তাঁর প্রভাব আমার জীবনে রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার মা (মরিয়ম শেখ), বিংশ শতাব্দীর একজন মানুষ। বিংশ শতাব্দীর শুরুর দশকে তাঁর জন্ম, মৃত্যু শেষ দশকে। তাই রাজনৈতিক ও সামাজিক অনেক বড় বড় পরিবর্তন দেখেছেন তিনি। এসব পরিবর্তন তাঁর নিজের ও আমাদের জীবনে প্রভাব ফেলেছিল। মা বেড়ে উঠেছেন তুরস্কে। মুস্তফা কামাল যখন দেশটির নারীদের জীবনমানে পরিবর্তনের হাওয়া বইয়ে দেন, ঠিক সেই সময়টিতে। তবে তিনি বাড়িতে তাঁর মায়ের ঐতিহ্যগত নিয়মকানুনের মধ্যে নিজেকে সমর্পণ করেছিলেন।মুস্তফা কামালের নির্দেশমতো মায়ের স্কুলে আদেশ দেওয়া হলো চুলের লম্বা বিনুনি কেটে ফেলার। তিনি তা-ই করলেন। তখন ছোট চুলকে আধুনিকতার চিহ্ন বলে ধরে নেওয়া হতো। কিন্তু বাড়িতে ফিরে মাকে নানির বকুনি খেতে হয়েছিল।মা আমাদের বলতেন, সুযোগ পেলে তিনি সেবিকা হতেন। কিন্তু মা যখন তাঁর পরিবারের সঙ্গে সিন্ধুতে চলে আসেন, তখন ঐতিহ্যগতভাবেই বিয়ের পিঁড়িতে বসতে হলো। মাত্র ১৫-১৬ বছর বয়সে বিয়ে হয়ে গেল তাঁর। ছয় সন্তানের জননী হলেন তিনি। আন্তরিকতার সঙ্গে সংসার করতে থাকলেন।চারদিকে যখন সামাজিক পরিবর্তনের হাওয়া বইছিল, মা তখন তাঁর জীবনাচরণও বদলে ফেললেন। তিনি নিজেকে বাড়ির বাইরে নিয়ে এলেন, যুক্ত করলেন সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে। নতুন জীবনাচরণে তিনি বোরকা পরা বাদ দিলেন, মিশনারি স্কুলে ইংরেজি শেখা শুরু করলেন। প্রথম সন্তান জন্মের পর এসব করলেন তিনি। ভারত ভাগ হওয়ার সময় হাজার হাজার শরণার্থী সিন্ধুতে আসতে শুরু করে। সে সময় পেশাদার সেবিকার মতোই শরণার্থীদের সেবা করতে ইতস্তত করেননি তিনি। অন্য সময় নারী সমাজকর্মীদের বিভিন্ন সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে কাজ করেন। নির্বাচনী প্রচারণা ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশেও অংশ নেন তিনি।মা চাইতেন, আমরাও যেন মানবিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হই। আমাকে চিকিত্সক বানাতে চেয়েছিলিন তিনি, কিন্তু আমি চিকিত্সক না হয়ে পড়াশোনার জন্য বিভিন্ন দেশে যাই। আমার ওপর পশ্চিমা সংস্কৃতির প্রভাব পড়বে ভেবে শঙ্কিত ছিলেন তিনি। তাঁর সময়ে নারীদের ভূমিকা সম্পর্কে যেমন উপদেশ দেওয়া হতো, তিনি হয়তো সেভাবে ভাবতেনও। মা ভাবতেন, তাঁর মেয়েরা বিয়ে করবে, বাড়িতে থাকবে, ছেলেমেয়েদের দেখাশোনা করবে। কিন্তু তাঁর মেয়েরা নিজেরাই পেশা বেছে নিচ্ছে, বিয়ে করছে বংশের বাইরের কাউকে—এসব নিয়ে হয়তো তিনি আক্ষেপও করতেন।পরে অবশ্য তিনি তরুণ প্রজন্মের জীবনাচরণ মেনে নেন। কিন্তু নিজের মূল্যবোধ, সততা, সরলতা আর অকপটতার সঙ্গে সমঝোতা করেননি। তিনি ধর্মে বিশ্বাস করতেন, কিন্তু তাঁর মধ্যে ধর্মীয় গোঁড়ামি ছিল না। ধর্মীয় আচার-অনুষ্ঠানও কঠোরভাবে পালন করতেন না। তিনি কখনোই তাঁর বিশ্বাস অন্যদের ওপর চাপিয়ে দেননি। এ কারণেই আমরা স্বাধীনতা নিয়ে ও সহিষ্ণু পরিবেশে বেড়ে উঠতে পেরেছি, যা আমাদের পরের জীবনেও কাজ দিয়েছে। তাঁর প্রভাব আমার জীবনে রয়েছে। পরিবর্তনের পক্ষে তাঁর মুক্ত মন, প্রয়োজনের সময় ইংরেজি শেখা, সামাজিক দায়িত্ব নেওয়া—এই সবকিছুই আমাকে অনুপ্রাণিত করেছে। আমি তাঁকে নারীবাদী বলব না, বিদ্রোহীও বলব না। তবে তিনি নিজের বিশ্বাস নিয়ে বেঁচে থাকতে ভয় পেতেন না। এসব বিশ্বাস জনপ্রিয় না হলেও তিনি চিন্তা করতেন না। আমাদের সমাজে এমন দুর্লভ গুণাবলির মানুষ তখনকার মতো এখনো অনেক কম।অনুবাদ: মাহফুজার রহমান