তল্লাশি আইন মানে না র‌্যাব পুলিশ, সুযোগ নেয় দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুধু পোশাকধারী সদস্যই রাস্তায় যানবাহন থামিয়ে তল্লাশি চালাতে পারেন। কাউকে গ্রেপ্তার বা তল্লাশির সময় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে নিজের পরিচয় প্রকাশ করবেন পুলিশ সদস্য। আইনে এমনটি থাকলেও তা মানা হচ্ছে না। আর এর সুযোগ নিয়ে ‘সাদা পোশাকে’ র‌্যাব, ডিবি বা পুলিশ পরিচয়ে ঢাকাসহ বিভিন্ন বড় শহরে প্রতারণা ও ছিনতাই চালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত তিন মাসে এমন অন্তত ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকটি ঘটনায় সরকারি কোনো না কোনো বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের সংশ্লিষ্টতাও পাওয়া গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বললেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অহরহ ‘সাদা পোশাক’ ব্যবহার করেন বলে পুলিশ পরিচয় দানকারী প্রতারকদের চিহ্নিত করতে পারছে না মানুষ। পুলিশ সদস্যরা আইন মেনে তল্লাশি বা চৌকি বসান না বলে সাধারণ মানুষ রাস্তায় পুলিশ ও পুলিশ পরিচয়ের প্রতারকদের মধ্যে পার্থক্য করতে পারছে না। এই দুর্বলতারই সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা।তবে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডার সোহায়েল প্রথম আলোকে বলেন, সাদা পোশাকে র‌্যাব কোনো অভিযান বা তল্লাশি পরিচালনা করে না। শুধু নজরদারির ক্ষেত্রে সাদা পোশাকে সদস্যরা কাজ করেন। আর পোশাকধারী কোনো সদস্যকে তল্লাশির সময় সন্দেহ করা হলে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে তাঁর পরিচয়পত্র দেখান।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) ওয়ালিদ হোসেন জানান, সাদা পোশাকে পুলিশ যখন কাউকে চ্যালেঞ্জ করে, তখন সেই পুলিশ সদস্য নিজের পরিচয় সম্বন্ধে ব্যক্তিকে আশ্বস্ত করেন। প্রয়োজনে পরিচয়পত্র দেখান।ঘটনা ঘটেই চলেছে: ডিবির উপকমিশনার মনিরুল জানান, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে, যেসব ব্যবসায় বেআইনি বিষয় জড়িত থাকে, সেসব ব্যবসায়ীই মূলত পুলিশ ও র‌্যাবের নাম ব্যবহারকারী দুর্বৃত্তদের লক্ষ্য। মুদ্রা ব্যবসায়ী, হুন্ডি ব্যবসায়ী, অনেক সময় অবৈধ স্বর্ণ ব্যবসায়ীরা এদের শিকার হন।একইভাবে ছিনতাইয়ে ধরা পড়ার ঝুঁকি কম বলে অপরাধীরা পুলিশ, র‌্যাব বা ডিবি পরিচয়ে ছিনতাইয়ে উৎসাহী হচ্ছে। বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া এসব প্রতারকের কাছ থেকে উদ্ধার হয়েছে র‌্যাবের জ্যাকেট, কালো গাড়ি, হাতকড়া, ওয়াকিটকিসহ মানুষকে ধোঁকা দেওয়ার মতো বেশ কিছু উপকরণ। ব্যস্ত বাণিজ্যিক এলাকায়ই এ ধরনের চক্রের আনাগোনা বেশি। মতিঝিলের অনেক মুদ্রা ও হুন্ডি ব্যবসায়ী এদের খপ্পরে পড়েছেন। ডিবি পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে প্রচুর। ঢাকার বাইরে পুলিশ বা ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনাও ঘটছে।