তহবিল সরানোর বিষয়টির নিষ্পত্তি হয় ’৯৮ সালেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক তহবিল সরানোর অভিযোগের প্রতিবাদ করে বলেছে, ১৯৯৮ সালেই বিষয়টির নিষ্পত্তি হয়ে গেছে। নরওয়ের পক্ষ থেকে সে সময় চিঠি দিয়ে বিষয়টি সুরাহা হওয়ায় সন্তোষও প্রকাশ করা হয়েছিল।গতকাল শুক্রবার এক প্রতিবাদপত্রে গ্রামীণ ব্যাংক আরও বলেছে, নরওয়ের টেলিভিশনে প্রচারিত প্রামাণ্য-চিত্রে এমন ধারণা দেওয়া হয়েছে যে তহবিল স্থানান্তরের বিষয়টি গোপন করা হয়েছে। অথচ বিষয়টি গোপন ছিল না, বরং ছিল ভিন্নমতের সৎ প্রতিফলন।গ্রামীণ ব্যাংকের মহাব্যবস্থাপক এম শাহজাহানের পাঠানো ওই প্রতিবাদে বলা হয়েছে, ‘আমরা এ জন্য দুঃখিত যে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও যথার্থ নয় এমন সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে দেখে অনেক বন্ধু ও শুভাকাঙ্ক্ষী মানসিক যন্ত্রণায় ভুগছেন। বিশ্বের বিভিন্ন পত্রিকায় অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে নিজের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ-সংক্রান্ত সংবাদ ছাপানো হয়েছে। এমনকি একটি সংবাদ সংস্থার খবরের শিরোনাম করা হয়, “স্ট্যাশিং অব হান্ড্রেড মিলিয়ন ডলার বাই নোবেল লরিয়েট প্রফেসর ইউনূস”।’গত ৩০ নভেম্বর নরওয়ের টেলিভিশনে প্রচারিত ফ্যাংগেট আই মাইক্রোজেল্ড শিরোনামে প্রামাণ্যচিত্রের ওপর ভিত্তি করে ওই সব সংবাদ প্রকাশ করা হয়েছে। ১ ডিসেম্বর বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমও এর ওপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করে।গ্রামীণ ব্যাংকের জ্যেষ্ঠ ওই কর্মকর্তার পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার বিজয়ী একটি ব্যাংক। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও গরিব মানুষকে দেওয়া সেবা নিয়ে আমরা গর্ব করি। আমরা সব পাঠককে নিশ্চিত করতে চাই, এসব সংবাদ প্রতিবেদন সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। ১৯৯৮ সালের ৮ জানুয়ারি অধ্যাপক ইউনূসের লেখা চিঠির মাধ্যমে আমাদের পটভূমির সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি ওই চিঠিও প্রকাশ করা হয়। ওই চিঠি ও সংবাদটি পড়লে যেকোনো পাঠকই বুঝতে পারবেন, সাম্প্রতিক এসব সংবাদ প্রতিবেদন কতটা ভিত্তিহীন। ‘গ্রামীণ ব্যাংকের সঙ্গে গ্রামীণ কল্যাণ নামের প্রতিষ্ঠানের চুক্তি করার ক্ষেত্রে কোনো অনিয়ম বা ভুল নেই। দরিদ্রদের কল্যাণের উদ্দেশ্যে সৎ উদ্দেশ্য ও বিশ্বাস নিয়ে যথাযথ পরামর্শ গ্রহণের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ এই চুক্তি করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়। দাতাদের বরাদ্দ করা অর্থ ঋণগ্রহীতাদের জন্য সম্ভাব্য সুবিধাজনক উপায়ে ব্যবহারের কথা বিবেচনা করে ব্যাংকের পরিচালনা পর্ষদ এই পদক্ষেপ নেয়। এ ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনার জন্য গ্রামীণ ব্যাংককে দায়বদ্ধ রাখা হয়।‘গ্রামীণ ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণের তৃতীয় পর্যায়ে নোরাড ও অন্যান্য দাতা সংস্থার কাছ থেকে ব্যাংক যে অর্থ বরাদ্দ পায়, তা ব্যবহারের ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে শর্ত ছিল বরাদ্দ করা অর্থের সুদের হার দুই শতাংশে নির্দিষ্ট করা থাকবে এবং এই সুদের অর্থ গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা ও কর্মীদের সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড (এসএএফ) বা সামাজিক বিকাশ তহবিল গঠনে ব্যবহার করা হবে। এসএএফ গঠনের প্রস্তাবটি ছিল আমাদের এবং দাতারা সাগ্রহে এতে রাজি হয়।