অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গ্রামীণ ব্যাংককে দেওয়া তহবিল স্থানান্তরে অন্যায় কিছু হয়েছে বলে তিনি মনে করেন না।সাংবাদিকেরা গতকাল শনিবার এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘যারা (গ্রামীণ ব্যাংক) করেছিল, তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, নরওয়েরও একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। পরে তাদের মধ্যে সমঝোতা হয়েছে। সুতরাং এখানে অন্যায় কিছু হয়েছে বলে মনে হয় না।’জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় উন্নয়ন সমন্বয় ফাউন্ডেশন আয়োজিত ‘কৃষি খাতের ভর্তুকি সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা শেষে তিনি এসব কথা বলেন।আলোচনা সভা শেষে সাংবাদিকেরা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তহবিল স্থানান্তরের অভিযোগ নিয়ে প্রশ্ন করলে তিনি প্রথমে বলেন, ‘আমাদের মধ্যে খালি ইঁদুরের মতো অন্যের দোষ খোঁজার প্রবণতা।’ এই বক্তব্যের পরও সাংবাদিকেরা অর্থ সরানো নিয়ে প্রশ্ন করলে এর মধ্যে অন্যায় কিছু হয়নি বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।