তর্কের ডামাডোলে চাপা পড়েছে বিপন্ন দেশের আর্তি
বিশ্বের অনেক স্থানেই এখন গা শিরশির করা হালকা শীতের হাওয়া থেকে শুরু করে হাড় জমানো তুষার পড়া শৈত্য। কিন্তু মেক্সিকোর কানকুন চিরগ্রীষ্মের শহর। এখানে এখন দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আর মনে হচ্ছে কানকুন শহরের এই উত্তাপ স্পর্শ করেছে জলবায়ু সম্মেলনকেও।সম্মেলনকেন্দ্র মুন প্যালেসের অদূরে মেক্সিকো উপসাগর থেকে কোনো ঘূর্ণিঝড় তেড়ে না এলেও আলোচনার টেবিলে বইছে তর্কের তুফান। জাতিসংঘ আয়োজিত ষোড়শ বিশ্ব জলবায়ু সম্মেলন শিল্পোন্নত রাষ্ট্রগুলোর পারস্পরিক দোষারোপের ক্ষেত্রে পরিণত হয়েছে। সম্মেলনের প্রতিটি বৈঠকে উন্নয়নশীল ও শিল্পোন্নত রাষ্ট্রগুলো এখন কে বেশি কার্বন নিঃসরণ করছে আর অতীতে কার বেশি ভূমিকা ছিল, সে বিতর্কে জড়িয়ে পড়ছে। এই কলহের ডামাডোলে মিলিয়ে যাচ্ছে বাংলাদেশসহ সবচেয়ে বিপন্ন স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর টিকে থাকার দাবি।গত ৩০ নভেম্বর স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর পক্ষ (এলডিসি) থেকে জলবায়ু অভিযোজন তহবিলে বেশি বরাদ্দ চেয়ে দাবি উত্থাপন করা হয়েছিল। বাংলাদেশের সমর্থন নিয়ে এলডিসির বর্তমান সভাপতি আফ্রিকার দেশ লেসোথোর প্রতিনিধি দ্রুত তহবিল ছাড় ও স্বল্পোন্নত রাষ্ট্রগুলোকে ৩০ বিলিয়ন ডলার তহবিলের একটি সুনির্দিষ্ট অংশ দেওয়ার দাবি উত্থাপন করেন।তহবিলে অগ্রাধিকার চাওয়ার এই দাবির সরাসরি বিরোধিতা করে পাকিস্তান, কলম্বিয়া ও সৌদি আরব। এলডিসির সাবেক সভাপতি ও চলতি বছর স্বল্পোন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া মালদ্বীপও এই দাবির বিরোধিতা করেছে।মালদ্বীপ ও ফিজির নেতৃত্বে গঠিত ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জোটও অতিরিক্ত তহবিল চেয়েছে। এ জোট বলে আসছে, তাদের বেশির ভাগ দেশ জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে। জলবায়ু আলোচনায় সবচেয়ে বড় জোট জি-৭৭-এর আলোচনায় দ্বীপরাষ্ট্রগুলোর পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়েছে।বাংলাদেশের প্রতিনিধি ড. আনসারুল করিম এ ব্যাপারে প্রথম আলোকে জানান, সিওপি ও জি-৭৭ এই দুটি সভাতেই বাংলাদেশ অভিযোজন বাবদ স্বল্পোন্নত রাষ্ট্রগুলোর জন্য আলাদা তহবিল বরাদ্দ চেয়েছে। উন্নয়নশীল ও উদীয়মান অর্থনীতির দেশ চীন, ভারত ও ব্রাজিলের বিরোধিতার কারণে এই দাবি মূল খসড়ায় অন্তর্ভুক্ত করা যাচ্ছে না।জি-৭৭-এর সভায় বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও কলম্বিয়ার পক্ষ থেকে বলা হয়, জলবায়ু পরিবর্তন রোধে উদ্যোগ নিলে জ্বালানি তেলের ব্যবহার কমে যাবে। তেলনির্ভর অর্থনীতি হওয়ায় তারা এ কারণে আর্থিক ক্ষতির মুখে পড়বে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে তারা ইতিহাসের সবচেয়ে মারাত্মক বন্যার মুখে পড়েছে। ফলে আর্থিক সহায়তার বিবেচনায় তাদের সবচেয়ে অগ্রাধিকার পাওয়া উচিত। এ মুহূর্তে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দেশ চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে মেক্সিকো ও ইন্দোনেশিয়াও যোগ দেওয়ার আবেদন জানিয়েছে। বেসিক নাম নিয়ে গঠিত হওয়া এই জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কোপেনহেগেন মতৈক্য মানবে না। কানকুনে নতুন করে আলোচনা শুরু করতে হবে। একই দাবি জানিয়েছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া, ভেনিজুয়েলা ও কিউবা।কারিগরি অধিবেশনের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অভিযোজন কর্মকৌশল (নাপা) বাস্তবায়নে জাতিসংঘের কাছ থেকে অর্থ-সহায়তা চাওয়া হয়েছে। জি-৭৭ ও বাংলাদেশের প্রতিনিধি কামরুল ইসলাম চৌধুরী প্লেনারি সেশনের আলোচনায় বলেন, বিশ্বের ৪৫টি দেশ অভিযোজন কর্মকৌশল তৈরি করেছে। কিন্তু অর্থ-সংকটের কারণে তাদের একার পক্ষে তা বাস্তবায়ন শুরু করা যাচ্ছে না। এ জন্য জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত রাষ্ট্রগুলোকে অর্থ-সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ প্রতিনিধিদল সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মেলনের শেষ দিকে আসার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছে মেক্সিকো সরকার ও জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলসহ ২৫টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে সম্মেলনে আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ ও মেক্সিকো সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে থাকায় এখনো তাঁর আসার বিষয়টি নিশ্চিত করা যায়নি বলে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার জানিয়েছেন। শেখ হাসিনাকে সম্মেলনের অভিযোজনবিষয়ক একটি সভায় সভাপতিত্ব করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সম্মেলনের দ্বিতীয় দিনে বাংলাদেশকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) বিবাদ মীমাংসাকারী গ্রুপের সহসভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব মনজুরুল হান্নান খান এই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। এই গ্রুপে বাংলাদেশ ছাড়া রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, চীন, গিনি বিসাউ, নিউজিল্যান্ড, স্লোভেনিয়া ও সুদান। ভুটানের দাবির পরিপ্রেক্ষিতে জাতিসংঘের অন্যতম পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছে সার্ক জোট। এখন থেকে জলবায়ুবিষয়ক আলোচনায় জোট হিসেবে সার্ক আলাদাভাবে মতামত দিতে পারবে।মনজুুরুল হান্নান এ ব্যাপারে প্রথম আলোকে জানান, আইপিসিসির সর্বশেষ প্রতিবেদন পর্যালোচনার ক্ষেত্রে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর পক্ষে মতামত দিতে পারবে। এতে বাংলাদেশের ঝুঁকির বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরা যাবে।