তসলিমার লেখা ছাপানোর জন্য কর্নাটকের দুটি পত্রিকা অফিসে হামলা
বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের একটি লেখা প্রকাশকে কেন্দ্র করে দাঙ্গা অব্যাহত রয়েছে ভারতের কর্নাটক প্রদেশে। এ পর্যন্ত এই দাঙ্গায় দুজন নিহত হয়েছে। দাঙ্গাকারীরা মঙ্গলবার রাতে কর্নাটকের দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলাকারীরা কান্নাড়া প্রভা নামে পত্রিকা অফিসটিতে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। কান্নাড়া প্রভা তসলিমা নাসরিনের লেখাটি প্রকাশ করেছিল বলে জানা গেছে। যদিও গতকাল তসলিমা নাসরিন বলেছেন, তিনি কখনোই কর্নাটকের কোনো পত্রিকায় লেখেননি। তাঁর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে তিনি দাবি করেন। কান্নাড়া প্রভাতে তাঁর একটি লেখার অনুবাদ প্রকাশ করা হয়েছিল। এদিকে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে একদল মুখোশধারী দুষ্কৃতকারী কান্নাড়া প্রভা অফিসে হামলা চালায়। তারা সেখানে পেট্রল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। কিন্তু ফায়ার ব্রিগেডের সদস্যরা দ্রুত আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। কান্নাড়া প্রভার পাশাপাশি একই এলাকায় অবস্থিত আরও একটি পত্রিকা অফিসেও হামলা চালায় দুষ্কৃতকারীরা। মঙ্গলবার পত্রিকায় তসলিমা নাসরিনের প্রকাশিত একটি লেখায় বিতর্কিত কিছু মন্তব্য থাকায় সারা কর্নাটকে সহিংসতা ছড়িয়ে পড়ে। ১৯৯৪ সালে একটি উপন্যাসের কারণে বাংলাদেশে বিতর্কিত হন তসলিমা নাসরিন। মৌলবাদীরা তসলিমা নাসরিনকে হত্যার হুমকি দিলে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। এ পর্যন্ত তিনি বাংলাদেশে ফিরতে পারেননি।