তাঁর ভাষা বাকশালী ভাষাকেও হার মানিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্রের লেবাসে বাকশালী কায়দায় দেশ চালাচ্ছে। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলছেন, তা গণতন্ত্রের ভাষা নয়। তাঁর ভাষা বাকশালী ভাষাকেও হার মানিয়েছে।আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।সুশীল ফোরাম নামের একটি সংগঠন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে। এতে জামায়াতে ইসলামীকে সমাবেশ করতে না দেওয়া ও বিএনপির রাজপথ অবরোধ কর্মসূচিকে বেআইনি ঘোষণা করার সমালোচনা করেন খন্দকার মোশাররফ।বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতিক দল। সভা-সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন এ সমাবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে বিএনপি রাজপথ অবরোধের মতো শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী একে বেআইনি বলে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। সুতরাং এ সরকারকে গণতান্ত্রিক সরকার বলা যায় না।’ খন্দকার মোশাররফ অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছিল। এখন আবার হুমকির মুখে নিয়ে যাচ্ছে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামী নির্বাচন নিশ্চিত করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। খন্দকার মোশাররফ বলেন, ১৯৯৬ সালে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস ও অনাস্থার জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযোজিত হয়েছিল। তিনি বলেন, আজ সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব ১৯৯৬ সালের চেয়ে বেশি। এ অবস্থায় আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।