তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে দেশটির সঙ্গে প্রথম সুপরিচিত হওয়ার পর থেকে শুরু করে বাংলাদেশের বিগত দুই দশককে আমি কীভাবে মূল্যায়ন করি, তার ওপর একটি ক্ষুদ্র নিবন্ধ লিখে সাহায্য করার অনুরোধ জানিয়েছে। গত দুই দশকে বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য অবশ্যই খোদ প্রথম আলো নিজেই। এই ১২ বছরে এর অনন্যসাধারণ বিকাশ দেশের সংবাদপত্র জগতের সর্বজনীন পূর্ণতা ও তীক্ষতার দিকে চালিত করেছে এবং অধিকতর ওয়াকিবহাল জনগণ ও গণতন্ত্রকে সংহত এবং সরকারি সেবাকর্মের জবাবদিহি নিশ্চিত করতে একটি নির্বাচকগোষ্ঠী গড়ে তোলায় ব্যাপক অবদান রেখেছে। আমি আমার এই নিবন্ধটিতে যেসব বিষয় লিখতে যাচ্ছি, তার কিছু কিছু নির্মাণে অবদান রাখায় প্রথম আলোর প্রতি আমার গভীর ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি।বাংলাদেশ আদৌ কখনো ‘তলাবিহীন ঝুড়ি’ ছিল, এটা আমি বিশ্বাস করি না। তবে ১৯৯০ সালের আগস্ট মাসে যখন ঢাকায় আসি, এখনকার তুলনায় নানা দিক থেকেই তা ভিন্ন ছিল, বাংলাদেশকে রাজ-নৈতিক দিকনির্দেশনা হারানো একটি দেশ মনে হয়েছে। আমার সৌভাগ্য যে দিগন্তে ব্যাপক পরিবর্তনের আভাস আবির্ভূত হওয়ার ঠিক সেই মুহূর্তে আমি উপস্থিত হতে পেরেছিলাম এবং তৃতীয় বিশ্বজুড়ে অনুরণিত হওয়ার মতো এক রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে পেরেছি।এরশাদ নামের এক রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছিলাম আমি। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব স্টাফ হিসেবে জেনারেল এরশাদ আট বছর আগে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিলেন। এর পর থেকে অধিকাংশ সময়ই ব্যয় করেছেন তিনি রাজনৈতিক বৈধতা লাভের পেছনে। স্বার্থবাদী মহলের আনুকূল্য পেতে তিনি সরকারি যন্ত্রকে ব্যবহার করেছেন, বিরোধী দলকে বিভাজিত রাখার স্বার্থে দুটি প্রধান রাজনৈতিক দলের বৈরী অবস্থাকে কাজে লাগিয়েছেন এবং এমনকি উর্দি ছেড়ে নিজস্ব রাজনৈতিক দল নিয়ে রাজনীতিবিদেও পরিণত হয়েছেন। কিন্তু ১৯৯০ সালের মাঝামাঝি নাগাদ তখনকার বিশ্বব্যাপী অসংখ্য অগণতান্ত্রিক সরকারের মতোই সময় হাতছাড়া হয়ে যাচ্ছিল এরশাদের।১৯৯০ সাল নাগাদ গণতন্ত্র যেন সর্বত্র কড়া নেড়ে যাচ্ছিল। ১৯৮৫ সালে ফিলিপাইন এই অগ্রযাত্রায় নেতৃত্ব দিয়েছে; ১৯৮৮ সালে অবসান ঘটে পাকিস্তানি সামরিক শাসনের এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার তার উত্তরাধিকারী হয়। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে এবং ভেঙে খানখান হয়ে যায় খোদ সোভিয়েত ইউনিয়ন। সর্বত্র স্বৈরতন্ত্র যেন বিদায় নিচ্ছিল, আগমন ঘটছিল গণতন্ত্রের। গণতন্ত্র ছিল ‘ইতিহাসের শেষ’—লিখেছিলেন পণ্ডিত ফ্রান্সিস ফুকুয়ামা, বিংশ শতাব্দীর শেষ দিকে একত্র হওয়া ইতিহাসের গতিশীল শক্তিগুলোর একটি স্বয়ংক্রিয় পরিণতি।