তহবিলে ওবামাকে ছাড়িয়ে গেলেন রমনি
নির্বাচনী তহবিল জোগাড়ে প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে এগিয়ে গেছেন মিট রমনি। গত মাসে এই সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী তাঁর তহবিলে ওবামার চেয়ে প্রায় এক কোটি ৭০ লাখ ডলার বেশি অর্থ পুরেছেন। বিবিসি অনলাইনের এক খবরে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।খবরে বলা হয়, রমনি ও তাঁর রিপাবলিকান সহযোগীরা গত মাসে সাত কোটি ৬৮ লাখ মার্কিন ডলার জোগাড় করতে সক্ষম হন। ওবামা ও তাঁর ডেমোক্র্যাট সহযোগীরা ছয় কোটি ডলারের মতো তহবিল জোগাড় করেছেন। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ওবামা ও রমনি উভয়েই এখন নির্বাচনী তহবিল জোগাড়ে ব্যস্ত। তবে গত মাসের তহবিলের ওই হিসাবে দুই দলের সমর্থনে কাজ করা বিভিন্ন স্বতন্ত্র সমিতির উদ্যোগে সংগ্রহ ও ব্যয় করা কোটি কোটি ডলারের হিসাব অন্তর্ভুক্ত ছিল না। এদিকে ওবামার নির্বাচনী প্রচারাভিযান দল মে মাসের সংগ্রহ সম্পর্কে গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে লিখেছে, মোট পাঁচ লাখ ৭২ হাজার ব্যক্তি মে মাসে তাদের শিবিরে অনুদান দিয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো দিয়েছে এক লাখ ৪৭ হাজার ব্যক্তি। ওবামা শিবির জানায়, মোট দাতাদের মধ্যে ৯৮ শতাংশ ব্যক্তি মাথাপিছু ২৫০ ডলারেরও কম অর্থ দিয়েছে। অন্যদিকে রমনির শিবির এক বিবৃতিতে জানায়, তাঁদের দাতাদের মধ্যে ৯৩ শতাংশ ব্যক্তি মাথাপিছু ২৫০ ডলার বা এর কম অর্থ দিয়েছে। মোট তহবিলে যার পরিমাণ এক কোটি ২০ লাখ ডলার।