তাঁতিদের ধর্মঘট চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁত ধর্মঘটের তৃতীয় দিনে আজ শুক্রবারও দেশের সব জায়গায় তাঁতকল বন্ধ রয়েছে। ফলে কয়েক লাখ তাঁতশ্রমিক এখন বেকার হয়ে পড়েছেন। এরই মধ্যে আজ সকাল সাড়ে নয়টা থেকে তাঁতসমৃদ্ধ নরসিংদীর মাধবদীতে দুপুর পর্যন্ত খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল মাধবদী বাজারে সমবেত হয়ে একটি সমাবেশ করে। সুতার দাম কমানো, বেনাপোল বন্দর দিয়ে আবার সুতা আমদানি এবং শুল্কমুক্ত সুতা আমদানিসহ বিভিন্ন দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের তাঁত ধর্মঘট চলছে। বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দিয়েছে।অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লোকমান হোসেন বলেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে। চূড়ান্ত সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। আমাদের কুষ্টিয়া অফিস জানায়, আজ সকাল থেকে বন্ধ রয়েছে জেলার ২০ হাজার মালিকের ৫০ হাজার তাঁতকল। আজ সকাল ১০টায় কুমারখালী উপজেলার হাজার হাজার তাঁতশ্রমিক উপজেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সমাবেশে সুতার দাম কমানোর দাবি জানানো হয়। কুমারখালী ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌরসভার মেয়র নুরুল ইসলাম আনছারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আব্দুর রফিক, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কুমারখালী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাহজাহান আলী, তাঁতি প্রতিনিধি মনোয়ার হোসেন, এম এ রাজ্জাক প্রমুখ।নুরুল ইসলাম আনসার প্রামাণিক বলেন, গত দেড় মাসের ব্যবধানে সুতার মূল্য বেলপ্রতি ১৭ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সুতা দ্বারা উত্পাদিত কাপড়ের মূল্য মোটেও বৃদ্ধি পায়নি। যে কারণে এখানকার হাজার হাজার প্রান্তিক তাঁতি তাঁত বন্ধ করে দিয়েছে। সুতার দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সব তাঁতমালিকেরা ও তাঁতশ্রমিকেরা ধর্মঘট শুরু করেছে।