তলোয়ারবাজি
সিনেমায় এমন দৃশ্য প্রায়ই দেখা যায়—নায়ক আর খলনায়ক দুজনই নাঙা তলোয়ার হাতে প্রাণপণে লড়ছেন। এর পরিশীলিত সংস্করণটি দেখা যায় অলিম্পিকে, আপাদমস্তক সাদা আবরণে মোড়া দুজন খেলোয়াড় অনেকটা নাচতে নাচতে একজন আরেকজনের দেহে তলোয়ারের আগাটা ছোঁয়াতে চাইছেন। এ খেলা দেখতে দেখতে ক্রীড়ামোদীরা খেলোয়াড়দের পারদর্শিতা আর খেলার উত্তেজনায় আন্দোলিত হয়ে পড়েন। খেলাটার নাম ফেন্সিং।ফেন্সিংয়ের সঙ্গে আমাদের পরিচয় এই তো সেদিন। অথচ সারা বিশ্বে ফেন্সিং নিয়ে মাতামাতির শেষ নেই। প্রায় হাজার বছর ধরে নানান রূপে চলে আসছে এই খেলা। ১৮৯৬ সাল অর্থাৎ অলিম্পিকের প্রথম আয়োজন থেকে আজ অবধি যে চারটি খেলা প্রতিটি আসরেই স্থান পেয়েছে, তার মধ্যে একটি হলো ফেন্সিং। বাংলায় বললে বলতে হয় তলোয়ারবাজি।বাংলাদেশে খেলাটা শুরু হয়েছে ২০০৮ সালে। অভিজাত এই খেলার প্রতি সাধারণ মানুষের আগ্রহও একেবারে কম নয়। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল-বিকেল চলে ফেন্সিংয়ের প্রশিক্ষণ। এখানে নিয়মিত ফেন্সিংয়ের প্রশিক্ষণ নিতে আসেন ঢাকার ছেলে জিদান। জানালেন, তাঁর বহু দিনের আগ্রহ এই খেলাটা নিয়ে। তাই যখন জানতে পারলেন, ঢাকায় বসেই এ খেলা শেখা যাচ্ছে, তখন নিজের গরজে নাম লিখিয়েছেন এখানে। বললেন, ‘ইচ্ছা আছে খেলাটা চালিয়ে যাওয়ার। অন্তত অলিম্পিক পর্যন্ত যেতে চাই।’বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়েক আহম্মেদ প্রথম প্রথম খেলতে এসে অবশ্য তেমন একটা মজা পেতেন না। অথচ এখন ফেন্সিংয়ের নেশা এমনভাবে চেপে ধরেছে যে বিদেশ পর্যন্ত যেতে চাইছেন ফেন্সিং শিখতে। দেখা গেল, মেয়েরাও এ খেলায় কম আগ্রহী নয়। উচ্চমাধ্যমিকের ছাত্রী তারানা আর অর্চি পড়াশোনার ফাঁকে ফাঁকে শিখছেন ফেন্সিং। তাঁদেরও আশা আছে ভালো খেলে নাম করার। স্বপ্ন দেখেন অলিম্পিকে অংশ নিয়ে দেশের জন্য একটা পদক হলেও জিতে আনার। তাঁদের গুরু এসেছেন ভারত থেকে। তাঁর নাম রাকেশ কুমার। খুব অল্প সময়ের মধ্যেই বুঝিয়ে দিলেন, ফেন্সিং কী করে খেলতে হয় এবং এর নিয়ম-কানুনগুলো কী।এ খেলায় একজন আরেকজনকে শরীরের নির্দিষ্ট অংশের ভেতর আঘাত করতে চেষ্টা করেন। যে আগে প্রতিপক্ষের গায়ে তলোয়ার ছোঁয়াতে পারেন, তিনিই পয়েন্ট পান। তিন ধরনের তলোয়ার আছে ফেন্সিংয়ের জন্য—ইপি, স্যাবার ও ফয়েল। খেলাভেদে এই তিন ধরনের তলোয়ার ব্যবহার করা হয়। বলাই বাহুল্য, এসব তলোয়ার আসলে নামেই তলোয়ার, বাস্তবে এগুলো আসলে ভোঁতা ও সরু লোহার ফালি ছাড়া আর কিছুই নয়। আর তলোয়ারের আগায় পরানো থাকে ধাতুর ভোঁতা টুপি। তাই কাটাকুটি কিংবা খোঁচা লাগার কোনো সম্ভাবনা থাকে না। তার পরও খেলার সময় খেলোয়াড়দের নিরাপত্তার জন্য পুরু জ্যাকেট, হেলমেট ও হাতমোজা পরে নিতে হয়। তাই মা-বাবারা মোটেই ঘাবড়াবেন না। কারণ এ খেলায় আপনার আদরের সন্তানের গায়ে আঁচড়টুকুও লাগার সম্ভাবনা নেই।রাকেশ কুমার বললেন, ফেন্সিং যে শুধু একটা অভিজাত খেলা তা-ই নয়, এতে করে শরীর ও মন দুটোই অত্যন্ত সক্রিয় থাকে। ফেন্সিং খেললে শরীরে রিফ্লেক্স অ্যাকশন অনেক বেড়ে যায়। আমাদের দেশের খেলোয়াড়দের এ খেলায় ভালো করার সম্ভাবনা কেমন জানতে চাইলে তিনি বললেন, ‘আমার ছাত্রছাত্রীদের প্রতিভার কোনো অভাব নেই। অলিম্পিকে অংশ নিয়ে ভালো করার মতো মেধা তাদের মধ্যে আছে। এখন শুধু দরকার নিয়মিত অনুশীলন।’বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা মেজর (অব.) কামরুল ইসলামও আশাবাদী এ দেশের খেলোয়াড়দের নিয়ে। তাঁর ভাষায়, ‘অলিম্পিকে আমাদের দেশের পদক জেতার সম্ভাবনা বাড়াবে ফেন্সিং। আমাদের ছেলেমেয়েদের মধ্যে সেই মেধা আছে। তবে এ জন্য তাদের সময় দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। এ ক্ষেত্রে আমাদের, মানে ফেন্সিং অ্যাসোসিয়েশনের আন্তরিকতার কোনো কমতি নেই। আমরা ছেলেমেয়েদের বিনা মূল্যে সব উপকরণ দিচ্ছি। প্রশিক্ষণের ব্যয়ভার বহন করছি। এ ছাড়া এখন খেলোয়াড়দের বেছে বেছে বিভিন্ন দেশে টুর্নামেন্টের জন্যও পাঠাচ্ছি। যারা আগ্রহী, তাদের আগামীতে ফেন্সিং শেখার সুযোগও আমরা করে দেব। তবে এত কাজ আমাদের একার পক্ষে করা সম্ভব নয়। সে জন্য সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা দরকার। না হলে এত আয়োজন মাঝপথেই মুখ থুবড়ে পড়ে যাবে।’ খেলায় আভিজাত্যের কথা ধরা হলে ফেন্সিং অবশ্যই একটি সুপ্রাচীন ও অভিজাত খেলা। কেবল পদক জেতার জন্য নয়, শারীরিক আর মানসিক দৃঢ়তা বাড়াতে ফেন্সিং শেখা যেতে পারে।