‘গ্রামীণ ব্যাংক মনে করেছে, এসএএফের ব্যবহার গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ রাখলে এবং এর ব্যবস্থাপনা ব্যাংকের হাতে থাকলে এই তহবিলের যথাযথ ব্যবহার সম্ভব হবে না। গ্রামীণ ব্যাংকের মূল কার্যক্রম, ঋণ প্রদান কর্মসূচি সব সময়ই অগ্রাধিকার পেয়েছে। গ্রামীণ ব্যাংকের পক্ষে এর সদস্য ও কর্মীদের জন্য কল্যাণমূলক কর্মসূচি সৃষ্টি করার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগ দেওয়া সম্ভব না-ও হতে পারে।‘আরও উল্লেখ করার বিষয় হলো, গ্রামীণের “কর অব্যাহতি”সুবিধা পাওয়ার সময়সীমা ১৯৯৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়। ওই সময় তৎকালীন সরকার গ্রামীণ ব্যাংকের জন্য “করের আওতামুক্ত থাকার” সুবিধার মেয়াদ আরও বাড়াবে কি না তা অনিশ্চিত ছিল। সরকার যদি এই সময়সীমা না বাড়াত, তাহলে ওই তহবিলের জন্য যে ব্যয় হতো, তা গ্রামীণ ব্যাংকের খরচ হিসেবে বিবেচনা করা হতো না। এতে এসএএফের বিপরীতে ৪০ শতাংশ কর দিতে হতো, যার পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংককে দাতাদের বরাদ্দ করা অর্থের বিপরীতে দুই শতাংশ হারে সুদ দেওয়া বন্ধ করতে হতো বা এই হার কমিয়ে দিতে হতো। অধ্যাপক ইউনূস ১৯৯৮ সালের ৮ জানুয়ারি লেখা চিঠিতে বিষয়গুলো ব্যাখ্যা করেন। এ পরিস্থিতিতে একটি নতুন সংস্থা গঠন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে সুদ হিসেবে পাওয়া ওই অর্থ ব্যবহারের জন্য গ্রামীণ কল্যাণ নামের প্রতিষ্ঠান চালু করা হয়।‘গ্রামীণ ব্যাংক বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী (বোর্ড সিদ্ধান্ত ৪২.৮, এপ্রিল ২৫, ১৯৯৬) ১৯৯৬ সালে গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠা করা হয়। গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা ও কর্মচারীদের (যাদের শতকরা ৯০ ভাগ নিম্ন আয়ের পরিবার থেকে আসা) লাভের জন্যই এটা করা হয়। বাংলাদেশের প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান রহমান রহমান হক অ্যান্ড কোম্পানির মতামত নিয়েই গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠিত হয়েছে।‘কোম্পানি আইন অনুযায়ী গ্রামীণ কল্যাণ একটি অলাভজনক প্রতিষ্ঠান। ব্যক্তিগতভাবে কেউ এর শেয়ারের মালিক হতে পারেন না। এই কোম্পানির লাভ ভাগ করে নেওয়া যাবে না এবং কোম্পানির ঘোষণা করা লক্ষ্য অনুযায়ী এর কার্যক্রমের পরিধি বাড়ানোর কাজে ওই মুনাফা ব্যবহার করা যায়। কোম্পানির ঘোষিত লক্ষ্যের মধ্যে রয়েছে গ্রামীণ ব্যাংকের সদস্য ও কর্মীদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও শিক্ষা নেওয়ার ব্যবস্থা করা।‘পরিচালনা পর্ষদের গৃহীত সিদ্ধান্তের ক্ষমতাবলে এবং গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ কল্যাণের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী ৩৯১ কোটি ৭০ লাখ ১৪ হাজার টাকার তহবিল সৃষ্টি করা হয়। পর্যায়ক্রমে জাতীয় মুদ্রায় অর্থ স্থানান্তরের মাধ্যমে এই তহবিল গড়ে তোলা হয়। ওই তহবিলের নিয়ন্ত্রণ বা মালিকানা কখনোই গ্রামীণ কল্যাণের কাছে দেওয়া হয়নি। তহবিল গড়তে পর্যায়ক্রমে অর্থের এই স্থানান্তর এবং গ্রামীণ ব্যাংকে এই অর্থ ঋণ আকারে ফেরত আনার মাধ্যমে এখান থেকে সুদ আদায়ের সুযোগ সৃষ্টি হয়। ওই সুদের অর্থ ঋণগ্রহীতাদের জন্য সৃষ্টি করা এসএএফে জমা হয়। গরিবদের কল্যাণের জন্যই এই আর্থিক উদ্ভাবন। গ্রামীণ কল্যাণ ওই তহবিলের ওপর ধার্য করা দুই শতাংশ হারে সুদ পেতে থাকে। সুদের এই অর্থ গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা ও কর্মীদের শিক্ষার সুবিধা ও অন্যান্য সেবা নিশ্চিত করতে ব্যবহার করা হয়।