ক্রিকেটের এগিয়ে যাওয়ার শুরুর সালটা ১৯৭৩। ওই সময়ই বাংলাদেশের ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠার কাজ শুরু হয়। এরপর ১৯৭৬-৭৭ সালে আইসিসির ছাড়পত্র পাওয়ার মধ্য দিয়ে এ দেশের ক্রিকেট এগিয়ে যায় আরও এক ধাপ। আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় পদচারণ। ১৯৭৯ সালে প্রথম দেশের বাইরে সফর করে বাংলাদেশ ক্রিকেট দল। এ অভিজ্ঞতা খেলোয়াড়দের মনোবল দিয়েছিল বাড়িয়ে। এরপর একে একে এশিয়া কাপে অংশগ্রহণ এবং আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পালন করে আমাদের দেশ। ১৯৯৭ সালে কেনিয়াকে হারিয়ে আইসিসি শিরোপা জিতে নেওয়ার পরই ক্রিকেটের জনপ্রিয়তা বেড়ে যায় কয়েক গুণ। আপামর জনসাধারণ ভাবতে শুরু করে খেলাটি নিয়ে। সমাজের বিভিন্ন স্তরের তরুণেরা আগ্রহী হয়ে ওঠে ক্রিকেট খেলার প্রতি। ১৯৯৮ সালে আয়োজন করা হয় মিনি বিশ্বকাপ। আয়োজক হিসেবে ক্রিকেট-বিশ্বের আস্থা অর্জন করে বাংলাদেশ। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে আমরা প্রমাণ করি নিজেদের দক্ষতা। এর এক বছর পরই টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সে খেলায় আমিনুল ইসলাম বুলবুলের শতরান ও নাঈমুর রহমান দুর্জয়ের ছয় উইকেট পাওয়া ছিল একটি বড় অর্জন। জিম্বাবুয়েকে হারিয়ে টেস্টে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এর সঙ্গে সঙ্গে বিকেএসপি প্রতিষ্ঠা, উন্নত খেলার মাঠ ও আধুনিক কলাকৌশল প্রয়োগ করে ক্রিকেটকে তরুণদের মাঝে ছড়িয়ে দিয়ে চলতে থাকে এর মান বাড়ানোর কাজ। বাংলাদেশের কাছে পরাজিত হতে থাকে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো। এই দলগুলোকে খেলার মাঠে ধরাশায়ী করার পর বেড়ে যেতে থাকে মানুষের প্রত্যাশা। জয়ের ধারাবাহিকতা রক্ষা করে ২০১০ সালে নিউজিল্যান্ড দলকে হারায় বাংলাদেশ। শক্তিশালী দল হিসেবে সমীহ আদায় করে নেয় পুরো বিশ্বের। ২০১১ সালে বিশ্বকাপ আয়োজন করার সুযোগ পেয়েছি আমরা। এ সুযোগ সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা যাবে। দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি আমরা, এগিয়ে যাচ্ছে আমাদের ক্রিকেট। আমরা পেয়েছি পৃথিবী-সেরা অলরাউন্ডার সাকিবকে। আশরাফুল, তামিমদের মতো খেলোয়াড়েরা ক্রিকেটকে করছেন সমৃদ্ধ। স্বাধীনতার পর থেকেই খেলাটি দেশের মানুষের কাছে তুমুল জনপ্রিয়। ক্রিকেট নিয়ে তাদের আশা ও স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে যাচ্ছে এ দেশের ক্রিকেট দল। বর্তমানে ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছে, সে মানের ধারাবাহিকতা যদি বজায় রাখা যায়, তবে সন্দেহ নেই, এক যুগের মধ্যেই বিশ্বকাপের শিরোপা জিতবে আমাদের এই দেশ।রকিবুল হাসান: সাবেক ক্রিকেটার