তলে তলে তালসরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত সাড়ে ১১টার পর ফোনটা এসেছিল চট্টগ্রাম থেকে। ফোনের বক্তব্য ছিল এ রকম: র‌্যাবের গোয়েন্দাপ্রধান কর্নেল জিয়া চট্টগ্রামে এসেছেন।কে?জিয়া, কর্নেল জিয়া। তালসরা দরবারে র‌্যাব ডাকাতি করেছে, সেই ঘটনা জানতে।আরে, তাই না কি!এভাবেই পেয়েছিলাম চট্টগ্রামের আনোয়ারা থানার তালসরা দরবার থেকে র‌্যাব সদস্যদের দুই কোটি টাকা লুটের খবর।আমি রিপোর্টার, খবরের উৎস (সোর্স) বলতে পারব না। তবু জানাচ্ছি এই রিপোর্টের নেপথ্য কাহিনি।প্রাথমিকভাবে ঘটনা নিশ্চিত হতে হতেই রাত ১২টা বেজে গেল। এত রাতে কী করব বুঝে উঠতে পারছিলাম না। মতি ভাই (সম্পাদক মতিউর রহমান) দেশে নেই। ফোন করলাম প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত ভাইকে (লাজ্জাত এনাব মহছি)। তিনি বিষয়টি শুনেই বললেন, ‘বড় ঘটনা তো, কাল ভোরেই চট্টগ্রাম চলে যান।’ তাঁর কথায় উত্তেজনার ঝাঁজ। বললেন, ‘কেউ জানার আগেই আমরা এটা ছাপতে চাই।’ ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে। এর পর সবার বক্তব্য নিয়ে এত বড় ঘটনার প্রতিবেদন কী করে এক দিনে শেষ করব—এসব নিয়ে চিন্তায় পড়ে গেলাম। লাজ্জাত ভাই আবার ফোন করলেন, ‘আপনি বিমানে করে যান, কাজ শেষ করে আবার বিমানে আসবেন।’বিমানে যাব! টিকিট কাটা নেই। ভাবলাম, খুব সকালে বিমানবন্দরে গিয়ে যেকোনো একটি ফ্লাইটে উঠে পড়ব। কিন্তু পকেটে নেই টাকা। স্ত্রীর কাছে পেলাম পাঁচ হাজার। এতে হবে না। ভাবলাম, টাকা কোনো ব্যাপার নয়। ক্রেডিট কার্ড আছে। ঘষা দিলেই টাকা। যা ভাবা, সে-ই কাজ। গৃহকর্মী বেলালকে সঙ্গে নিয়ে রাতেই ছুটলাম ইস্কাটনে ডাচ্-বাংলা ব্যাংকের বুথে। মেশিনে কার্ড দিলাম। কোনো সাড়া-শব্দ নেই। অনেকক্ষণ অপেক্ষা। কার্ডও আসে না টাকাও আসে না। বুথের ভেতরে থাকা ফোনে জরুরি নম্বরে ফোন করতেই ওপার থেকে একজন বললেন, ‘কার্ডটি মেশিনে আটকে গেছে। তিন কার্যদিবস পর ব্যাংকে যোগাযোগ করবেন।’ মেজাজ খারাপ হয়ে গেল।ফোন করলাম অনলাইন বিভাগের বার্তা সম্পাদক সেলিম খানকে। তিনি সব শুনে বললেন, ‘অফিসে আসেন সব ব্যবস্থা হবে।’ রাত একটায় অনলাইন বিভাগের সবার ব্যাগ হাতড়ে মিলল বিমানে করে চট্টগ্রাম যাওয়ার ভাড়া।বিমানবন্দরে পৌঁছে দেখি সকালে চট্টগ্রামের তিনটি ফ্লাইট আছে। তবে কোনো সিট নেই। রিজেন্ট এয়ারের একজন কর্মী জানালেন, একটি সিট তিনি দিতে পারবেন। গুনতে হবে পাঁচ হাজার ৮০০ টাকা। বুঝলাম সাড়ে চার হাজার টাকার টিকিটের দাম সুযোগমতো বেড়ে গেল। কিন্তু কিছুই করার নেই। অগত্যা রাজি হতে হলো। সকাল সাতটা ২০ মিনিটের ফ্লাইট চট্টগ্রামে পৌঁছাল আটটা ১০ মিনিটে। সেখানে নতুন বিপত্তি। হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। বিমানবন্দর থেকে আর বের হতে পারছি না। একজনের কাছে জানতে চাইলাম, ‘আনোয়ারা থানার তালসরা দরবারে যাব কী করে?’ তিনি বললেন, ‘তিন ঘণ্টার পথ। কর্ণফুলী সেতু ঘুরে যেতে হবে।’ পাশে দাঁড়ানো আরেকজন সহজ রাস্তা বাতলে দিলেন, ‘১৫ নম্বর ঘাট দিয়ে কর্ণফুলী পার হয়ে সিএফএল হয়ে চলে যান।’ ১০ ট্রাক অস্ত্রের জন্য সিএফএল জেটি বহুল পরিচিত। ওপারেই আনোয়ারা থানার শুরু। কর্ণফুলী পার হওয়ার জন্য উঠলাম ছোট একটি নৌকায়। যাত্রী আমিসহ ১৫ জন। প্রচণ্ড বাতাস। তারপর কর্ণফুলীর ঢেউ। নৌকা আর তীরে ভেড়ে না। ভয়ে আত্মা শুকিয়ে আসছে। আমার দশা দেখে একজন অভয় দিয়ে বললেন, ‘বদ্দা সাম্পান ন ডুবে।’