‘এসএএফে সুদের আয় থেকে জমা হওয়া অর্থ দিয়ে গ্রামীণ কল্যাণ যেসব কর্মসূচি পরিচালনা করে, সেগুলোর মধ্যে রয়েছে:১. ঋণগ্রহীতাদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দেওয়া২. শিক্ষা ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখা মেধাবী সন্তানদের (ঋণগ্রহীতাদের) বৃত্তি দেওয়া৩. গ্রামে স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে স্বল্পমূল্যে ঋণগ্রহীতাদের স্বাস্থ্যসেবা দেওয়া। বর্তমানে এই কর্মসূচির অধীনে দেশের বিভিন্ন স্থানে ৫১টি স্বাস্থ্যকেন্দ্র চালু করা হয়েছে৪. চিকিৎসার জন্য ঋণের ব্যবস্থা করা এবং ব্যাংকের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য সহায়তা কর্মসূচি পরিচালনা৫. কর্মীদের সংসার চালাতে সহায়তার জন্য ঋণ কর্মসূচি পরিচালনা‘ব্যাংকের পরিচালনা পর্ষদের নেওয়া পদক্ষেপ ওই তহবিল ব্যবস্থাপনার জন্য সবচেয়ে ভালো উপায় হিসেবে বিবেচিত হয়েছে। পর্ষদের সদস্যদের মধ্যে আছেন গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের মাধ্যমে নির্বাচিত নয়জন প্রতিনিধি ও সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের তিনজন প্রতিনিধি। ওই সিদ্ধান্তের ফলে শুধু নোরাড নয়, বরং সব দাতার দেওয়া মোট ৩৪৭ কোটি ৪৫ লাখ এক হাজার টাকা গ্রামীণ কল্যাণ থেকে গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টে ফিরিয়ে আনা হয়েছে। যদিও ওই টাকা সব সময়ই গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্টেই ছিল। শুধু এসএএফের তহবিলের ৪৪ কোটি ২৫ লাখ ১২ হাজার টাকা গ্রামীণ কল্যাণের অধীনে রয়েছে। এই অর্থ সুদের আয় বাবদ পাওয়া।‘কিছু পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের তহবিল থেকে ৭০০ কোটি টাকা গ্রামীণ কল্যাণের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। গ্রামীণ ব্যাংক থেকে গ্রামীণ কল্যাণে ৩৯১ কোটি ৭০ লাখ ১৪ হাজার টাকা স্থানান্তর করা হয়। পরে গ্রামীণ ব্যাংকে ফেরত দেওয়া হয় ৩৪৭ কোটি ৪৫ লাখ দুই হাজার টাকা। বিষয়টি আগেও উল্লেখ করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের বার্ষিক হিসাব নিরীক্ষা থেকেও এর সত্যতা যাচাই করা যেতে পারে।‘উল্লিখিত অর্থ ১৯৯৬ সালের বিনিময় হার অনুযায়ী পরিবর্তন করলে ব্যাংক থেকে স্থানান্তর করা অর্থের পরিমাণ দাঁড়ায় নয় কোটি ৬০ লাখ ডলার। আর ব্যাংকে ফেরত দেওয়া অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় সাড়ে আট কোটি ডলার। এভাবে দাতাদের সব অর্থ ফেরত দেওয়া হয়। মাত্র এক কোটি ১০ লাখ ডলার গ্রামীণ কল্যাণের অ্যাকাউন্টে রাখা হয়, যা সুদের আয়ের মাধ্যমে অর্জিত। সুতরাং গ্রামীণ ব্যাংক ১০ কোটি ডলার স্থানান্তর করে মাত্র তিন কোটি ডলার আবার ফিরিয়ে এনেছে—এমন তথ্য সম্পূর্ণ মিথ্যা।‘এই অর্থ স্থানান্তরে গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট বইয়ে প্রয়োজনীয় সব তথ্যও লিপিবদ্ধ আছে। যদিও বাস্তবে কোনো অর্থ স্থানান্তর করা হয়নি। কারণ সব সময়ই ওই অর্থ গ্রামীণ ব্যাংকের কাছেই ছিল। গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ওই অর্থ বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না এবং অধ্যাপক ইউনূসের ওই অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও মিথ্যা ও ভিত্তিহীন। অর্থ পাচারসংক্রান্ত যাবতীয় আলোচনা ফাঁকা বুলি এবং চাঞ্চল্য সৃষ্টি করার জন্যই তা আওড়ানো হয়েছে।‘গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদ মনে করে, এতে নোরাডের সঙ্গে চুক্তির কোনো ধারা লঙ্ঘিত হয়নি। ওই বিষয়টিতে দৃষ্টিভঙ্গির ভিন্নতা সৃষ্টি হয়। নোরাডের মতে, চুক্তির ধারা এতে লঙ্ঘিত হয়েছে। গ্রামীণ ব্যাংক মনে করে, চুক্তি অনুযায়ীই এটি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বিতণ্ডায় জড়াতে চাই না এবং নোরাডের সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক নষ্ট করার ইচ্ছাও নেই। তাই গ্রামীণ ব্যাংক তার সিদ্ধান্ত বদলেছে এবং দুই পক্ষের সম্পর্কের স্থিতাবস্থা ফিরিয়ে এনেছে।