তাঁর একটু যে অপূর্ণতা
মিলটা খেয়াল করে দেখেছেন? ১৯২৮ সালের জুনে আর্জেন্টিনার রোজারিওতে জন্মেছিলেন এক বিপ্লবী। নাম তাঁর চে গুয়েভারা। ছয় দশক পর সেই জুনে সেই রোজারিওতেই জন্মালেন আরেক ‘বিপ্লবী’। নাম লিওনেল মেসি। মিলটা শেষ হয়ে যাচ্ছে না এখানেই। চের বিপ্লবের ক্ষেত্র কিন্তু তাঁর নিজ দেশ ছিল না। কিউবার পর তিনি বিপ্লবের ফসল ফলাতে গিয়েছিলেন বলিভিয়ায়। লিও মেসিও তাই। ফুটবল মাঠের বিপ্লবটা তাঁর স্পেনে-বার্সেলোনায়। আর্জেন্টিনা আর বার্সেলোনার দূরত্ব যতটা, তার চেয়েও অযুত-নিযুত ব্যবধান দুই দলের হয়ে মেসির পারফরম্যান্স। হ্যাঁ, আর্জেন্টিনার হয়ে ২০০৮ অলিম্পিকের সোনা জিতেছেন বটে। কিন্তু ফুটবলের দলগত অর্জনের পাল্লায় এই সোনার ওজন খুব একটা বেশি নয়। কিন্তু জাতীয় দলের হয়ে মেসি কী করছেন? প্রশ্নটার উত্তর দিতে হলে ওই অলিম্পিক সোনাটাই তো সম্বল।আজ মাঠে নামছেন মেসি। যদি বার্সেলোনার মেসি নামতেন, নিশ্চিত করেই বলা যেত প্রতিপক্ষকে একেবারে তেড়েফুঁড়ে ছিন্নভিন্ন করে দেবেন। আর্জেন্টিনার জার্সি গায়ে তিনি যে একেবারেই অনুজ্জ্বল তা-ও নয়। এই তো কলকাতায়ও ভেনেজুয়েলার বিপক্ষে ৯০ মিনিটই আলো ছড়িয়েছেন। সেই দুর্দান্ত ড্রিবলিং, সলো রান করে বল টেনে আনা বক্সের এপাশ থেকে ওপাশে, ডামি করে ধন্দে ফেলে দেওয়া প্রতিপক্ষের মার্কারদের। কিন্তু গোলটাই কেবল পাননি। হয়তো আপনি ভাগ্যকে দুষতে পারেন। কিন্তু এই প্রশ্নও এখন উঠছে, আর্জেন্টিনার হয়ে গোল করতে না-পারাটা এখন মেসির জন্য মানসিক চাপও হয়ে উঠছে কিনা।ডি-বক্সের সীমানায় বল পেয়ে গেলেই অবচেতনভাবে মনে এই কথা হয়তো ভেসে ওঠে—আর্জেন্টিনার হয়ে আমি পারি না। আর এই চাপটাই গড়বড় করে ফেলে। ফুটবলে নিখুঁত ফিনিশিংয়ের জন্য সবকিছু নিখুঁত হওয়া চাই। সেখানে এক মিলি সেকেন্ডের এদিক-ওদিক মানেই কিন্তু গোল হওয়া আর না-হওয়া। বলা হয়, আর্জেন্টিনা দলে মেসির পেছনে তো আর বার্সার জাভি-ইনিয়েস্তার মতো দুই কারিগর নেই। তা হয়তো নেই। কিন্তু বক্সের প্রান্তে যেসব বল মেসি পান, সেগুলোর জন্য আর জাভি-ইনিয়েস্তার দরকার পড়ে না। তখন তো একটা কাজই করতে হয় মেসিকে—ফিনিশিং। সেটাই তো পারছেন না।