তাঁর অন্য হ্যাটট্রিক
টিভি পর্দা, স্টেডিয়ামের বড় পর্দা—কোথাও ওই বলটার গতি দেখানোই হলো না। টানা ২ বলে ২ উইকেট নেওয়ার পর তৃতীয় বলটি শহীদ আফ্রিদি করেছিলেন বিদ্যুৎ গতিতে। তাঁর বিখ্যাত কুইকার। ব্যাটসম্যান খুররম চোহানও যেন এটার জন্যই প্রস্তুত ছিলেন, খেললেন মাঝ ব্যাটে। হ্যাটট্রিক হলো না। এই বিশ্বকাপ দেখল না হ্যাটট্রিকের হ্যাটট্রিকও।হ্যাটট্রিক হয়নি, তবে আরেকটা ক্ষেত্রে তিনে তিন কিন্তু ঠিকই হয়েছে। টানা তিন ম্যাচে চার বা এর বেশি উইকেট! পরশু প্রেমাদাসার সংবাদ সম্মেলনে আফ্রিদির পাশে ওয়াকার ইউনুস থাকলে খুব মানিয়ে যেত। পাকিস্তান অধিনায়ক যে রেকর্ড বুকেও বসেছেন কোচের পাশে! অবশ্য শুধু ওয়াকারই নন, এই রেকর্ডে আফ্রিদির পাশে আরও পাঁঁচজন। প্রথম নামটিই যথেষ্ট চমক জাগানিয়া। নরেন্দ্র হিরওয়ানি!টেস্ট অভিষেকে ১৬ উইকেট নেওয়ার মতো ওয়ানডের শুরুতেও ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন ভারতের লেগস্পিনার। অভিষেকে কিছু করতে পারেননি, কিন্তু ক্যারিয়ারের তৃতীয়, চতুর্থ আর পঞ্চম ওয়ানডেতে পেয়েছিলেন ৪ উইকেট করে! বলা বাহুল্য, টেস্টের মতো তাঁর ওয়ানডে ক্যারিয়ারও খুব একটা দীর্ঘ হয়নি। বাকি চারজনের দুজন স্পিনার, দুজন পেসার। স্পিনারদের একজন শেন ওয়ার্ন, আরেকজন? আবদুর রাজ্জাক। ওয়ার্নের কীর্তি ১৯৯৬-এর ডিসেম্বর-জানুয়ারিতে। আর বাংলাদেশ স্পিনার গত ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। ওই সিরিজেই ওয়ানডে ইতিহাসের একমাত্র বাঁহাতি স্পিনার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন; রাজ্জাক জানলে গর্বিত হবেন টানা তিনের এই রেকর্ডে একমাত্র বাঁহাতি তিনিই!রাজ্জাকের কীর্তি যদি বাংলাদেশের জন্য গর্বের হয়, মন খারাপ করিয়ে দেওয়ার জন্য আছেন ভ্যাসবার্ট ড্রেকস। ওয়েস্ট ইন্ডিজের মিডিয়াম পেসার ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রতিটিতেই পেয়েছিলেন ৪ উইকেট। বাকি থাকলেন যিনি, পরশুর ম্যাচেও তিনি ছিলেন। আফ্রিদির হ্যাটট্রিকটা হতে না দেওয়া সেই খুররম চোহান। কানাডার পেসার টানা তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন কেনিয়া ও আফগানিস্তানের বিপক্ষে।তবে পাশাপাশি থেকেও বাকি ছয়জনকে অনেকটা ছাড়িয়ে গেছেন ওয়াকার। এমন কীর্তি একজীবনে একবার হলেই যেখানে অনেকের বর্তে যাওয়ার কথা, ওয়াকার করেছেন তিন-তিনবার! তিনটাই ক্যারিয়ারের প্রথম ভাগে। ১৯৯০ সালে দুই দফায়, আরেক দফায় ১৯৯৪ সালে। এর মধ্যে একবার আবার টানা তিন ম্যাচে নিয়েছেন ৫ উইকেট, ওয়ানডে ইতিহাসে যে কীর্তি একমাত্র হয়ে আছে এখনো। আফ্রিদির অবশ্য সুযোগ আছে কোচসহ বাকি সবাইকে ছড়িয়ে যাওয়ার। আগামী ম্যাচে ৪ উইকেট পেলেই তো হয়ে যাবে টানা ৪ ম্যাচে ৪!সংবাদ সম্মেলনে প্রায় সব কথার উত্তরই আফ্রিদি দেন ছোট্ট করে। নিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন হলে সেটা আরও ছোট হয়ে যায়। পরশুই যেমন টানা তিন ম্যাচে এমন বোলিং নিয়ে তাঁর কথা, ‘ভালো হচ্ছে, আমি খুশি।’ ব্যাটিংয়ে সফল হচ্ছেন না...‘দেখবেন হয়ে যাব, ইনশাআল্লাহ।’সত্যিই যদি আগামী ম্যাচে চারে চার করে ফেলেন, তাহলেও কি প্রতিক্রিয়া এমন পরিমিত থাকবে? সেই সম্ভাবনাই বেশি।