সুতার দাম কমানো, বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগসহ সাত দফা দাবিতে চলমান তাঁত ধর্মঘটের দ্বিতীয় দিনে আজও নরসিংদীর সব তাঁতকলে উত্পাদন বন্ধ ছিল। সেই সঙ্গে তাঁত মালিক-শ্রমিকেরা দাবি আদায়ের লক্ষ্যে কারখানায় তালা ঝুলিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত তাঁতিরা তাঁদের প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে কথাবার্তা বলার পর অবরোধ তুলে নেন তাঁতিরা। এক ঘণ্টারও বেশি সময় মহাসড়কের মাধবদী এলাকায় যানচলাচল বন্ধ ছিল।এর আগে সকাল নয়টার দিকে তাঁতিরা মিছিল নিয়ে মাধবদী বাজারে গিয়ে একটি সমাবেশের আয়োজন করেন।সমাবেশ তাঁতিরা বলেন, সারা দেশের তাঁতকলে উত্পাদন বন্ধ রাখতে বাধ্য হওয়ার কারণে তাঁতিরা আর্থিক ক্ষতির মধ্যে পড়লেও লাভবান হচ্ছেন স্পিনিংমিল মালিকেরা। তাঁরা শুধু আঙুলফুলে কলাগাছ নন, বটবৃক্ষে পরিণত হচ্ছেন।এ অবস্থায় তাঁতিদের বাঁচাতে বেনাপোল বন্দর খুলে দেওয়ার পাশাপাশি দ্রুত সুতার দাম সহনীয় মাত্রার আনার দাবি তোলা হয়। আর তা না করা হলে পরে মহাসড়ক অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।