ভোরের আলো ফুটতেই পাঁচ গ্রামের বিভিন্ন পাড়ায় সাড়া পড়ে যায়। তাঁত বোনার ছন্দময় খটাখট শব্দে মুখরিত হয়ে ওঠে চারদিক। ধুম পড়ে যায় খদ্দরের চাদর বোনার। দিনভর চলে এ কাজ। এ তাঁতেই জোটে তাঁদের ভাত, খেয়ে-পরে দিন গুজরানের নিশ্চয়তা। কুমিল্লার বুড়িচং উপজেলার ওই পাঁচটি গ্রাম হলো বাগিলারা, বাজেবাহেরচর, মঈনপুর, জালালপুর ও হরিণধরা। এসব গ্রামে প্রায় পাঁচ শ কারিগর বছরজুড়েই চাদর বুনে থাকেন। বংশানুক্রমে ৫০ বছর ধরে তাঁরা এ পেশার সঙ্গে জড়িত। শীতের মৌসুমে চাদরের চাহিদা বাড়ে, বাড়ে তাঁদের মজুরিও।পাঁচ গ্রাম ঘুরে: সম্প্রতি ওই পাঁচটি গ্রাম ঘুরে বিভিন্ন পাড়ায় তাঁতিদের চাদর বুনতে দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কাজে ব্যস্ত থাকেন কারিগরেরা। দিনভর তাঁত বুনে একজন তাঁতি সর্বোচ্চ ২০টির মতো চাদর তৈরি করতে পারেন। এতে একজন কারিগরের সর্বোচ্চ ২০০ টাকা আয় হয়। পুরুষদের পাশাপাশি নারীরাও চাদর বোনেন। তাঁতের মালিকেরা এসব চাদর ৮০ থেকে ১২০ টাকায় পাইকারদের কাছে বিক্রি করেন। ঢাকার গাউছিয়া মার্কেট, চট্টগ্রামের দেওয়ানগঞ্জ, নরসিংদী ও কুমিল্লার বিভিন্ন খাদির দোকানে বিক্রি হচ্ছে এ চাদর।বাগিলারা গ্রামের কৃষ্ণচন্দ্র চক্রবর্তী (৪৩) বলেন, ‘আমার বাবা গোপালচন্দ্র চক্রবর্তীর তাঁতের ব্যবসাটাই আমি দেখছি। শুরুতে বিছানার চাদর তৈরি করা হতো। এতে এখন খরচ বেশি পড়ে। এ জন্য বিছানার চাদর বাদ দিয়ে এখন গায়ের চাদর তৈরি করা হচ্ছে। এ ক্ষেত্রে মেয়েদের চাদরই বেশি তৈরি করা হয়। এতে খরচও কম। স্থানীয়ভাবে উত্পাদিত পণ্যের বাজার না থাকায় পুঁজি বিনিয়োগ করতে সাহস পাই না। কারিগরের অভাবে চাদর বেশি করে উত্পাদনও করা যাচ্ছে না। আমরা প্রথমে কুমিল্লার বিশুদ্ধ খদ্দর ভান্ডারে চাদর সরবরাহ করতাম। পরে নরসিংদীর বাবুর হাট, ঢাকা ও চট্টগ্রামে ওই চাদর বিক্রি করি। এ চাদর কুমিল্লাসহ সারা দেশে বেশ জনপ্রিয়তা পেয়েছে।’সমস্যা ও সম্ভাবনা: খদ্দরের চাদর তৈরির কাজে নিয়োজিত তাঁতিরা জানান, আগে এসব গ্রামে তিন শ থেকে সাড়ে তিন শ তাঁত ছিল। পৃষ্ঠপোষকতার অভাবে অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। আট বছর আগে সরকার কিছু লোককে ঋণ দিলেও প্রকৃত তাঁতিদের অনেকেই বঞ্চিত ছিলেন। এ কারণে অনেকে এ পেশা ছেড়ে দিয়েছেন। বর্তমানে সুতার দামও বেড়েছে। ভালো মানের সুতার মণ ছয় হাজার ৫০০ টাকা এবং নিম্নমানের সুতা তিন হাজার টাকা।মঈনপুর গ্রামের কারিগর সরাফত আলী বলেন, ‘একসময় আমার নিজেরও তাঁত ছিল। টানাপোড়েনের কারণে সে তাঁত আর নেই। এখন অন্যের তাঁতে মজুরি খাটি। কোনোরকমে কাজ করে জীবিকা চালাই।’জালালপুর গ্রামের তাঁতশ্রমিক হারুন মিয়া, আবদুল মুনাফ, ময়নাল হোসেন ও খোরশেদ আলম, হরিণধরা গ্রামের তপনচন্দ্র দত্ত ও নেপালচন্দ্র দত্ত, বাজেবাহেরচর গ্রামের কনু মিয়া, ঝনু মিয়া, সুরেশ দেবনাথ, অনিলচন্দ্র দেবনাথ জানান, উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে তাঁরা আরও বেশি চাদর বুনতে পারতেন।বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, ‘এ এলাকার চাদর দেশের বিভিন্ন এলাকার চাহিদা মেটাচ্ছে। প্রতিকূলতার মধ্যেও কারিগরেরা এখনো হাল ধরে আছেন। পৃষ্ঠপোষকতা পেলে এ শিল্প আরও বিকশিত হতো।’কুমিল্লার বিশুদ্ধ খদ্দর ভান্ডারের স্বত্বাধিকারী প্রদীপ কুমার দত্ত বলেন, ‘ওই এলাকার চাদর অত্যন্ত ভালোভাবে তৈরি হয়। ওই চাদর কুমিল্লার ঐতিহ্যকে সমৃদ্ধ করছে। শ্রমিকেরাও লাভবান হচ্ছেন।’কুমিল্লার জেলা প্রশাসক আবদুল মালেক বলেন, ‘বুড়িচংয়ের ওই পাঁচটি গ্রামের তাঁতিদের প্রচেষ্টা-পরিশ্রমের কথা আমার জানা আছে। সরকারের পক্ষ থেকে তাঁদের ঋণসুবিধাসহ সর্বাত্মক সহযোগিতা দেওয়ার চেষ্টা করব।’