তাঁতপল্লি নীরব নিথর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন আগেও গ্রামটিতে ঢুকলে খুটখাট শব্দে কান পাতা দায় হতো। কিন্তু গতকাল বুধবার সেখানে একেবারেই সুনসান নীরবতা। এটি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রাম। এই গ্রামের শতভাগ মানুষের জীবিকা তাঁত। সারা দেশে অনির্দিষ্টকালের তাঁত ধর্মঘটে গতকাল থেকে বন্ধ হয়ে গেছে এই গ্রামের সবগুলো তাঁত। শুধু তামাই গ্রাম নয়, দেশের অন্যতম তাঁতসমৃদ্ধ সিরাজগঞ্জের নয় উপজেলাসহ সারা দেশের তাঁত গতকাল থেকে বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে পড়েছে লাখ লাখ তাঁতশ্রমিক। সুতার দাম কমানো, বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানি চালু করা এবং শুল্কমুক্ত সুতা আমদানিসহ সাত দফা দাবিতে এই ধর্মঘট ডেকেছে বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন। গতকাল তামাই গ্রামে গিয়ে দেখা যায়, এই গ্রামের পাওয়ারলুম, হ্যান্ডলুম ও চিত্তরঞ্জন তাঁতসহ প্রায় ২০ হাজার তাঁতের সবগুলোই বন্ধ। তাঁতমালিকেরা বাড়িতে বসে ফ্যাক্টরি পাহারা দিচ্ছেন। স্থানীয় শ্রমিকেরা দল বেঁধে মিছিল করছেন। আর অন্য জেলা থেকে এখানে কাজ করতে আসা তাঁতশ্রমিকেরা বাক্সপেটরা নিয়ে গ্রাম ছাড়ছেন।গ্রামে ঢুকতেই দেখা যায়, একদল যুবক ব্যাগ নিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছেন। কথা হয় কুড়িগ্রামের তাঁতশ্রমিক আনোয়ারের সঙ্গে। তিনি বলেন, ‘গত শুক্রবার এখানে কাজে এসেছিলাম। ভাবছিলাম এক মাস পর টাকাপয়সা নিয়ে বাড়িতে যাব। মাত্র পাঁচ দিন কাজ করে এক হাজার টাকা নিয়ে বাড়ি ফিরছি। কবে আবার তাঁত চালু হবে একমাত্র আল্লাই জানে।’এ চিত্র শুধু তামাই গ্রামের নয়—জেলার সদর, শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, রায়গঞ্জ ও তাড়াশসহ নয়টি উপজেলাতে একই অবস্থা। এই নয়টি উপজেলার প্রায় দুই লাখ তাঁত গতকাল থেকে বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১০ লাখ তাঁতশ্রমিক।তামাই গ্রামের তাঁতমালিক আবদুল আজিজ সরকার বলেন, ‘এ দেশে সরকার আছে কি না আমরা বুঝতে পারছি না। ডিম, ডাল, চালের দাম বাড়লে সরকার আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করে। কিন্তু তাঁতশিল্পের উপকরণের দাম বাড়লেও সরকারের টনক নড়ে না। এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া হলো না।’এদিকে উল্লাপাড়া উপজেলার নগরবাড়ী-বগুড়া মহাসড়কের বালসাবাড়ী নামক স্থানে টায়ার জ্বালিয়ে গতকাল সকাল ১১টার দিকে অবরোধের সৃষ্টি করে তাঁতশ্রমিক ও মালিকেরা। এ সময় সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলে দুপুর ১২টার দিকে আবার যান চলাচল শুরু হয়।এ ছাড়া সকালে বালসাবাড়ীতে প্রতিবাদ সমাবেশ করে উল্লাপাড়া তাঁত মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সংগঠনের আহ্বায়ক আবদুুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবদুল হাই, সিদ্দিকুর রহমান, মোতালেব হোসেন প্রমুখ। ধর্মঘটের ফলে তাঁতশিল্পের জন্য বিখ্যাত নরসিংদীতেই বেকার হয়ে পড়েছে পাঁচ লক্ষাধিক তাঁতশ্রমিক। ধর্মঘটের পক্ষে নরসিংদী সদর উপজেলার মাধবদী বাজারে গতকাল সকালে তাঁত মালিক-শ্রমিকেরা মিছিল করে। মিছিল থেকে ‘সুতার দাম কমাও, তাঁতি বাঁচাও’, ‘স্পিনিং মিল মালিকদের সিন্ডিকেট ভেঙে দাও, বেনাপোল বন্দর খুলে দাও’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।গতকাল বিকেলে মাধবদী এলাকায় গিয়ে তাঁতকলের বিকট শব্দের পরিবর্তে নিস্তব্ধ নীরবতা লক্ষ করা গেছে। মাধবদীর কোনো তাঁতকলের চাকা ঘুরতে দেখা যায়নি। অধিকাংশ কারখানার প্রধান ফটকে ছিল তালা।মাধবদীর মনোয়ারপুর এলাকার আবিদ টেক্সটাইলের শ্রমিক আ. রশিদ বলেন, ‘সুতার দাম বেড়ে যাওয়ার পর থেকে ভালো মজুরি না পেলেও সপ্তাহে দুই-একদিন কাজ করার সুযোগ ছিল। ধর্মঘট শুরু হওয়ায় এখন আমরা সম্পূর্ণ বেকার। সংসার কীভাবে চালামু সে চিন্তা করছি।’আলগী এলাকার রিফাত টেক্সটাইল মিলের শ্রমিক রোকন মিয়া বলেন, ‘আমাদের বাঁচাইতে চাইলে সরকার ধর্মঘট প্রত্যাহার করার উদ্যোগ নিব। তা না হইলে মরণ ছাড়া আর কোনো গতি নাই।’বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের প্র্রেসিডেন্ট ও নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন বলেন, ‘প্রতীক্ষায় আছি, কখন প্রধানমন্ত্রী তাঁতিদের প্রতি সদয় হবেন। তাঁতকল এলাকায় যে নীরবতা নেমে এসেছে, কখন সেই নীরবতা ভেঙে আবার তাঁতকলের বিকট শব্দ কানে আসবে।’[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ ও ভৈরব এবং উল্লাপাড়া প্রতিনিধি]