তাঁদের উল্কি-প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবুতরের পায়ে চিরকুট বেঁধে দিয়ে ‘যাও পাখি বলো তারে’র দিন এখন বিগত। কাগজ-কলম নিয়ে আয়োজন করে বসে পত্র লেখালেখিও সেকেলে হতে বসেছে। মনের ভাব প্রকাশের জন্য এখন আছে ফেসবুক, আছে খুদে বার্তা।কিন্তু সবটুকু আবেগ কি আর যন্ত্রের মন্ত্রে ধরা যায়? খুদে বার্তারই বা সাধ্য কি বিশাল আবেগের ঢেউ গোনে? মনের গভীরতম প্রদেশে লুকিয়ে রাখা কথাটি প্রকাশের জন্য অনেকেই তাই আশ্রয় নেয় ভিন্ন মাধ্যমের। এবং ফুটবলারদের জন্য হালফিল উল্কি হয়ে উঠেছে আবেগ প্রকাশের অন্যতম জনপ্রিয় উপায়।আরও অনেক ক্ষেত্রের মতো এ জায়গায়ও ডেভিড বেকহাম বলা যায় নমস্য। বেকহাম যেন ট্যাটু বা উল্কির উপাসক, যোগ্য সমঝদার। পুরো শরীরটাই তিনি বানিয়ে ফেলেছেন ক্যানভাস। প্রায়ই সেখানে চলে উল্কির আঁকিবুঁকি। তাতে সন্তান-স্ত্রীর প্রতি ভালোবাসার চিহ্ন আছে, আছে ক্যারিয়ারের প্রতিচ্ছবি; আছে ধর্মীয় বিশ্বাসও।ধর্মীয় বিশ্বাস থেকে উল্কি আঁকিয়ে নেওয়ার জন্য সবচেয়ে আবেগের গল্পটি ফেডেরিকো মারচেত্তিকে নিয়ে। গত ফিফা বিশ্বকাপে জিয়ানলুইজি বুফন ইনজুরিতে পড়ায় হুট করে ইতালির সেরা একাদশে জায়গা পেয়ে যান মারচেত্তি, যাঁর জীবনের গল্পটি যেন সাজিয়ে লেখা কোনো চিত্রনাট্য। ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে সামান্য আক্ষেপটুকু নেই। বেঁচে থাকাটাকেই যে পরম প্রাপ্তি বলে মানেন।২০০৫ সালে ভয়াবহ দুর্ঘটনায় প্রায় দুমড়ে-মুচড়ে গিয়েছিল তাঁর গাড়ি। ঘটনাস্থলেই মারা যান মারচেত্তির দুই বন্ধু আন্দ্রিয়া আর ফ্রান্সি। মারচেত্তির বেঁচে ফেরাকে অলৌকিক বললেও যেন কম বলা হয়। ইতালিয়ান এই গোলরক্ষক নাকি গাড়ির ধ্বংসস্তূপে মৃত্যুর প্রহর গোনার সময় দেখা পেয়েছিলেন মা মেরির। স্বয়ং মেরি এসে উদ্ধার করেছেন তাঁকে।হয়তো প্রহেলিকা। কিন্তু এই বিশ্বাস তাঁর মনে এতটাই গেঁথে গেছে যে মারচেত্তি ডান বাহুতে মা মেরির সম্মানে একটা উল্কি আঁকিয়েছেন, বাঁ বাহুতে খোদাই করে লেখা, ‘আন্দ্রিয়া আর ফ্রান্সি, তোমরা চিরকালই আমার সঙ্গে থাকবে।’ফুটবলারদের উল্কি-সাধনার পথিকৃৎ বলা হয় বেকহামকে। ইংলিশ ফুটবল তারকার প্রায় ডজনখানেক উল্কির মধ্যে কয়েকটি ঈশ্বর-বন্দনার। বেকহামের উদরে আঁকা আছে যিশুখ্রিষ্টের ছবি। এ ছাড়া আছে দুজন দেবদূত। একজন দেবদূত আছেন তাঁর ডান বাহুজুড়ে। অন্যজন—গার্ডিয়ান অ্যাঞ্জেল—তাঁর পিঠের বড় অংশজুড়ে। গার্ডিয়ান অ্যাঞ্জেলের ডানা দুটো যুক্ত করা হয়েছিল পরে। সম্ভবত তিনি অনুপ্রাণিত হয়েছিলেন ফ্রান্সের জিব্রিল সিসে কিংবা অ্যাস্টন ভিলার স্টিফেন আয়ারল্যান্ডের উল্কি দেখে।শুধু বেকহাম নন, যিশুর উল্কি শরীরে ধারণ করেছেন আরও অনেক ফুটবলারই। নাপোলির এজেকুয়েল লাভেজ্জি, প্যারাগুয়ের সালভাদর কাবানাস, ব্রাজিলের নালদো—সবাই হূদয়ের পাশাপাশি শরীরেও ঠাঁই দিয়েছেন যিশুকে।