তাঁদের মতো নাম যত!
টেন্ডুলকার কিন্তু শচীন নন, সোবার্স কিন্তু গ্যারি, মুরালিধরন কিন্তু মুত্তিয়া নন। আমাদের চেনা গণ্ডির বাইরেও কিন্তু টেন্ডুলকার-সোবার্স-লারা-মুরালিধরন আছেন ক্রিকেটের দুনিয়ায়! তাঁদের কথা শোনাচ্ছেন আরিফুল ইসলামঘটনা গত ক্রিকেট বিশ্বকাপের সময়কার। প্রখ্যাত এক ব্রিটিশ সাংবাদিক গেছেন ভারতে। বিশ্বকাপ কাভার করার পাশাপাশি খোঁজ নিচ্ছিলেন টেন্ডুলকারের। খুবই স্বাভাবিক, যেকোনো ক্রিকেট সাংবাদিকের ভারতে গিয়ে সবার আগে টেন্ডুলকারের খোঁজখবরই নেওয়ার কথা। কিন্তু এই বেচারা শত চেষ্টায়ও টেন্ডুলকারের কোনো খোঁজ পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত হানা দিলেন বিসিসিআই অফিসে। বহু কাগজপত্র, ফাইল-দস্তাবেজ ঘেঁটেও টেন্ডুলকারের কোনো খোঁজ, ঠিকানা পাওয়া গেল না। নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভারতে গিয়ে টেন্ডুলকারকে খুঁজে না পাওয়ার মানে কী! এই টেন্ডুলকার যে ‘শচীন’ নন, চন্দ্রকান্ত টেন্ডুলকার!ভাবছেন এ আবার কোন টেন্ডুলকার! এই টেন্ডুলকারও ক্রিকেট খেলেছেন। যে বছর (১৯৮৮) চন্দ্রকান্ত টেন্ডুলকারের প্রথম শ্রেণীর ক্যারিয়ার শেষ, সে বছরই শচীন টেন্ডুলকারের শুরু। মনে রাখার মতো কিছু অবশ্য করতে পারেননি। তিন বছরের প্রথম শ্রেণীর ক্যারিয়ারে পাঁচটি ম্যাচ খেলেছেন গোয়ার হয়ে, রান মাত্র ৯০। কিন্তু ক্যারিয়ার ঘেঁটে কী হবে, নাম ‘টেন্ডুলকার’, তাঁকে আঁতিপাতি করে খোঁজার জন্য এটাই কি যথেষ্ট নয়! শচীন রমেশ টেন্ডুলকার ছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা একমাত্র টেন্ডুলকার এই চন্দ্রকান্ত। ক্রিকইনফো প্রোফাইল বলছে, বয়স ৫১ বছর। বেঁচেও আছেন। তবে কোথায় আছেন, কী করছেন এখন, এটা জানা নেই কারও। টেন্ডুলকারের চেয়ে ‘লারা’ নামটি বরং অনেক বেশি প্রচলিত। কিন্তু মজার ব্যাপার হলো, ব্রায়ান লারা ছাড়া আর কোনো লারা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেননি! ঠিক লারা না হলেও একজন ‘লারা-মানব’ অবশ্য খেলতে পারতেন টেস্ট ক্রিকেট। মিডলসেক্সের হয়ে ৪৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন অ্যারন লারাম্যান, দারুণ প্রতিশ্রুতিশীল অলরাউন্ডারও ছিলেন। কিন্তু ক্যারিয়ারে গতি খুঁজে পাননি। ২০০৫ সালে কাউন্টি চুক্তি হারানোর পর প্রথম শ্রেণীর ক্রিকেট ছেড়ে দেন ২৬ বছর বয়সেই। একজন মহিলা লারা অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে সাতটি ওয়ানডে খেলেছেন পেসার লারা মলিন্স। গত বছর ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে খেলেছেন এস লারা নামের একজন। ব্রায়ান লারার মেয়ের নামও ‘এস’ দিয়ে (সিডনি লারা), বয়স এখন ১৬। তবে ব্রায়ান লারার মেয়ে ক্রিকেটে এলে চারদিকে হইচই পড়ে যেত। অথচ এই এস লারার পরিচয় তো বহু দূর, পুরো নামও পাওয়া যায়নি। তিনি তাই লারার মেয়ে নন, এটা নিশ্চিত। লারা নামের একজন নারী ক্রিকেটার তবু ওয়ানডে খেলেছেন, কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে মুত্তিয়া মুরালিধরন পুরোপুরি ‘নিঃসঙ্গ’। ২০০৮ সালের এসিসি ট্রফিতে মালয়েশিয়ার হয়ে ব্যাটিং ওপেন করেছিলেন অবশ্য ডারউইন মুরালিধরন নামের একজন। দুটি ম্যাচই খেলেছিলেন, সৌদি আরবের বিপক্ষে করেছিলেন ৩৩, সিঙ্গাপুরের বিপক্ষে ১৩। এই মুরালির বয়স-জন্মস্থান-পরিচয় কিছুই জানা যায়নি। তবে