পারছেন না বলেই এই মৌসুমেই এরই মধ্যে বার্সার হয়ে ৪ ম্যাচে ৬ গোল করে আগের তিন মৌসুমের (৩৮, ৪৭ ও ৫৩ গোল) কথা যখন মনে করিয়ে দিচ্ছেন, তখনো জাতীয় দলের হয়ে মেসি গোলশূন্য। বার্সার হয়ে ২৭৩ ম্যাচে ১৮৬ গোল তাঁর। ২০০৮-০৯ মৌসুম থেকে ধরলে ১৬৩ ম্যাচে ১৪৪ গোল। পুরোদস্তুর স্ট্রাইকার না হয়েও বার্সার হয়ে গড়ে প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন যেখানে; জাতীয় দলের হয়ে ৬০ ম্যাচে মেসির গোল মাত্র ১৭। এটা চাপ নয়তো কী? ব্যাখ্যাটা মেসিও জানতে চান। তিনিও ভালো করেই জানেন, সেই অলৌকিক সোনা কাঠি-রুপা কাঠি আছে তাঁর কাছেই, যার স্পর্শে ঘুম ভাঙবে আর্জেন্টিনা দলের। ফুটবল সত্যিকারের টিম গেম, এখনকার দিনে সেটি আরও সত্যি। একা ম্যারাডোনা এই যুগেও কতটা কী করতে পারতেন বলা কঠিন। কিন্তু সেই টিম গেমেও কেমন জানি আলাদা হয়ে যাচ্ছেন মেসি। বাকিদের সঙ্গে তাঁর এত ব্যবধান, মেসিকে আলাদা করে চোখে পড়বেই, উৎ সাহী চোখজোড়াও খুঁজে ফিরবে তাঁকেই। কাল বাস থেকে নেমে হোটেলে ঢোকার মুখেও মেসিকে নিয়েই শোরগোল পড়ে গেল। শেষ বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হওয়া অনুশীলনও মেসিময়। হাজার সাতেক দর্শকই ‘মেসি, মেসি’ চিৎ কারে গ্যালারি ফাটাল। একবার সেই দর্শকদের দিতে মেসি হাত তুলে অভিনন্দন জানাতেই সে কী উল্লাসে ফেটে পড়ল সবাই।মেসি জানেন, দলগত খেলা হলেও বাড়তি জাদু তাঁর কাছেই প্রত্যাশিত। আর খেলা বানিয়ে দেওয়ার পাশাপাশি গোলও চাই। নিজেও বলেছেন, ‘বার্সার হয়ে এমনও হয় আমি যেন না চাইতেও গোল পেয়ে যাই। অথচ জাতীয় দলের হয়ে সেটি পারি না। কেন যে পারি না, সেটা নিয়ে আমিও ভাবছি।’ মেসির ভাবনাটা যেন আবার দুর্ভাবনায় পরিণত না হয়। এই চিন্তাটাই করছেন আলেজান্দ্রো সাবেলা। নতুন কোচের একটাই নির্দেশনা—‘মেসিকে সুখে রাখো। মেসি সুখে থাকলে দলও সুখী থাকবে।’ কাল হোটেল রূপসী বাংলার সংবাদ সম্মেলনেও সাবেলা বলে গেলেন, ‘মেসির গোল না-পাওয়া নিয়ে আমি মোটেও উদ্বিগ্ন নই। ভেনেজুয়েলা ম্যাচের সেরা খেলোয়াড়ও ছিল সে। ও যেভাবে পারফর্ম করে যাচ্ছে সত্যি অবিশ্বাস্য। সে বিশ্বের সেরা খেলোয়াড়। গোলও শিগগিরই আসবে, আমি নিশ্চিত।’কাল রূপসী বাংলার লবিতে দুষ্টুমি করতে করতে এগিয়ে যাওয়া মেসিকে দেখে মনে হলো, আকাশি-সাদা জার্সি গায়ে গোল পেতে শুরু করার দিনটা যে আসন্ন সেটা যেন তিনিও জানেন। অধিনায়কের বাহুবন্ধনীটা যেন অনুপ্রেরণার বাড়তি রসদ এনে দিয়েছে তাঁকে। আজই কি সেই দিন?