তাঁতিদের ধর্মঘট চলছে, মিছিল, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজকে বাড়িত রাঁধা ওইছে, তয় কালকি মনে কয় আর হবিনানে। বেটা ছাওয়ালরা সব বসে রইছে। দুদিন ধরে কাম করে না, বাড়িত বাজার-সদাই কিছুই নাই।’ বলছিলেন তাঁতসমৃদ্ধ পাবনা সদর উপজেলার জালালপুর নতুন পাড়া মহল্লার আনোয়ারা বেগম।তাঁত ধর্মঘটের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার দেশের সব জায়গায় তাঁতকল বন্ধ ছিল। এতে করে বেকার হয়ে পড়েছেন কয়েক লাখ তাঁতশ্রমিক। তাঁতসমৃদ্ধ পাবনা এবং নরসিংদীতে গতকাল বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ তাঁতশ্রমিক ও মালিকেরা।সুতার দাম কমানো, বেনাপোল বন্দর দিয়ে পুনরায় সুতা আমদানি এবং শুল্কমুক্ত সুতা আমদানিসহ বিভিন্ন দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের তাঁত ধর্মঘট চলছে। বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দিয়েছে।পাবনা সদর উপজেলার জালালপুর নতুন পাড়া এলাকায় গতকাল সকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে জেলার তাঁতমালিক ও শ্রমিকেরা। এলাকার প্রবীণ তাঁতমালিক রজব আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান আশরাফী, তাঁতমালিক বাদশা মিয়া, করিম মোল্লা ও নুরুল ইসলাম প্রমুখ।বক্তারা বলেন, তাঁতিদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আন্দোলন ছাড়া তাঁদের আর কোনো গতি নেই। সরকার তাঁদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।সমাবেশ শেষে সমবেত তাঁতিরা পাবনা-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় বিক্ষুব্ধ তাঁতিরা লাঠিসোঁটা নিয়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ মৃদু লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।ধর্মঘটের ফলে পাবনা সদর উপজেলার জালালপুর, দোগাছি ও ভাড়ারা; সাঁথিয়া উপজেলার ছেচানিয়া, সোনাতলি ও ধুলআউরি; সুজানগর উপজেলার কুড়িপাড়া, দুলাই ও মানিকদির; আটঘরিয়া উপজেলার চাঁচকিয়া ও একদন্ত এলাকাসহ নয় উপজেলায় প্রায় ৫৫ হাজার তাঁতকল বন্ধ রয়েছে। নরসিংদীর বিভিন্ন অঞ্চল থেকে শত শত তাঁতকল মালিক ও শ্রমিক খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাধবদী বাজারের বটতলায় জমায়েত হন। সকাল সাড়ে ১০টা নাগাদ প্রায় ২০ হাজার মালিক-শ্রমিক সেখানে জড়ো হন। মাধবদী অঞ্চলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন।লোকমান হোসেন বলেন, ‘বেনাপোল বন্দর দিয়ে শুল্কমুক্ত সুতা আমদানিসহ আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। দেশের ৫০ লাখ তাঁতি পরিবার স্পিনিং মিল মালিকদের কাছে আর জিম্মি থাকতে চায় না।’সমাবেশ শেষে কয়েক হাজার তাঁতমালিক ও শ্রমিক মিছিল নিয়ে বাজারের বিভিন্ন সড়ক ঘুরে বেলা সোয়া ১২টার দিকে মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেন। এ সময় তাঁরা মহাসড়কে গাছের গুঁড়ি, বৈদ্যুতিক খুঁটি ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। সিরাজগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ধর্মঘটের দ্বিতীয় দিনেও জেলার সদর, শাহজাদপুর, উল্লাপাড়া, বেলকুচি, রায়গঞ্জ ও তাড়াশসহ নয়টি উপজেলার প্রায় দুই লাখ তাঁত বন্ধ ছিল। ফলে প্রতিদিন প্রায় আট কোটি টাকার কাপড় উৎপাদন বন্ধ আছে।