খেলেছেন মালয়েশিয়ার অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ দলেও। আরেক স্পিন জাদুকর শেন ওয়ার্ন আবার এতটা নিঃসঙ্গ নন। ৯৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ফ্রাঙ্ক ওয়ার্ন নামের একজন। তিনিও ছিলেন লেগ স্পিনার এবং তিনিও ভিক্টোরিয়ার! শেনের মতো অবশ্য জাত লেগ স্পিনার ছিলেন না ফ্রাঙ্ক, মূলত লেগ স্পিনিং মিনি অলরাউন্ডার। ৩ সেঞ্চুরিতে রান করেছেন ৩২১৫, সঙ্গে ১৩৮ উইকেট। ভিক্টোরিয়ার হয়ে যদিও মাত্র দুটি ম্যাচ খেলেছেন, বেশি খেলেছেন উস্টারশায়ার আর পরে ট্রান্সভালের হয়ে। শেন ওয়ার্ন যখন গ্রেটনেসের পথে হাঁটা শুরু করেছেন, তখন ৮৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে গেছেন ফ্রাঙ্ক ওয়ার্ন (১৯৯৪ সালে)।অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটারের নাম নিঃসন্দেহে ‘ব্র্যাডম্যান’। বিস্ময়কর হলেও সত্যি, স্যার ডন ছাড়া ব্র্যাডম্যান নামের আর কোনো অস্ট্রেলিয়ান প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেননি। শ্যানন ব্র্যাডম্যান নামের একজন তাসমানিয়ার অতিরিক্ত দল পর্যন্ত যেতে পেরেছিলেন, এই! ব্র্যাডম্যান নামের আর একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেটার ব্র্যাডম্যানের স্মৃতিধন্য শ্রীলঙ্কার। উপমহাদেশের একমাত্র যে মাঠে স্যার ডনের পা পড়েছে, সেই পি সারা ওভালের দল তামিল ইউনিয়নের অলরাউন্ডার ছিলেন ব্র্যাডম্যান ইদিরিবিরা। ২০০৯ সালে অবসর নেওয়ার আগে খেলেছেন ১১৫টি প্রথম শ্রেণীর ম্যাচ। ব্র্যাডম্যান যেমন সর্বকালের সেরা ব্যাটসম্যান, তেমনি সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে মোটামুটি স্বীকৃত স্যার গ্যারি সোবার্স। অবাক ব্যাপার, ব্র্যাডম্যানের মতো বলার তেমন আর কোনো সোবার্সও নেই ক্রিকেটে! ১৯৭৮ সালে এস সোবার্স নামের একজন দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছিলেন টোবাগোর হয়ে, এই তো! তবে স্যার গ্যারির দুই বছরের বড় ভাই জেরি সোবার্স নাকি ছিলেন আরও ভালো ব্যাটসম্যান। বারবাডোজে ক্রিকেটাঙ্গনে গ্যারির চেয়ে ভবিষ্যৎ তারকা হিসেবে জেরির কদরও ছিল অনেক বেশি। ১৯৫৩ সালে সফরকারী ভারতীয় দলের বিপক্ষে গ্যারির প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক মাত্র ১৬ বছর বয়সে। তবে ওই ম্যাচে অভিষেকের কথা ছিল আসলে নাকি বড় ভাই জেরির, ‘জি সোবার্স’ নাম থেকে ভুল করে ছোট ভাইয়ের অভিষেক হলো কীভাবে, এ নিয়ে লম্বা গল্প প্রচলিত আছে। যা হোক, বড় ভাইয়ের ক্যারিয়ার আর সঠিক পথ খুঁজে পায়নি। আর ছোট ভাইয়ের ঔজ্জ্বল্যে আলোকিত হয়েছে বিশ্ব ক্রিকেট।অন্য রকম একজনের কথা বলে শেষ করা যাক। ক্রিকেট ও খেলার জগতের বাইরের অনেকে বিখ্যাত নামের সঙ্গে মিলিয়ে রাখা নামের অনেকেই খেলেছেন ক্রিকেট। এই বাইরের জগতে যদি ঢুঁ মারেন, নেলসন ম্যান্ডেলার মতো মহীরুহ আর কে আছেন! জানেন কি, নেলসন ম্যান্ডেলা নামের একজন এখন খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট! পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন, একটু-আধটু পরিচিতি পেয়েছেন নেলসন ওদিয়াম্বো নামে। কেনিয়ান অলরাউন্ডের পুরো নাম নেলসন ম্যান্ডেলা ওদিয়াম্বো! ২৩ বছর বয়সী নেলসন চাচার মতোই অলরাউন্ডার। ওহ, চাচা কে? কেনিয়ার ইতিহাস-সেরা ক্রিকেটারদের একজন, টমাস ওডোয়ো!