তবে ধর্মীয় ছবি বা প্রতীক কিন্তু উল্কি হিসেবে সবচেয়ে জনপ্রিয় নয় ফুটবলারদের কাছে। বেশির ভাগই শরীরে এঁকে নেন, জীবনসঙ্গিনী, সন্তান কিংবা পরিবারের সদস্যদের নাম বা ছবি। চিলির আরতুরো ভিদাল যেমন এঁকে নিয়েছেন মায়ের ছবি। স্ত্রীর মুখাবয়ব আছে দানি আলভেজের ডান কাঁধে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার সন্তানদের নাম এঁকেছেন কনুই থেকে কব্জি পর্যন্ত।রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস বাঁ হাতের মধ্যমায় এঁকেছেন তাঁর ভাই আর বোনের নামের আদ্যক্ষর। অস্ট্রেলিয়ার টিম কাহিল বলা যায় সংক্ষিপ্ত জীবনীই বানিয়ে ফেলেছেন শরীরটাকে। সেখানে দাদা-দাদি, আত্মীয়-স্বজন সবার নাম তো আছেই, কাহিল এঁকেছেন তাঁর খেলা সব ক্লাবের নামও।স্ত্রী-সন্তানদের নাম হাতে আঁকার এমন ভূরি ভূরি উদাহরণ আছে। তবে পেরুর স্ট্রাইকার পাওলো গুয়েরেরো ব্যতিক্রমী কাজই করেছেন। স্ত্রীর ছবি এঁকে নিয়েছেন একদম পেটের ওপর! গুয়েরেরোর চামড়া গন্ডারের মতো নয় নিশ্চয়ই। উল্কিটি আঁকার সময় নিশ্চয়ই হেসেই গড়াগড়ি দিয়েছেন!বেকহামের পরই উল্কিসাধক হিসেবে সবচেয়ে নাম করেছেন ফার্নান্দো তোরেস। লিভারপুলের স্প্যানিশ তারকা ইংল্যান্ডে তাঁর বাড়িতে একটা স্টুডিওই বানিয়ে ফেলেছেন উল্কি আঁকানোর জন্য। উল্কি আঁকার ক্ষেত্রে তোরেসের রুচিও অন্য রকম। এই স্ট্রাইকার সাধারণত শরীরে আঁকেন দিনক্ষণ। সেখানে স্ত্রীকে প্রথম চুম্বনের তারিখটার মতো রোমান্টিকতা যেমন আছে, তেমনি ‘৯/১১’ আঁকিয়ে নিজের রাজনৈতিক সচেতনতাবোধেরও পরিচয় দিয়েছেন।উল্কিতে আছে দেশাত্মবোধও। ওয়েইন রুনি যেমন আঁকিয়েছেন ইংল্যান্ডের পতাকা। ঘানার কেভিন-প্রিন্স বোয়াটেং এঁকেছেন দেশের নাম। এক ধাপ এগিয়ে ইরাকের ইউনেস মাহমুদ জাতীয় পতাকার পাশাপাশি আঁকিয়েছেন দেশের মানচিত্রও!ইস্তেক পশুপাখির ছবিও বাদ নেই। উল্কি হিসেবে ভয়ংকর-দর্শন বিচ্ছু তো ভীষণ জনপ্রিয়। উল্কি আঁকার বিষয়-বৈচিত্র্যের যেন আসলেই শেষ নেই।জাত লড়াকু ফ্রানসেস্কো টট্টি আর ভিক্টর ভালদেস তাঁদের চরিত্রের সঙ্গে মানানসই রোমান ওয়ারিয়রদের উল্কি বানিয়েছেন। ফ্যাবিও ক্যানাভারো প্রেরণা খোঁজেন সামুরাই যোদ্ধাদের উল্কি থেকে। আর ‘জাতীয় ঐতিহ্য’ মেনে ডেনমার্কের ড্যানিয়েল অ্যাগার আঁকিয়েছেন জলদস্যু ভাইকিংদের নকশা! লিভারপুলের এই সেন্টারব্যাক নিজেও উল্কিশিল্পী। ২০০৯ সালে ক্লাব সতীর্থদের কথা দিয়েছিলেন, লিগ শিরোপা জিতলে নিজের হাতে সবার উল্কি আঁকিয়ে দেবেন। তোরেস বাদে বাকিরা বোধহয় উল্কি আঁকতে ভালোবাসেন না!যে যা-ই আঁকুন, ভালোবাসা থেকেই কাজটি করা হয়। শরীরে চির ঠাঁই পেয়ে যায় সেই উল্কি। ভালোবেসে সাইফ আলী খান যেমন আঁকিয়েছেন কারিনা কাপুরের নাম। এখন প্রশ্ন হলো, নবাবপুত্র সাইফের মন যেমন উড়ু উড়ু, কারিনার হূদয়-পাখির বাসা থেকে উড়ে অন্য কোথাও ঠাঁই নিলে তাঁর সেই ট্যাটুর কী হবে!প্রশ্নটা ক্রীড়া-বহির্ভূত মনে হচ্ছে বলে আপত্তি করছেন? বেশ। তবে অ্যান্ডি ফন ডার মেয়দের কথা শুনুন। শৈশবের ক্লাব আয়াক্সের নাম আঁকিয়েছেন নিজের হাঁটুতে। অমোচনীয় নাম নিয়েই এই মৌসুমে মেয়দে কিনা যোগ দিয়েছেন আয়াক্সের চিরশত্রু পিএসভি আইন্দহোফেনে!ফিফাডটকম অবলম্বনে রাজীব হাসান