জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী সৈয়দ শহীদুল হক জবানবন্দিতে বলেছেন, ইয়াহিয়া খানের আমলে তাঁর বিরুদ্ধে করা মামলায় তাঁর পক্ষের সাক্ষীদের একাত্তরের ২৫ মার্চ রাতে সহযোগীদের নিয়ে কাদের মোল্লা হত্যা করেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার জবানবন্দি দেন মুক্তিযোদ্ধা শহীদুল হক ওরফে মামা। মুক্তিযুদ্ধকালে তিনি গেরিলা দল মামা গ্রুপের প্রধান ছিলেন। এ জন্য তিনি ‘মামা’ নামে পরিচিত।আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে কাদের মোল্লাকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। জবানবন্দিতে শহীদুল হক বলেন, ১৯৬০ সালের আগে তাঁর পৈতৃক বাড়ি ছিল পুরান ঢাকার আওলাদ হোসেন লেনে। পরে তাঁর বাবা সৈয়দ আজহারুল হক মিরপুরে চলে আসেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনে তিনি অংশ নেন।এ পর্যায়ে আসামিপক্ষের আইনজীবী একরামুল হক বলেন, সাক্ষ্য গ্রহণ যথাযথ হচ্ছে না। এ সময় তাঁর উদ্দেশে সাক্ষী বলেন, ‘আপনি এসেছেন একাত্তরের রাজাকারদের পক্ষে ওকালতি করতে, আর আমি এসেছি মুক্তিযুদ্ধের পক্ষে সাক্ষ্য দিতে। ইতিহাস বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন না। আপনি আমাকে বারবার বাধা দিয়ে মাইন্ড সেটআপ পরিবর্তন করার চেষ্টা করছেন।’এরপর সুইডেনপ্রবাসী শহীদুল হক জবানবন্দিতে বলেন, ইয়াহিয়া খানের সামরিক শাসনামলে তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করা হয়েছিল। ওই মামলা থেকে তিনি বেকসুর খালাস পান। ওই মামলায় যাঁরা তাঁর পক্ষে সাক্ষ্য দিয়েছিলেন, তাঁদের একাত্তরের ২৫ মার্চ রাতে কাদের মোল্লা ও তাঁর সহযোগীরা ধরে নিয়ে গিয়ে হত্যা করে। সত্তরের নির্বাচনে তিনি বঙ্গবন্ধুর প্রার্থীদের পক্ষে কাজ করেন। জামায়াতের প্রার্থী ছিলেন গোলাম আযম, তাঁর পক্ষে কাজ করেন কাদের মোল্লা।রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী বলেন, একাত্তরের ২৫ মার্চ রাতে তাঁরা মিরপুরের একটি ক্লাবঘরে আত্মগোপন করেছিলেন। ২৬ মার্চ সকালে বাইরে বেরিয়ে তিনি ও তাঁর বন্ধু মাজহার হোসেন দেখেন, মিরপুরে বাঙালিদের ঘরে ঘরে আগুন জ্বলছে। বিহারিরা আনন্দ করছে। কাদের মোল্লা ও তাঁর সহযোগীরা তাঁদের দুজনকে দেখে ‘শহীদ আগিয়া, শহীদ আগিয়া, পাকড়াও পাকড়াও’ বলে চিৎকার করে পিছু ধাওয়া করেন। তিনি দৌড়ে পালান এবং তুরাগ নদী সাঁতরে পার হয়ে সাদুল্লাপুরে চলে যান। তিনি বলেন, এর আগে ২৩ মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে কাদের মোল্লা আনন্দে আত্মহারা হয়ে বিহারিদের নিয়ে স্লোগান দিয়েছেন ‘গলি গলি মে সুর হ্যায়, শেখ মুজিব পাকিস্তান কা দুশমন হ্যায়, গাদ্দার হ্যায়’, ‘কাহা তেরা বাংলাদেশ, দেখ এবার তামাশা দেখ ধামাকা দেখ।’জবানবন্দিতে শহীদুল বলেন, পরে মিরপুরে এসে তিনি দুটি ঘটনা শোনেন। ২৭ মার্চ কবি মেহেরুননিসা, তাঁর ভাই ও মাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়। কাদের মোল্লা এই হত্যাকাণ্ডের নেতৃত্বে ছিলেন। আর মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লবকে আখতার গুন্ডা ও তার সহযোগীরা মিরপুরের মুসলিম বাজারে ধরে নিয়ে যায়। সেখানে পল্লবের হাতের আঙুল কেটে ও পরে গাছে ঝুলিয়ে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। কাদের মোল্লা এই ঘটনার মূল নায়ক ছিলেন।সাক্ষী বলেন, একাত্তরে তিনি ভারতের আগরতলায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ শেষে ২ নম্বর সেক্টর কমান্ডারের হেড কোয়ার্টার মেলাঘরে যান। সেখানে মেজর জেনারেল খালেদ মোশাররফ ও মেজর হায়দারের অধীনে প্রশিক্ষণ নেন। পরে দেশে ফিরে বিভিন্ন অভিযানে অংশ নেন। তাঁর নেতৃত্বে মামা গেরিলা বাহিনী গঠিত হয়। ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে। কিন্তু মিরপুর ও মোহাম্মদপুর এলাকার বিহারিদের সঙ্গে পাকিস্তানি সেনা, জামায়াত ও ছাত্রসংঘের সদস্যরা মিলে সেখানে প্রতিরোধ তৈরি করে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করে ৩১ জানুয়ারি ওই এলাকা শত্রুমুক্ত করা হয়। ওই এলাকার স্বাধীনতার বিপক্ষের ঘটনা এবং ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঘটনা থেকে কাদের মোল্লা বিচ্ছিন্ন ছিলেন না।জবানবন্দি শেষে সাক্ষীকে জেরা শুরু করেন একরামুল হক। ১৯৬৯-৭০ সালে মিরপুর এলাকায় বিহারির সংখ্যা কত ছিল—আইনজীবীর এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ওই সময় মিরপুরে ৯০ শতাংশ ছিল বিহারি, ১০ শতাংশ ছিল বাঙালি। প্রায় আধা ঘণ্টা জেরার পর ট্রাইব্যুনাল আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। আজ আবার তাঁকে জেরা করা হবে।