বাংলাদেশের নিশ্চিতভাবেই এই অভিযাত্রায় অংশ নেওয়ার কথা। নিয়েছেও, চলমান ধারায় যথারীতি বাংলাদেশ নিজস্ব ব্যতিক্রমসহ। ১৯৯০ সালের গ্রীষ্মে রাজনৈতিক দলগুলো (এরশাদের দলটি ছাড়া) তাদের কলহ তুলে রেখে এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করে, যার ফলে অচিরেই তিনি ও তাঁর সরকার বেকায়দা অবস্থায় পড়ে যায়। দুই দফা কর্মসূচিতে একমত হয় তারা—(১) এরশাদকে বিদায় নিতে হবে; (২) একজন সম্মানিত ও নিরপেক্ষ রাষ্ট্রপতির অধীনে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের তত্ত্বাবধান করবে। নির্বাচন পরিচালনার লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বাংলাদেশের গণতান্ত্রিক বিপ্লবের একটি অনন্য বৈশিষ্ট্য। আমার জানামতে, একমাত্র এই দেশেই ধারণাটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে।আরেকটি অনন্য দিক ছিল, সেনা সমর্থনের ওপর ভিত্তি করে ক্ষমতা আঁকড়ে থাকা সাবেক সেনাপতি এরশাদ সেনাবাহিনীর কাছে সাহায্য চাইলে সেনাবাহিনী তা প্রত্যাখ্যান করায় সহজেই বিনা রক্তপাতে দ্রুত তাঁর পতন ঘটে। সেনাবাহিনী কেবল ক্ষমতাই এড়িয়ে যায়নি (অন্যত্র সেনাবাহিনী ইতিপূর্বে যেমনটা করেছে, পরেও করেছে), বরং সাবেক সেনাপতিকে বাঁচাতে নিজ দেশের নাগরিকদের রক্তপাত ঘটাতেও রাজি হয়নি। এক অর্থে বাংলাদেশের সেনাবাহিনী গত দুই দশকে দুবার এ পথ অবলম্বন করেছে; একবার এরশাদকে রক্ষায় হস্তক্ষেপে অস্বীকার করে এবং আরেকবার ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়, বিস্ফোরণোন্মুখ সেই পরিস্থিতিতে সাংবিধানিক অধিনায়কের নির্দেশ অমান্য করে সেনাবাহিনী, এবং গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতি মোকাবিলায় অস্ত্র তুলে না নিয়ে রক্তপাতহীন এক হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে (আমরা জানি, দুই বছর পর ক্ষমতা ছেড়ে দিয়েছিল সেনাবাহিনী)।১৯৯০ ও ১৯৯১ সালের সেই প্রশান্ত দিনগুলোতে আমাদের অনুভূত উল্লাস অচিরেই চুপসে গিয়েছিল, বাস্তব ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি প্রমাণ করেছিল যে একটি স্থিতিশীল গণতন্ত্র নির্মাণে আশা, উদ্দীপনা ও রাজনীতিতে অংশগ্রহণে অনীহ সেনাবাহিনী থেকেও আরও বেশি কিছু প্রয়োজন। এর জন্য প্রয়োজন ইতিহাস—সময় ও স্থায়িত্বের কারণে সংহত প্রতিষ্ঠানসমূহ নির্মাণের ইতিহাস, যেসব প্রতিষ্ঠান সরকারের ক্ষমতার ভারসাম্য সৃষ্টি ও এর কর্মকাণ্ডের জবাবদিহির ব্যবস্থা করবে। গণতান্ত্রিক কাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার লক্ষ্যে একটি স্বাধীন বিচারব্যবস্থা এমনি একটি উদাহরণ। এর জন্য প্রয়োজন গণতান্ত্রিক ধারায় সমঝোতার আদান-প্রদান সম্ভব করে তোলা মুক্তচিন্তা ও সহিষ্ণুতার সংস্কৃতি।