তাঁর অতৃপ্তির জায়গা
এত সব অর্জনের পরও কিছু অতৃপ্তি রয়ে গেছে রজার ফেদেরারের। সেসব নিয়েই লিখেছেন শাহরিয়ার ফিরোজরেকর্ড-পরিসংখ্যান এসবের খবর বোধহয় ভালোই রাখেন রজার ফেদেরার। নইলে গত সপ্তাহে প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে জয়ের পর এক সাংবাদিক যখন মনে করিয়ে দিলেন এটি তাঁর ক্যারিয়ারে ৮০০তম জয়, একটুও অবাক হলেন না কেন! উল্টো মনে করিয়ে দিলেন, তাঁর চেয়ে অনেক বেশি ম্যাচ জিতেছেন, এমন খেলোয়াড়ও আছেন। পরে অবশ্য যা বললেন, সেটাকে ‘সৌজন্যতার খাতিরে’ বলেও চালিয়ে দেওয়া যায়। ‘এটা স্রেফ আরেকটা জয় হলেও আমার কাছে বিশেষ কিছু। কারণ ৮০০ অবশ্যই একটা বড় সংখ্যা’—ফেদেরার জানতেন এটি ছিল তাঁর মাইলফলক-ছোঁয়া জয়।অবশ্য ৮০০তম জয় নিয়ে তাঁর খুব উচ্ছ্বসিত হওয়ারও কিছু নেই। প্যারিস মাস্টার্সের ফাইনাল জিতে জয়ের সংখ্যাটাকে উন্নীত করেছেন ৮০২-এ। কিন্তু তাঁর চেয়ে তো ৪১৫ ম্যাচ বেশি জিতেছেন যুক্তরাষ্ট্রের জিমি কোনর্স। ২৬৯টি বেশি ইভান লেন্ডল। ১১৭টি আর্জেন্টিনার গিলোর্মো ভিলাস। এমনকি জন ম্যাকেনরো, আন্দ্রে আগাসি, স্টেফান এডবার্গরাও জিতেছেন তাঁর চেয়ে বেশি ম্যাচ। ফেদেরারের অতৃপ্তির জায়গা শুধু এটিই নয়। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা (১৬) জয়, সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের ফাইনাল (২৩), সবচেয়ে বেশি দিন (২৩৭ সপ্তাহ) টানা টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখার মতো ঈর্ষণীয় অনেক রেকর্ডেরই মালিক ফেদেরার। তবু আলোচিত এমন কিছু রেকর্ডও আছে, যেখানে তিনি শীর্ষে নন, কিংবা তালিকায় নামই নেই তাঁর।সবচেয়ে বেশি ম্যাচ জয়ের মতো এটিপি টুর্নামেন্ট জয়েও অনেকের চেয়ে পিছিয়ে ফেদেরার। প্যারিস মাস্টার্সেরটি তাঁর ক্যারিয়ারের ৬৯তম শিরোপা। কোনর্স জিতেছেন ১০৯টি। সেরা ফর্মে থাকার সময় ২০০৬ সালে এক বছরে সর্বোচ্চ ১২টি শিরোপা জিতেছিলেন ফেদেরার। সেই ফর্ম ফিরে পেলেও শিরোপা জয়ে কোনর্সকে ছাড়িয়ে যেতে কিংবা ধরে ফেলতে ফেদেরারকে খেলতে হবে কমপক্ষে আরও চার বছর! কিন্তু সেই ফর্ম ফিরে পাওয়াটা যে অসম্ভব, সেটি বলছে তাঁর এ বছরের পারফরম্যান্স—জিতেছেন মাত্র ৩টি শিরোপা।সবচেয়ে বেশি টানা ম্যাচ জয়ের ক্ষেত্রেও অনেকের চেয়ে পিছিয়ে ফেদেরার। টানা সর্বোচ্চ ম্যাচ জিতেছেন ৪১টি। ৪৬টি ম্যাচ জিতে সবার শীর্ষে আর্জেন্টিনার গিলের্মো ভিলাস। এই দুজনের মাঝে আছেন আরও চারজন—ইভান লেন্ডল (৪৪), বিয়ন বোর্গ (৪৩), নোভাক জোকোভিচ (৪৩) এবং জন ম্যাকেনরো (৪২)। উন্মুক্ত যুগে বছরের চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টই জেতার রেকর্ড শুধু রড লেভারের। ১৯৬৯ সালের আগে ১৯৬২ সালেও এই কীর্তির জন্ম দিয়েছিলেন এই অস্ট্রেলীয় গ্রেট। তাঁর পরে বিশ্ব টেনিস আর মাত্র একবারই দেখেছে এমন কীর্তি। তবে সেটি পুরুষদের টেনিসে নয়, মহিলা টেনিসে। ১৯৮৮ সালে বছরের সব কটি গ্র্যান্ড স্লাম জেতেন জার্মানির স্টেফি গ্রাফ। ওই বছর স্টেফি জিতেছিলেন সিউল অলিম্পিকের সোনাও। তথ্যটা উল্লেখ করার কারণ, অলিম্পিকের সোনাটা এখনো অধরাই রয়ে গেছে ফেদেরারের। বছরের চারটি গ্র্যান্ড স্লাম জয়ের স্বপ্নও যে পূরণ হচ্ছে না, সেটিও বলে দেওয়াই যায়। নয় বছরের মধ্যে এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম ট্রফিই ওঠেনি তাঁর হাতে।এক বছরে সবচেয়ে বেশি শিরোপা জয়েও পিছিয়ে ফেদেরার। ১৬টি শিরোপা নিয়ে এই তালিকার শীর্ষে গিলের্মো ভিলাস। এক বছরে সর্বোচ্চ ১২টি শিরোপা জেতা ফেদেরারের আগে আছেন লেন্ডল (১৫), কোনর্স (১৫), রুমানিয়ার ইলি নাসতাসে (১৩), বোর্গ (১৩) ও ম্যাকেনরো (১৩)।তবে আজ না হয় কাল তাঁরই হবে, এমন অনেক রেকর্ডও আছে ফেদেরারের সামনে। গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি ৩১টি সেমিফাইনাল খেলেছেন কোনর্স। তাঁর খুব কাছেই ফেদেরার (২৯)। গ্র্যান্ড স্লামে কোনর্স ম্যাচ জিতেছেন ২৩২টি। ফেদেরার জিতেছেন ২২৮টি।সবাইকে সবকিছু জয় করতে হবে, এমন কোনো কথা নেই। এরই মধ্যে যা অর্জন করেছেন ফেদেরার, তাতেই চির অমর হয়ে থাকবেন টেনিস ইতিহাসে। ক্যারিয়ারের বর্ণাঢ্যতায়, বিশালতায় তাঁর মতো আরেক তারকার জন্য বিশ্ব টেনিসকে কত বছর অপেক্ষা করতে হবে কে জানে। অনেক বছর, হয়তোবা অনেক যুগও!