আর মাত্র কদিন পরই ২১ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি সামনে রেখে আজ রাতে এটিএন বাংলায় প্রচারিত হবে নাটক ভাষা। লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। কথা হলো তাঁর সঙ্গে।‘ভাষা’ নাটকের গল্প কী রকম?আমাদের যা করা উচিত ছিল, আমরা তা ভুলে গেছি। পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মূল্যবোধগুলো হালকা হচ্ছে। এগুলো সুদৃঢ় করা খুব প্রয়োজন। ব্যাপারটি একটি পরিবারের গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। আজ এনটিভিতে আপনার অভিনীত আরেকটি ধারাবাহিক ‘দক্ষিণায়নের দিন’ প্রচারিত হবে।আমার জীবনে দক্ষিণায়নের দিন স্মরণীয় নাটক হয়ে থাকবে। কারণ, এখানে হুমায়ুন ফরীদির সঙ্গে শেষ একসঙ্গে কাজ করেছি। গত মাসে তিনি শুটিংয়ে এসেছিলেন। তাঁকে দেখে আঁতকে উঠেছিলাম। একজন মানুষ এতটাই দুর্বল হয়ে যেতে পারে, তা না দেখলে বিশ্বাস করা যাবে না। ওনার ওজন হয়েছিল মাত্র ৪৩ কেজি! সেদিন কিছুক্ষণ আমার মাথায় হাত রেখে ছিলেন। আপনারা তো একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ফরীদি ভাইয়ের কাছ থেকে অভিনয় শিখেছি, তাঁকে দেখে দেখে অভিনয় করেছি। কোনো কঠিন চরিত্র পেলে তাঁর কাছে ছুটে যেতাম। তিনি বুঝিয়ে দিতেন। শুধু তা-ই নয়, পরে আবার নিজেই খোঁজ নিতেন, কাজটা ঠিকমতো করতে পেরেছি কি না, তা জানার জন্য।আপনি যুক্তরাষ্ট্রে ফরীদিকে নিয়ে কয়েকটি নাটক তৈরি করেছিলেন।একসঙ্গে চারটি নাটক করেছিলাম: একজন আজমল হোসেন, মিক্সড কালচার, অবিনাশী শব্দরাশি। অন্যটির নাম মনে পড়ছে না। সব কটি নাটকের গল্পই ওনার ওপর ভিত্তি করে। জানেন, কিছুদিন আগেও তিনি হঠাৎ ফোন করেছিলেন। কিন্তু কেন ফোন করেছিলেন, বললেন না। আমার বিবাহবার্ষিকীতে তিনি একজন শিল্পীর আঁকা চিত্রকর্ম উপহার পাঠিয়েছিলেন। তাঁর ছিল খরচের হাত। তিনি যেমন রোজগার করেছেন, তেমনি খরচ করতেও দারুণ আনন্দ পেতেন।