সেই থেকে নিবিড়ভাবে বাংলাদেশকে পর্যবেক্ষণ করে এসেছি আমি, এর অধিকাংশ বিদেশি বন্ধুদের সঙ্গে নিষ্ফল আশা পোষণ করেছি যে গণতান্ত্রিক অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে প্রকৃত গণতন্ত্রকে স্থিতিশীল করে তোলা প্রতিষ্ঠান ও অভ্যাস গড়ে উঠবে—অন্য কথায়, গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক সংস্কৃতি নিজেকে পরিচ্ছন্ন ও সংস্কার করবে। কিন্তু তা হয়নি। রাজনৈতিক সংস্কৃতির বিবরণ দান বা কেন এর পরিবর্তন ঘটেনি, সে কারণ ব্যাখ্যা আমার প্রকাশের ক্ষমতার অতীত বলে মনে করি। মোদ্দা কথা হচ্ছে, ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে অবস্থানরত দুই দলেরই ক্ষমতার প্রতি অপ্রতিহত আকাঙ্ক্ষায় এটি বৈশিষ্ট্যায়িত, যা একটি সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো রূপদানকারী সব সাংস্কৃতিক সংস্কার ও আনুষ্ঠানিক বাধাকে ছাপিয়ে যায়। ক্ষমতায় ফিরে যাওয়া বা ক্ষমতা লাভের স্বার্থে সহিংসতা, দুর্নীতি, প্রতারণা, মিথ্যাচার—এর কোনোটাই বাদ থাকে না। রাজনৈতিক পরিভাষায় বাংলাদেশ ১৯৯১ সালের নির্বাচনের পর থেকেই একই চক্রে ঘুরপাক খাচ্ছে।এবং দুর্ভাগ্যক্রমে এই চক্র ক্রমে সংকীর্ণ হয়ে নিম্নগামী হয়েছে। ২০০৭ সালের গোড়ার দিকে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন সরকারের কারচুপির ইচ্ছা এতটাই স্পষ্ট হয়ে গিয়েছিল যে গণসহিংসতা ও প্রচুর রক্তপাত প্রায় নিশ্চিত হয়ে উঠলে তা সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়। কিন্তু এমনি আশঙ্কা সরকারকে তার পরিকল্পনা থেকে বিরত রাখতে পারেনি। ১৭ বছরের নিষ্ক্রিয়তার পর সামরিক/আমলাতান্ত্রিক শাসনের দুই বছর মেয়াদে রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে জীবন ও সম্পদ বাঁচাতে সেনাবাহিনী আবার হস্তক্ষেপ করে। প্রতিশ্রুতি মোতাবেক সময়সূচিতে স্থির থাকে এই সরকার। কিন্তু শুধু ওই দুই বছর নয়, বোধ করি পরবর্তী ২০ বছরেও তাদের পক্ষে কোনো সংস্কার ছিল ক্ষমতার অতীত। এখন বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তরের দুই বছর পর রাজনৈতিক বৃত্ত আরও বড় হয়েছে, কিন্তু সেগুলোর গন্তব্য কোনোভাবেই ভালো কিছু নয়। বড়জোর এটুকু বলা যেতে পারে, প্রায় ২০ বছর আগে যেখান থেকে শুরু করেছিল বাংলাদেশ, আবার সেখানেই ফিরে গেছে।