এত সকালে আনোয়ারা থানায় কেউ নেই। থানার পাশে পুকুর। উদোম গায়ে একজন দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছেন। দায়িত্বরত নিরাপত্তাকর্মীর কাছে আমার উদ্দেশ্য জানতেই তিনি সেই উদোম গায়ের লোকটিকে ইশারায় দেখিয়ে দিয়ে বললেন, ‘পুলিশ সাহেবের সঙ্গে কথা বলেন।’পুলিশ সাহেব প্রথম প্রশ্ন করলেন, ‘বাড়ি কোথায়?’ বাড়ির ঠিকানা শুনে খুশি হয়ে বললেন, ‘উত্তরাঞ্চলের লোকজন একটু বোকা বোকা হয়।’ তবে ঠিকানা জেনে খুশি হলেও আমার কাজের কথা শুনে তিনি প্রচণ্ড ধাক্কা খেলেন। মুখের ব্রাশ আর নড়ে না। যেন পাথরের মূর্তি। তীক্ষ দৃষ্টিতে আমার পা থেকে মাথা পর্যন্ত দুবার দেখে নিলেন।আমি কিছু প্রশ্ন ছুড়ে দিতেই মনে হলো পুলিশ সাহেব সবকিছু জানেন। কিন্তু বলতে ভয় পাচ্ছেন। একপর্যায়ে আমাকে থানার ভেতরে বসতে বলে পুকুরে ডুব দিলেন। ফিরে এলেন ২০-২৫ মিনিট পরে। সঙ্গে আমার জন্য পরোটা, আলু ভাজি, ডিম আর মিষ্টি। একটু পরেই এল গরুর দুধের ধূমায়িত চা। সেসবের সদ্ব্যবহারের সঙ্গে চলল গল্পগুজব। একপর্যায়ে তিনি সব ঘটনা বললেন। জানালেন এসব নিয়ে থানায় একাধিক জিডিও হয়েছে। উত্তেজনায় আমি কাঁপছি। যে করে হোক থানার সেসব জিডির ফটোকপি নিতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা দুদিন ছুটিতে। যিনি দায়িত্বে ছিলেন, তিনি তখনো আসেননি। থানায় লোকজনও কম। পুলিশ সাহেবকে খানিকটা অনুনয়-বিনয় করায় তিনি রাজি হয়ে গেলেন। একজন পুলিশ কনস্টেবলকে ডেকে জিডি বইয়ের একটি পাতা ফটোকপি করতে বললেন। হাঁফ ছেড়ে বাঁচলাম।আনোয়ারা থানা থেকে তালসরা দরবার ৩০-৩২ কিলোমিটার। কী করে যাওয়া যাবে বুঝে নিয়ে ছুটলাম। কিন্তু দরবারে পৌঁছার পর ভেতরে প্রবেশের অনুমতি মেলে না। ওই ঘটনার পর সবার মনে আতঙ্ক। আমাকে কেউ বিশ্বাস করতে পারছেন না। অবশেষে একপর্যায়ে ভেতরে প্রবেশের অনুমতি মিলল। সবার সঙ্গে কথা বলে জানা গেল সেদিনের ঘটনা। সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে ঢাকায় ফিরতে ফিরতে বিকেল গড়িয়ে গেল।বিমানবন্দরে নেমেই ফোন করলাম র‌্যাবের আইন ও জনসংযোগ বিভাগের প্রধান কমান্ডার এম সোহায়েলকে। তিনি কোনো কিছু না শুনেই অফিসে আসতে বললেন। তাঁর কাছে ঘটনা বলতেই তিনি চুপ হয়ে গেলেন। আমার দরকার র‌্যাবের পক্ষ থেকে এ ঘটনার ব্যাপারে একটি বক্তব্য। কিন্তু কেউ কিছু বলতে চান না। একপর্যায়ে মহাপরিচালক সব পরিচালককে নিয়ে বৈঠকে বসলেন। আমাকে কী বক্তব্য দেওয়া হবে তা ঠিক করা হলো। এরপর র‌্যাবের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হলো আমাকে। পরের দিন ছাপা হলো, সেই আলোচিত প্রতিবেদন: ‘চট্টগ্রামের দরবার থেকে দুই কোটি টাকা লুট’। খবর ছাপা হওয়ার পর তো তুলকালাম কাণ্ড। ফোন আসছে ঘন ঘন। একটি সংস্থা থেকে ফোন করে আমাকে ভয় দেখানো হলো, সঙ্গে দেখে নেওয়ার হুমকিও।প্রায় দুই যুগের সাংবাদিকতা জীবনে এ রকম হুমকি নতুন নয়। এ ঘটনা ফোনে একজনকে বলার সময় পাশে থাকা আমার স্ত্রী শুনে ফেললেন। তিনি বেশ ঘাবড়ে গেলেন। আমি তাঁকে অভয় দিয়ে বললাম, ‘এটা কোনো ব্যাপারই না।’ তবে সত্যি বলতে কি, আমি নিজেও সেদিন কিছুটা শঙ্কিত হয়ে পড়েছিলাম। যদিও জানি, দুনিয়াজুড়ে এ ধরনের হুমকি-বিপদ সাংবাদিকদের নিত্যসঙ্গী।