তাঁতশিল্প রক্ষায় আন্দোলনে নামছেন মালিক-শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দফায় দফায় সুতার মূল্যবৃদ্ধিতে নরসিংদীসহ সারা দেশের তাঁতশিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবিতে আন্দোলনে যাচ্ছেন তাঁতকল মালিক ও শ্রমিকেরা। কাল মঙ্গলবার বেলা ১১টায় নরসিংদীর মাধবদীর বটতলা চত্বরে গণতাঁতি সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল রোববার দুপুরে নরসিংদীর তাঁতকল মালিকদের আহ্বানে মাধবদী বণিক সমিতির কার্যালয় চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তকে আত্মঘাতী উল্লেখ করে সমাবেশে বক্তারা বলেন, এমন সিদ্ধান্তের পর থেকেই সুতার বাজার অস্থির হয়ে ওঠে। সর্বশেষ এক মাসের ব্যবধানে পাউন্ডপ্রতি ৬৫ টাকার সুতা ৯৫ থেকে ১১০ টাকায় ওঠে। এই মূল্যে সুতা কিনে কাপড় উৎপাদন করে লাভের মুখ দেখা কঠিন। বক্তারা বলেন, দ্রুত বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ সৃষ্টি করতে হবে অথবা দেশীয় সুতার মূল্য সহনীয় মাত্রায় রাখতে হবে। একই সঙ্গে ক্ষুদ্র শিল্প বিবেচনায় ভর্তুকি হিসেবে সাড়ে ৭ শতাংশ বিদ্যুৎ বিল মওকুফের বিধান পুনর্বহাল করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় তাঁতকল মালিক কফিল উদ্দিন আহমেদ। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ও মাধবদী বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সংগঠনের নরসিংদীর শাখার সদস্যসচিব মফিজুল ইসলাম, তাঁতকল মালিক মোশারফ হোসেন, সফিকুল ইসলাম, ইলিয়াস মিয়া, শাখাওয়াত হোসেন, আলী হোসেন, বোরহান মোল্লা, বেনজির আহমেদ, হান্নান মিয়া, রুহুল আমিন চৌধুরী ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান।বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজ পাবনার সমাবেশে শিল্পমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সামনে তথ্য-প্রমাণ দিয়ে তাঁতশিল্পের অবস্থা তুলে ধরেছি। তাঁরা আমাদের যুক্তি গ্রহণ করেছেন।’ এদিকে নরসিংদীর মাধবদী এলাকা ঘুরে জানা গেছে, সুতার মূল্য না কমায় গতকালও বেশ কিছু তাঁতকলে উৎপাদন বন্ধ হয়ে যায়। একই চিত্র চোখে পড়ে সাইজিং মিলেও। গতকালও কয়েকটি সাইজিং মিলে উৎপাদন বন্ধ ছিল।পাবনায় তাঁতি সমাবেশ আমাদের পাবনা অফিস জানায়, গতকাল পাবনা টাউন হল ময়দানে জেলা তাঁত সমিতির উদ্যোগে তাঁতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সমাবেশে তিনি বলেন, দেশের তাঁতশিল্প রক্ষায় সরকার কৃষকদের মতো তাঁতিদেরও সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে। প্রয়োজনে সরকার বিদেশ থেকে সুতা আমদানি করে ন্যায্যমূল্যে তাঁতিদের মধ্যে সরবরাহ করবে। সমাবেশে আরও বক্তৃতা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুখ খোন্দকার, জেলা তাঁতি লীগ নেতা আমিরুল ইসলাম প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তাঁত সমিতির সভাপতি আকমল হোসেন।