তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: দুই পুলিশ সাময়িক বরখাস্ত
তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে দুজন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে নিহতের বাবা হারুন-উর রশিদ বাদী হয়ে অজ্ঞাত সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। ঘটনার প্রতিবাদে তাঁতীবাজারের স্বর্ণ ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন। ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার সালাউদ্দিন তালুকদার জানান, দায়িত্বে অবহেলার কারণে নয়াসড়ক পুলিশ ফাঁড়ির উপসহকারী পুলিশ পরিদর্শক আবদুল বাকী এবং কনস্টেবল আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোতোয়ালি থানার অপারশেন কর্মকর্তা আতাউর রহমান জানান, গতকাল রাতে জয়ন্ত কুমার নামের এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত, গতকাল বুধবার বিকেলে সন্ত্রাসীরা পুরান ঢাকার তাঁতীবাজারে দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালামকে (২৭) গুলি করে। একটি গুলি তাঁর বুকের বাঁ-পাশে বিদ্ধ হলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকার সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।