এম এ তাহেরের গোপন বিচারের বৈধতা নিয়ে শুনানিতে নিজ বই উদ্ধৃত করে বক্তব্য দেওয়া নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন নাকচ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। দুটি সংবাদপত্রের কপি আদালতের নজরে এনে তিনি বলেন, ‘দুটি পত্রিকা আমাকে ভুলভাবে উদ্ধৃত (মিসকোট) করেছে।’আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মওদুদ আহমদ এ বক্তব্য উত্থাপন করেন।তাহেরের গোপন বিচারসংক্রান্ত রিট আবেদনের শুনানিতে মওদুদ আদালতে উপস্থিত হয়ে বক্তব্য দেন এবং আদালতে বইটি জমা দেন বলে ২১ জানুয়ারি দুটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়।মওদুদ আহমদ বলেন, ‘আমি আদালতে কোনো বই জমা দিইনি। আদালতে উপস্থিত হয়ে বক্তব্য রাখিনি। অন্য মামলার শুনানিকালে আমি এখানে উপস্থিত ছিলাম। আদালত আমাকে জিজ্ঞেস করেছিলেন, “ডেমোক্রেসি অ্যান্ড দ্য চ্যালেঞ্জ অব ডেভেলপমেন্ট” বইটি আমার কি না। আমি বলেছিলাম, এটাসহ আমার ১০টি বই রয়েছে।’ এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নিতে আদালতের প্রতি আরজি জানান তিনি। এ সময় আদালত তাঁকে লিখিত আবেদন করার পরামর্শ দেন। একপর্যায়ে মওদুদ আহমদ বলেন, বৈধ বা অবৈধ হোক ট্রাইব্যুনালের মাধ্যমে কর্নেল তাহেরের বিচার হয়েছে। তবে সিরাজ সিকদারকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। ১৯৭৪ সালের ডিসেম্বর মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। যে গৃহে আমাকে আটক রাখা হয়েছিল, তার দোতলায় সিরাজ সিকদারকে আটক রাখা হয়। আমি তাঁর আর্তনাদের শব্দ শুনেছিলাম। পরদিন সকালে জানতে পারি, সিরাজ সিকদারকে হত্যা করা হয়েছে।’