটি হোটেল থেকে দিলরুবা (৩০) নামের এক তরুণীর লাশ উদ্ধারের মামলায় মোহাম্মদ আবদুল আজিজ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দিলরুবাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকারও করেছে আজিজ।আজ মঙ্গলবার র্যাব-৩ চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি থানার কুলগাঁও বটতলী এলাকায় অভিযান চালিয়ে আজিজকে গ্রেপ্তার করে।র্যাব জানায়, ২ জানুয়ারি ফকিরাপুলের একটি হোটেল থেকে দিলরুবার লাশ উদ্ধার করা হয়। প্রথমে অজ্ঞাতনামা থাকলেও তরুণীর উদ্ধার হওয়া মুঠোফোনের সূত্র ধরেই তাঁর পরিচয় জানা যায়। এ ব্যাপারে মতিঝিল থানায় মামলা দায়েরের পর র্যাব তদন্তের কাজ শুরু করে। এরই ধারবাহিকতায় আবদুল আজিজকে আজ গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল আজিজ জানান, নিহত দিলরুবা ও তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার কাটাখালী গ্রামে। দিলরুবা বিবাহিত ও তাঁর দুটি সন্তান আছে। তাঁর স্বামী প্রবাসী। এই সুযোগে তিনি দিলরুবার সঙ্গে সখ্য গড়ে তোলেন। গত বছরের ২৮ ডিসেম্বর দিলরুবাকে নিয়ে ঢাকায় এসে তিনি ভুল নাম ও ঠিকানা ব্যবহার করে ফকিরাপুলের একটি হোটেলে ওঠেন।প্রায় চার পাঁচ দিন অবস্থানের পর দিলরুবা তাঁকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। ঘটনার দিন এ বিষয়ে উভয়ের মধ্যে হাতাহাতির একপর্যায়ে বাকবিতণ্ডা হয়। পরে তিনি দিলরুবাকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে তিনি চট্টগ্রামে আত্মগোপন করেন।