‘নোরাড ও নরওয়ের সরকারের উদ্বেগকে মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে। বিষয়টি নিয়ে মতভিন্নতা দূর করতে উভয় পক্ষ একসঙ্গে কাজ করেছে এবং প্রাথমিক চুক্তির একটি ধারার ব্যাপারে ভিন্নমত দূর করতে উদ্যোগ নেওয়ার মাধ্যমে একটি সন্তোষজনক সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। সম্পর্কের স্থিতাবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবেই বিষয়টির সুরাহা হয়েছে। এরপর কোনো পক্ষই বিষয়টি আর তোলেনি। এ নিয়ে কারও মধ্যে আর কোনো ক্ষোভও থাকেনি।’বিষয়টির প্রমাণ হিসেবে গ্রামীণ ব্যাংক গতকালের প্রতিবাদপত্রে ১৯৯৮ সালের ২৬ মে মুহাম্মদ ইউনূসকে লেখা নরওয়ে দূতাবাসের একটি চিঠির অংশের উদ্ধৃতি দিয়েছে। চিঠিতে ঢাকায় তৎকালীন নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স ফ্রেডারিক ও আইনার ল্যান্ডমার্ক লেখেন, ‘বিষয়টি সুরাহার ক্ষেত্রে দূতাবাস আপনার উদ্যোগের ভূয়সী প্রশংসা করে। তা ছাড়া ওই বিষয়টি যেভাবে সুরাহা করা হয়েছে, তাতে দূতাবাস সন্তুষ্ট এবং এটি গ্রামীণ ব্যাংক ও নরওয়ে দূতাবাস দুই পক্ষের জন্যই সন্তোষজনক।’গ্রামীণ ব্যাংকের প্রতিবাদে বলা হয়েছে, ‘প্রামাণ্যচিত্রে এমন ধারণা দেওয়া হয়েছে যে তহবিল স্থানান্তরের বিষয়টি কোনোভাবে গোপন করা হয়েছে। প্রকৃত অর্থে এতে কোনো কিছু গোপন ছিল না, বরং এটি ছিল ভিন্নমতের সৎ প্রতিফলন।‘গ্রামীণ ব্যাংকের সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ায় সব সময় অত্যন্ত স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। সরকারের নিয়োগ করা সমাজের একজন বিশিষ্ট নাগরিক সব সময় গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। চেয়ারম্যান ছাড়াও সরকার দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়ে থাকে। একটি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে গ্রামীণ ব্যাংক। ফলে প্রতিবছর দুটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান গ্রামীণের হিসাব নিরীক্ষার পর তা সরকার এবং আয়কর বিভাগের কাছে জমা দেওয়া হয়। প্রতিবছর সব দাতার কাছেও গ্রামীণ ব্যাংক নিরীক্ষাকৃত হিসাবের প্রতিবেদন পাঠিয়ে দেয়। এর পাশাপাশি প্রতিবছর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাও গ্রামীণ ব্যাংক পরিদর্শনে আসেন। ব্যাংকের কর্মকাণ্ড-সম্পর্কিত সাম্প্রতিক পরিসংখ্যানের পাশাপাশি ১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের হিসাব নিরীক্ষার সব তথ্য ওয়েবসাইটে দেওয়া আছে। এ ছাড়াও গ্রামীণ ব্যাংক নিয়মিতভাবে মাসিক প্রকাশনা গ্রামীণ ব্যাংক অ্যাট এ গ্ল্যান্স প্রকাশের পাশাপাশি এটি ওয়েবসাইটে দেওয়া হয়, যা গ্রামীণ কল্যাণের পরিচিতি তুলে ধরে।’প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, ‘গ্রামীণ কল্যাণ হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত দ্রুত বিকশিত একটি সহযোগী প্রতিষ্ঠান। বিভিন্ন দাতার কাছ থেকে পাওয়া অনুদানের টাকার সুদের আয় থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে গ্রামীণ ব্যাংক সামাজিক বিকাশ তহবিল (এসএএফ) গঠন করে। গ্রামীণের ঋণগ্রহীতাদের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিসংক্রান্ত সামাজিক উন্নয়নের কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে একটি আলাদা প্রতিষ্ঠানে পরিণত হয় এসএএফ।গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার বিজয়ী একটি ব্যাংক। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও গরিব মানুষকে দেওয়া সেবা নিয়ে আমরা গর্ব করি।’