তাঁতিদের ধর্মঘট প্রত্যাহার, কাল থেকে উৎপাদন শুরু
তাঁতিদের দাবির মুখে অবশেষে বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ শুক্রবার রাতে সরকারের এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারের এ সিদ্ধান্তের ফলে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে।লোকমান হোসেন বলেন, ‘দেরিতে হলেও সরকার তাঁতিদের সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ায় তাঁতিরা বেঁচে গেল। আমাদের বিশ্বাস বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ করে দেওয়ার কারণে লাগামহীনভাবে বেড়ে যাওয়া সুতার দাম সহনীয় মাত্রায় চলে আসবে। এতে তাঁতিরা কাপড় উৎপাদন করে লাভের মুখ দেখতে পারবে। এ কারণে আমরা কাল থেকে সারা দেশে চলামান তাঁত ধর্মঘট প্রত্যাহার করে নিলাম।’সুতার দাম কমানো, বেনাপোল বন্দর দিয়ে পুনরায় সুতা আমদানিসহ বিভিন্ন দাবিতে গত বুধবার থেকে অনির্দিষ্টকালের তাঁত ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম ওনার্স অ্যাসোসিয়েশন।