তাঁদের শাস্তিমূলক বদলি করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) যাদব চন্দ্র মণ্ডল ও অফিস সহকারী আবদুল করিমকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। অন্য চিকিৎসকদের শাস্তির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। শ্রীপুরের দারিয়াপুরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের বিরুদ্ধে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিতসহ নানা অভিযোগে স্থানীয় জনগণ ১৭ জুলাই বিক্ষোভ-সমাবেশ করে। সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ন মোল্লা ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ জন চিকিৎসকের কাউকেই কর্মস্থলে উপস্থিত পাননি। অথচ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো চিকিৎসকই ওই দিন ছুটিতে ছিলেন না। সিভিল সার্জন তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সব চিকিৎসকের বেতন বন্ধের নির্দেশ দেন। এ ছাড়া বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার জন্য সব চিকিৎসককে কারণ দর্শাতে বলেন। সিভিল সার্জন এসব চিকিৎসকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানান।এ প্রসঙ্গে মাগুরা সিভিল সার্জন (চলতি সপ্তাহে প্রমোশনজনিত কারণে ঢাকায় বদলি হয়েছে) মোহাম্মদ হুমায়ন মোল্লা বলেন, ‘শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ওই দায়িত্বহীন আচরণের জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যাদব চন্দ্র মণ্ডলকে ফরিদপুর এবং ওই স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী আবদুল করিমকে মাগুরার শালিখা উপজেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে। এ ছাড়া দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তারা স্বাস্থ্যসেবার অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে জেলায় জেলায় সফরে থাকায় অন্য চিকিৎসকদের এখনো বদলিসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আদেশ হয়নি। তবে দ্রুত ওই সব চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে আমাকে কর্তৃপক্ষ জানিয়েছে।’আলোকিত দক্ষিণে ৮ আগস্ট এ ব্যাপারে ‘চিকিৎসাসেবার এক কী হাল? মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদন ছাপা হওয়ার পর স্বাস্থ্য বিভাগসহ সকল মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।