তাঁদের তাঁরা
শুধুই টেনিসের টান নয়, ভালোবাসার মানুষটিকে উৎসাহ জোগানোরও একটা ব্যাপার থাকে। তাই গ্যালারিতে ছুটে আসেন তাঁরাস্কাটিশ গলফ টুর্নামেন্টের সময় আনা ইভানোভিচ ছুটে গিয়েছিলেন গলফ কোর্সে। ২০০৯ সালের জুলাইয়ের ঘটনা। ইভানোভিচ তখন টেনিসের পরিচিত মুখ, প্রিয় মুখ। ফ্রেঞ্চ ওপেন জিতেছেন আগের বছর। র্যাঙ্কিংয়ের সর্বোচ্চ ধাপটিতে বসা হয়ে গেছে। দর্শক জঙ্গলে ঘেরাও হয়ে গেলেন। হঠাৎ কেন এই গলফ-প্রেম? রহস্যের জট খুলল একটু পরেই। কেউ একজন বলে উঠলেন, ‘গলফ নয়, এসেছেন স্কটের টানে।’ অস্ট্রেলীয় গলফার অ্যাডাম স্কট। এর কিছুদিন আগে কুইন্সল্যান্ডের বিচে কোমরপানিতে স্বল্পবসনা ইভানোভিচের সঙ্গে এই স্কটের জলকেলির দৃশ্য ক্যামেরাবন্দী করেছেন পাপারাজিরা এবং সে ছবি ছাপা হয়েছে ট্যাবলয়েড পত্রিকায়।ইভানোভিচ স্কটের গলফ দেখতে ছুটে গেছেন গলফ কোর্সে। কিন্তু ইভানোভিচের টেনিস দেখতে স্কটকে গ্যালারিতে তেমন দেখা যায়নি। গ্র্যান্ড স্লাম তো বটেই, এটিপি, ডব্লুটিএ ট্যুরেও প্রায়ই দেখা যায় খেলোয়াড়দের বন্ধুবান্ধব, স্ত্রী কিংবা বাগদত্তারা খেলা দেখতে কিংবা তাঁদের উৎসাহ দিতে গ্যালারিতে হাজির। দৃশ্যটা একেবারে চোখ সওয়া। যাঁরা টিভিতে টেনিস দেখেন কিংবা নিয়মিত খেলার পাতায় চোখ বোলান—ছবি দেখলেই বলে দিতে পারবেন ইনি অমুকের বউ, ইনি বাগদত্তা কিংবা হবু স্বামী। তবে ৬ ফুট ১০ ইঞ্চি দীর্ঘ স্কটের কাছে টেনিসের গ্যালারি এখনো খুব চেনা জায়গা নয়।টেনিস তারকাদের ভালোবাসার মানুষদের মধ্যে গ্যালারির সবচেয়ে নিয়মিত দর্শক সম্ভবত মিরকা ফেদেরার। একটা ঝুঁকি নিয়েই বলা যেতে পারে, এবারের উইম্বলডনে ফেদেরারের প্রতিটা ম্যাচই তিনি দেখেছেন। ফেদেরারের জয়ে উল্লসিত হয়েছেন। জো-উইলফ্রায়েড সোঙ্গার কাছে কোয়ার্টার ফাইনালে স্বামীর পরাজয়ে আবার আকাশের কালো মেঘ জমেছিল তাঁর মুখে। আগের ম্যাচেই গ্যালারিতে বসে ঠোঁটে লিপস্টিক মেখেছেন। কিন্তু এদিন আর লিপস্টিক দেওয়ার সময় পাননি। সোঙ্গার বিপক্ষে ফেদেরারের কোণঠাসা হওয়ার পর মিরকার প্রতিটি মুহূর্তই তো কেটেছে শঙ্কায়, ‘পারবে তো!’ ফেদেরারের হারের পর মুখটা এমনই মলিন দেখাল, যেন এই মাত্র তাঁর পার্স চুরি হয়ে গেছে এবং সেই পার্সে ছিল কোটি টাকার হীরের নেকলেস!মিরকার সঙ্গে এখন অনেকটাই মিল—অ্যান্ডি মারের বান্ধবী কিম সিয়ার্স ও অ্যান্ডি রডিকের বউ ব্রুকলিন ডেকারের। সময়-সুযোগ পেলেই ছায়ার মতো ভালোবাসার মানুষটিকে অনুসরণ করেন দুজনই। এমনও শোনা যায়, গোসলের পর মারের মাথার চুলও আঁচড়ে দেন সিয়ার্স। রডিক ও ডেকারের দাম্পত্য-জীবনের খুটিনাটি অবশ্য সেভাবে প্রচারিত নয়। তবে ‘লাঞ্চে এই খেতে হবে, ডিনারে চর্বিজাতীয় খাবার নেওয়া যাবে না’—এমন খবরদারি নাকি রুটিনমাফিক করেই থাকেন স্বামীর ওপর।সিয়ার্সের মতো গ্যালারিতে ততটা সপ্রতিভ নন ব্রুকলিন। থেমে থেমেই চুলে হাত বোলান সিয়ার্স। পাশে বসে থাকা মারের মা জুডি কিংবা অন্য কারও সঙ্গে কথা বলেন। কিন্তু ব্রুকলিন গ্যালারিতে অনেকটাই চুপচাপ বসে থাকেন।নিজে খুব একটা কথা না বললেও গ্যালারিতে মোবাইল ফোনটা সক্রিয় থাকে নোভাক জোকোভিচের বউ ইয়েলেনা রিস্টিকের। হয় নিচু স্বরে কথা বলেন, কিংবা ছবি তুলতে কাজে লাগান মোবাইলকে। অবশ্য ব্যাপারটা এমনও হতে পারে, যখন মোবাইলটা হাতে সক্রিয় থাকে, তখনই ক্যামেরা ক্রুরা ক্যামেরায় ধরেন তাঁকে। তবে গ্যালারিতে এলে প্রায়ই চোখে থাকে রোদচশমা। রিস্টিকের মতো ইদানীং গ্যালারিতে নিয়মিত রাফায়েল নাদালের বান্ধবী মারিয়া ফ্রান্সেসকা পেরোল্লোও।গ্যালারিতে নতুন অতিথি শাশা ভুয়াচিচ। আমেরিকার ন্যাশনাল বাস্কেটবল লিগের এই তারকা খেলোয়াড়ের নামটি যাঁরা প্রথম শুনলেন, তাঁদের জন্য তাঁর পরিচয়টি আগেই দিই—ইনি মারিয়া শারাপোভার মনের মানুষ। বহু যুবকের স্বপ্ন চুরমার করে দিয়ে গত বছরের শেষ ভাগে শারাপোভার অনামিকায় বাগদানের আংটি পরানো ভুয়াচিচ সম্ভবত এই প্রথম এলেন গ্যালারিতে।টেনিস গ্যালারির আরও এক পরিচিত মুখ বেক কার্টরাইট। কয়েক বছর আগেও লেটন হিউইটের ম্যাচে থাকতেন গ্যালারি আলো করে। নানা নতুন ডিজাইনের পোশাকের জন্যও পরিচিত এই কার্টরাইট এবারও এসেছিলেন উইম্বলডনে। কিন্তু সদা সপ্রতিভ এই অভিনেত্রীকে নিষ্প্রভ দেখাল এবার। পোশাকে জৌলুশ নেই। তিন সন্তানের জননী—এই বোধটা কি পেয়ে বসল তাঁকে! শাহরিয়ার ফিরোজ