তাঁদের মিল-অমিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঁচি থেকে মাতালের দূরত্ব অনেক। ভারত আর শ্রীলঙ্কা মুম্বাইয়ের দিকে একেক ধাপ এগিয়েছে, সেই দূরত্ব একটু একটু করে কমেছে। দেড় মাস ধরে ধাপে ধাপে কমে এসে ভারতের রাঁচি আর শ্রীলঙ্কার মাতালের দূরত্ব এখন শূন্যে। দূরত্ব আসলে কমিয়ে এনেছেন রাঁচির মহেন্দ্র সিং ধোনি এবং মাতালের কুমার সাঙ্গাকারা।মুম্বাই ফাইনালের আগে ভারত-শ্রীলঙ্কা দুই দেশের দুই অধিনায়ক ধোনি-সাঙ্গাকারা যখন মুখোমুখি অথবা পাশাপাশি, তখন তো রাঁচি-মাতালের দূরত্ব শূন্যই। রাঁচি-মাতালেকে এক মঞ্চে নিয়ে আসার সঙ্গে ধোনি-সাঙ্গাকারায় মিলে বিশ্বকাপকে একটি নতুন রেকর্ডও উপহার দিয়েছেন—এই প্রথম বিশ্বকাপের ফাইনালে দুই দলের নেতৃত্ব দিচ্ছেন দুই অধিনায়ক।গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়ানোতেই শুধু নয়, ধোনি-সাঙ্গাকারার মিল আরও অনেক কিছুতেই। অধিনায়ক হিসেবে দুজন বিশ্বকাপের ফাইনালে উঠেছেন এই প্রথম। অধিনায়ক হিসেবে ম্যাচ খেলার সেঞ্চুরি করে ফেলেছেন ধোনি (১০১), সাঙ্গাকারা ফিফটির কাছাকাছি (৪৪)। তবে দুজনেরই অধিনায়ক হিসেবে এটা প্রথম বিশ্বকাপও।অধিনায়ক হিসেবে খুব বেশি অভিজ্ঞ ধোনি-সাঙ্গাকারা না হতে পারেন, তবে দুজনই প্রতিনিয়ত প্রমাণ দিয়ে যাচ্ছেন পরিণতবোধের। দুজনের চিন্তা-চেতনা আর নেতৃত্বগুণে বিস্ময়কর পরিপক্বতা। ধোনির নেতৃত্বগুণ বিশ্লেষণ করতে গিয়ে সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, ‘ভারতের মতো ক্রিকেট-উন্মাদ একটি দেশের হয়েও ধোনি দারুণ শান্ত আর স্থিরতা নিয়ে অধিনায়কত্ব করে যাচ্ছে।’ সাঙ্গাকারার অধিনায়কত্ব নিয়ে বলতে গিয়ে মারভান আতাপাত্তু ঠিক যেন এ কথারই প্রতিধ্বনি তুলেছেন, ‘অনেক স্থির একজন অধিনায়ক ও। সাঙ্গাকারা এমন একজন নেতা, যার ব্যক্তিত্ব আছে এবং দারুণ পারফরম্যান্স করে সবার সমীহ আদায় করে নিতে পারে।’ধোনি আর সাঙ্গাকারার এই মিলের মাঝে কিছু অমিলও আছে। দুজনেই দলের ব্যাটিংয়েও ভালো অবদান রাখছেন, তবে অমিলটা তাদের এই জায়গাতেই। এ ক্ষেত্রে ধোনির চেয়ে সাঙ্গাকারা একটু এগিয়ে। সাঙ্গাকারা তাঁর দলের অন্যতম ব্যাটিং ভরসা, ভারত দলে অনেক বড় বড় ব্যাটিং তারকা আছেন বলে ধোনি তাঁদের ছায়ায় ঢাকা। যদিও ১৮৫টি ওয়ানডে ক্যারিয়ারে পাঁচ হাজার ৯৫৮ রান তোলা ধোনির গড় (৪৮.০৪) বলছে, ব্যাটসম্যান হিসেবে তিনিও প্রথম সারির। সেঞ্চুরি ৭টি, ফিফটি ৩৭টি। ২৯০ ম্যাচ খেলা সাঙ্গাকারা গড়ের দিক দিয়ে ধোনির চেয়ে একটু পিছিয়েই আছেন (৩৭.৯৮), তবে নয় হাজার ১১৬ রান করা সাঙ্গাকারা সেঞ্চুরি আর ফিফটির দিক থেকে এগিয়ে। ১১টি সেঞ্চুরি করেছেন লঙ্কান অধিনায়ক, ফিফটি ৬২টি।এই এগিয়ে থাকা আর পিছিয়ে থাকা এবং মিল-অমিল নিয়েই আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন রাঁচি-মাতালেকে এক জায়গায় করা ধোনি-সাঙ্গাকারা। ম্যাচ শেষে ওয়াংখেড়ের মায়াবি আলোয় সোনালি ট্রফির সঙ্গে মিলিয়ে একজন হাসবেন সোনার হাসি। তখন আবার দূরত্ব বেড়ে যাবে রাঁচি আর মাতালের। একটি শহর উৎসবের রঙের ছটায় রঙিন হবে, অন্য শহরে থাকবে হতাশার অন্ধকার। একজন থাকবেন পূর্ণ, আরেকজন রিক্ত।অধিনায়ক ধোনি ম্যাচ জয় হার টাই পরি.ওয়ানডে ১০১ ৫৮ ৩৫ ১ ৭ বিশ্বকাপ ৮ ৬ ১ ১ ০ অধিনায়ক সাঙ্গাকারা ম্যাচ জয় হার টাই পরি.ওয়ানডে ৪৪ ২৭ ১৩ ০ ৪ বিশ্বকাপ ৮ ৬ ১ ০ ১