আমি অবশ্য বিশ্বাস করি, ভবিষ্যতে বাংলাদেশের সফল হওয়ার সুযোগ রয়েছে। কারণ, রাজনৈতিকভাবে ঘূর্ণিপাকে ঘুরপাক খেলেও দেশটি অর্থনৈতিক ও সামাজিক গন্তব্য স্থির করেছে, যা শক্তিশালী ও অধিকতর গণতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি নির্মাণ করবে। এখানে গোপন কিছু নেই যে প্রাথমিকভাবে বিভিন্ন এনজিওর কঠোর পরিশ্রমের সুবাদে বাংলাদেশ সম্ভবত তৃতীয় বিশ্বের অন্যান্য দেশ এবং নিশ্চিতভাবেই দক্ষিণ এশীয় অন্যান্য দেশের তুলনায় সামগ্রিক মানবিক উন্নয়নে অনেক বেশি সাফল্য অর্জন করেছে।শিক্ষা, লিঙ্গসমতা ও সাক্ষরতার ক্ষেত্রে অর্জিত সাফল্যের জন্য বাংলাদেশের গর্ব করার যথার্থ অধিকার আছে। বিভিন্ন এনজিওর উদ্ভাবনী কর্মসূচির কল্যাণে বাংলাদেশে ক্ষুদ্রঋণ সংগঠিত হয়েছে ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বর্তমানে ব্র্যাক সামাজিক উন্নয়নের প্রায় সর্বক্ষেত্রেই কাজ করছে এবং পাকিস্তান, আফগানিস্তান, পূর্ব ও পশ্চিম আফ্রিকার মতো দূরপ্রান্তে এর কর্মকাণ্ড বিস্তৃত করেছে। এমনি আরও শতাধিক এনজিও রয়েছে।স্বনির্ভরতা ও স্বয়ংসম্পূর্ণতার এই স্পৃহাই আমাকে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে আস্থাবান হতে অনুপ্রাণিত করে। গত তিন দশকের প্রতিটির সময়ই বেসরকারি খাত ক্রমান্বয়ে অধিকতর আস্থা লাভ করার সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। সম্পূর্ণ বেসরকারি খাত থেকেই এই প্রাপ্তি এসেছে, যদিও আমি একদল নীতিনির্ধারকের কৃতিত্ব দেব, যাঁরা ভালো মনে করে স্রেফ নাক গলানো থেকে বিরত ছিলেন। তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি ও নতুন নতুন পণ্য বাজারে আসায় কেবল অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য তহবিলই লাভবান হয়নি, বরং এসব শিল্পকারখানা লাখ লাখ নারীর কর্মসংস্থান করেছে, পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিতে পরিণত হয়েছে তারা। শেষ পর্যন্ত নারীশিক্ষা ও সাক্ষরতার পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও আয়ের ক্ষেত্রে ব্যাপক সাফল্য তৃতীয় বিশ্বে এবং নিশ্চিতভাবেই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে আলাদা বিশেষত্ব দিয়েছে। নিশ্চিতভাবেই ক্ষমতায়িত নারীরা এর সমৃদ্ধ ভবিষ্যতের চাবিকাঠি।শিক্ষিত, অক্ষরজ্ঞানসম্পন্ন, স্বাস্থ্যবান, উচ্চাকাঙ্ক্ষী ও উদ্যমী নারী-পুরুষের মানবিক এই কাঠামোই রাজনৈতিক অগ্রগতির আশা জোগায়, যা কোনো একদিন দেশের চলমান আর্থসামাজিক প্রগতির সঙ্গে তাল মেলাবে। একসময় তারা নেতাদের কাছে উন্নত ও গণতান্ত্রিক শাসনের দাবি তুলবে। এটাই সেই ‘বাংলাদেশ অপশন’, দক্ষিণ এশীয়রা অনেক সময় ঈর্ষার সঙ্গে যার আলোচনা করে থাকে।ভাষান্তর: শওকত হোসেন উইলিয়াম বি. মাইলাম: বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত, জ্যেষ্ঠ গবেষক, উড্রো উইলসন সেন্টার, ওয়াশিংটন