তাঁর জন্য তবু অপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা জয় পায়, তাতে বড় অবদান থাকে না মুত্তিয়া মুরালিধরনের। শ্রীলঙ্কা পাকিস্তানের কাছে হেরে গেল, পরাজয় ঠেকাতে পারলেন না আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। অধিনায়ক কুমার সাঙ্গাকারাসহ পুরো শ্রীলঙ্কা দল অপেক্ষায় ছিল—কবে স্বরূপে দেখা দেবেন দলের সবচেয়ে বড় তারকা! এই অপেক্ষায় ছিল শ্রীলঙ্কার প্রায় দুই কোটি মানুষ।সবার অপেক্ষা দূর করে পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠলেন মুরালিধরন। ৮ ওভার বল করে ২৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। আগের ৫ ম্যাচে মাত্র ৭ উইকেট পাওয়া মুরালির শিকারসংখ্যা দাঁড়াল ১১-তে। তবু মুরালিধরনকে নিয়ে অপেক্ষা ফুরোচ্ছে না শ্রীলঙ্কানদের। স্পিন জাদুকরকে নিয়ে শ্রীলঙ্কানদের নতুন অপেক্ষা আর দুশ্চিন্তার নাম চোট।পরশু বল হাতে আলো ছড়ানোর আগেই চোট পেয়েছেন মুরালিধরন। ব্যাটিংয়ের সময় রানআউট এড়াতে গিয়ে পড়েছেন হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে। ওই চোট নিয়েই মাঠ ছেড়েছেন। কিন্তু চোটের অবস্থা কী জিজ্ঞাসা করায় স্বভাবসুলভ হাসি হেসে মুরালিধরন বললেন, ‘তেমন কিছু নয়, ডাইভ দিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা পেয়েছি আর কি!’মুরালিধরন নিজের চোটকে সামান্য বললেও শ্রীলঙ্কানরা কি আর এত সহজে চিন্তামুক্ত হতে পারে? সবাই তো দেখেছে, বলতে গেলে খুঁড়িয়ে খুুঁড়িয়ে এক পায়ে বল করেছেন মুরালিধরন। ফিল্ডিংয়ের সময় তিনবার মাঠের বাইরে গিয়ে চিকিৎসা নিয়ে এসেছেন। তাই সবাই আগামী দু-তিনটি দিনের জন্য মুরালিধরনের মেডিকেল রিপোর্টের অপেক্ষাতেই তাকিয়ে থাকবে।মুরালিধরনও সেদিকে তাকিয়ে থাকবেন। আপাতত তাঁর বিশ্বাস পরবর্তী ম্যাচগুলোতে খেলতে পারবেন, ‘তেমন বড় কোনো চোট নয়, একটু অস্বস্তি লেগেছে। তবে আমি বল করেছি এবং উইকেটও পেয়েছি। চোট পাওয়ার পর চিকিৎসাও নিয়েছি। আশা করছি, দ্রুতই সেরে যাবে।’মুরালিধরনের চোট দ্রুত সেরে যাক, এই প্রত্যাশা আর প্রার্থনা এখন শ্রীলঙ্কা দলের। শ্রীলঙ্কার দুই কোটি মানুষের। এএফপি, রয়টার্স।