এ রকমই প্রতারক গোয়েন্দা পুলিশের (ডিবি) খপ্পরে পড়ে মোটরসাইকেল খুইয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহাবুবুর রহমান। গত ৫ আগস্ট সকাল ছয়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোটরসাইকেলে মিরপুরের বাসায় ফিরছিলেন তিনি। র‌্যাডিসন হোটেলের সামনে যান তল্লাশির ভঙ্গিতে সাদা পোশাকের এক ব্যক্তি লাঠি হাতে তাঁকে থামার সংকেত দেন। পাশে একটি সাদা মাইক্রোবাস এবং আরও কয়েকজন দাঁড়িয়ে। মাহাবুবুর রহমান থামলে লোকটি তাঁকে জানালেন, তাঁরা গোয়েন্দা পুলিশের সদস্য। তল্লাশি করা হচ্ছে। এরপর তাঁকে মোটরসাইকেল থেকে নামতে বলা হয়। রাস্তায় দাঁড় করিয়ে তাঁর মোটরসাইকেলের কাগজপত্র ও লাইসেন্স দেখতে চাওয়া হয়, তাঁর পকেট তল্লাশি করা হয়। এর মধ্যেই দুজন তাঁকে ধরে ফেলেন এবং আরেকজন তাঁর দেড় লাখ টাকার নতুন হিরো হোন্ডা হাঙ্ক মোটরসাইকেলটি চালিয়ে উল্টো পথে উত্তরার দিকে চলে যান। বাকি দুজন তাঁকে বলেন, ‘দৌড়া, নাইলে গুলি করুম।’ এরপর মাহাবুব দৌড় দিলে পাশে রাখা সাদা মাইক্রোবাসে করে তাঁরা পালিয়ে যান। ওই ছিনতাইকারী চক্রকে পরে গ্রেপ্তার করে মিরপুর থানার পুলিশ।তবে মতিঝিল এলাকায় কৌশলটা একটু ভিন্ন। কেউ একজন ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার কিছুক্ষণ পরই তাঁকে আটকায় র‌্যাব পরিচয়ে একটি দল। কালো পোশাক, সানগ্লাস, কোমরে ঝুলছে পিস্তল ও হাতকড়া, হাতে ওয়াকিটকি। ওই ব্যক্তিকে ‘গ্রেপ্তার’ করে নিরুদ্দেশ হয়ে যায় র‌্যাবের দলটি। এরপর সব ছিনিয়ে নিয়ে লোকটিকে ফেলে দেওয়া হয় রাস্তার পাশে।সাদা পোশাকে পুলিশ, না প্রতারক: মতিঝিলের কয়েকজন ব্যবসায়ী জানান, প্রায়ই দেখা যায়, মাইক্রোবাসে বা পুলিশ ভ্যানে সাধারণ পোশাকে হাতে শটগান বা লাঠি নিয়ে ঘুরছেন পুলিশ সদস্যরা। দেশের প্রচলিত সংস্কৃতিতে পুলিশ যখন কাউকে আটক করে বা ধরে নিয়ে যায়, তখন সেই ব্যক্তির পুলিশের পরিচয়পত্র দেখতে চাওয়াকে রীতিমতো ধৃষ্টতা ভাবা হয়। পরিস্থিতি এমন হয় যে সত্যিকারের পুলিশ বা র‌্যাব আরও খেপে গিয়ে উল্টো কিছু করে বসতে পারে। মতিঝিল, খিলগাঁও ও মিরপুর এলাকার কয়েকজন ব্যবসায়ী আসল-নকল র‌্যাব-পুলিশ নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানান। নাম প্রকাশ না করার শর্তে মতিঝিলের একজন মুদ্রা ব্যবসায়ী বলেন, ‘যুদি নকল ডিবি ধরে, তাইলে লগে যা আছে সব লইয়া যাইব গা। আর যদি আসল ডিবির পরিচয় চাইয়া ব্যাদ্দবি কইরা বই, তাইলে তো ব্যবসাই উডায়া দিতে অইব।’ব্যবসায়ীদের দাবি, অন্তত বাণিজ্যিক এলাকাগুলোয় যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোশাক পরিহিত অবস্থায় কর্তব্য পালন করেন।কর্মকর্তাদের নির্দেশনা: গত জুন ও আগস্ট মাসে দুটি চক্রের ১১ জনকে গ্রেপ্তার করেন র‌্যাব-৩-এর সদস্যরা। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় কালো রঙের মাইক্রোবাস, র‌্যাব লেখা জ্যাকেট, হাতকড়া, ওয়াকিটকি, কালো পোশাক, পিস্তলসহ বিভিন্ন উপকরণ। এ দুই অভিযান পরিচালনাকারী কর্মকর্তা র‌্যাবের মেজর রেদওয়ানুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি যতগুলো চক্র এ পর্যন্ত দেখেছি, তাদের কারোরই পরিচয়পত্র পাইনি। অর্থাৎ ওদের পরিচয়পত্র থাকে না। ওয়াকিটকি আর হ্যান্ডকাফ দেখিয়েই এরা মানুষকে কাবু করে। প্রয়োজনে অস্ত্রও দেখায়। অনেক সময় এরা কালো জামাকাপড় পরে থাকলেও র‌্যাবের মতো জামার কোথাও র‌্যাব লেখা থাকে না। কাঁধে কারোরই র‌্যাংক ব্যাজ থাকে না। সাধারণ মানুষ এই বিষয়গুলোতে সচেতন হতে পারে।’ তিনি আরও বলেন, আসল র‌্যাব-পুলিশ চেনার উপায় হিসেবে পরিচয়পত্র দেখতে চাওয়া যেতে পারে।ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত যতগুলো এ ধরনের প্রতারক দল ধরা পড়েছে, সেগুলোতে সরকারি কোনো না কোনো বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে এঁদের কারও কাছে কোনো পরিচয়পত্র থাকে না।পরিচয়পত্র প্রদর্শনে বাধ্য পুলিশ: পুলিশের সাবেক মহাপরিদর্শক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান বলেন, কোনো পুলিশ কর্মকর্তা বা সদস্য যদি কাউকে সন্দেহের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ অথবা তল্লাশি করতে চান, তবে অবশ্যই তাঁকে (পুলিশকে) নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে হবে। কী কারণে তল্লাশি বা গ্রেপ্তার করা হচ্ছে, সেই কারণ অভিযুক্তকে জানাতে হবে। এ ক্ষেত্রে কোনো রকম ক্ষমতার অপব্যবহার করলে এর জন্য সেই কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে।দীর্ঘদিন ধরে মাঠ পুলিশে কাজ করছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি পুলিশের পরিচয় জানার অধিকার রাখে। সে ক্ষেত্রে পুলিশ পরিচয়পত্র দেখাতে বাধ্য। আর কাউকে গ্রেপ্তার করতে গেলেও অবশ্যই গ্রেপ্তারের কাগজ ও তাঁর পরিচয়পত্র দেখাতে হবে।রেজাউল করিম বলেন, যদি পুলিশ কাউকে তল্লাশি করতে চায়, তবে তা জনগণের সামনেই করতে হবে। তার কাছে অবৈধ জিনিস পাওয়া গেলে যদি তাকে গ্রেপ্তার করা হয়, সেই প্রক্রিয়াটিও হতে হবে স্বচ্ছ।ফৌজদারি কার্যবিধির ১০৩ ধারায় বলা হয়েছে, ব্যক্তির দেহ অথবা বাড়ি তল্লাশির সময় সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালাতে হবে। বাস্তবে পুলিশ নিজেদের মতো তল্লাশি করে সাক্ষী হিসেবে কয়েকজনের সই নিয়ে নেয়। আর ব্যক্তি নারী হলে নারী পুলিশ তল্লাশি করবে।পুলিশ প্রবিধানের ২৮০(ঞ) ধারায় বলা হয়েছে, তল্লাশি এমনভাবে চালাতে হবে, যাতে সাক্ষীদের মনে সন্দেহ না জাগে যে কোনো লোক গোপনে কোনো অবৈধ দ্রব্য তল্লাশিস্থলে রেখে অভিযুক্তকে জড়ানোর চেষ্টা করছে। সাক্ষীকে তল্লাশিস্থল ঘুরেফিরে দেখার সুযোগ করে দিতে হবে।এ ধারাটির ভাষ্যে গাজী শামসুর রহমান তাঁর বইয়ে বলেছেন, তল্লাশি চালানোর সময় জনগণের মনে যেন ভীতির সঞ্চার না হয় এবং পুলিশের প্রতি আস্থা বজায় থাকে, সে বিষয়টি খেয়াল রাখতে হবে।তবে কর্মকর্তারা স্বীকার করেন, দেশে এখনো পুলিশের পরিচয় প্রকাশের চর্চাটি নেই। পুলিশের নাম শুনলেই অনেক মানুষ ভয় পেয়ে যায়। তাই পুলিশের পরিচয় নিয়ে সন্দেহের প্রশ্নটিও তারা প্রকাশ করতে চায় না। এই পরিস্থিতিরই সুযোগ নেয় দুর্বৃত্তরা।সাধারণ পোশাকে তল্লাশি চৌকি নয়: নোয়াখালী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট শহীদুল ইসলাম জানান, মোটরযান আইনের ১০১ ধারায় বলা আছে, সাদা পোশাকধারী কোনো পুলিশ কর্মকর্তা গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে পারবেন না। পুলিশের নির্ধারিত পোশাক পরিহিত এবং ন্যূনতম উপপরিদর্শক (এসআই) পদের কর্মকর্তারাই গাড়ি থামিয়ে তল্লাশি করতে পারেন। সাদা পোশাকের কেউ রাস্তায় গাড়ি থামাতে চাইলে চালক থামতে বাধ্য নন।