তাঁর মৃত্যু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ আগস্ট। ৩৫ বছর আগে এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্বর ঘাতকের বুলেটে নিহত হন। একই সঙ্গে নিহত হন তাঁর পত্নী বেগম ফজিলাতুন্নেসা মুজিব; তাঁর তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল এবং তাঁর দুই পুত্রবধূ—যাঁদের একজন ছিলেন অন্তঃসত্ত্বা। সেদিন সেই নারকীয় হত্যাযজ্ঞের শিকার হন বঙ্গবন্ধুর প্রিয়জন ও ঘনিষ্ঠদের আরও অনেকে। প্রাণী হিসেবে মানুষ মরণশীল বলে সবারই একটি মৃত্যুদিন থাকে। তবে কোনো কোনো মানুষের শুধু দেহাবসানই ঘটে, মৃত্যু হয় না। মুজিব মৃত্যুহীন। বঙ্গবন্ধু শুধু একজন মহান জাতীয়তাবাদী নেতা ছিলেন না, তিনি জাতীয় বীর। মৃত্যুর আগে অথবা কখন কোন পদে তিনি অধিষ্ঠিত ছিলেন, তা মুখ্য নয়। মৃত্যুকালে তিনি ছিলেন রাষ্ট্রপতি, তাঁর আগে প্রধানমন্ত্রী। এসব তাঁর গৌণ পরিচয়। তিনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। তিনি একটি স্বাধীন জাতির স্রষ্টা। তাঁর গঠিত স্বাধীন রাষ্ট্র যত দিন টিকে থাকবে, তত দিন তাঁর মৃত্যু নেই। শেখ মুজিব আজীবন লড়াই করেছেন প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। একজন জাতীয়তাবাদী নেতার রাজনৈতিক প্রতিপক্ষ থাকেই। উপনিবেশবাদবিরোধী জাতীয় নেতাদের আন্তর্জাতিক পর্যায়েও থাকে বিরুদ্ধ পক্ষ। বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে আমাদের ভেবে দেখতে হবে, কেন তিনি জীবন দিলেন। ঘাতকেরা কেউই তাঁর ব্যক্তিগত শত্রু ছিল না। তিনিও ছিলেন না কোনো ঘাতকের শত্রু। দেশে হোক বা দেশের বাইরে হোক, যারা তাঁর হত্যার ষড়যন্ত্র করেছিল, তাদের কারও সঙ্গেই বঙ্গবন্ধুর শত্রুতা ছিল না। প্রায় কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চিনতেনও না। একটি প্রগতিশীল রাষ্ট্রীয় আদর্শকে হত্যা করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কারণ তিনি ছিলেন সেই আদর্শের প্রবক্তা। তাঁর হত্যাকাণ্ডের যারা ষড়যন্ত্রকারী তারা জানত, তাঁকে জীবিত রেখে সেই আদর্শটিকে ধ্বংস করা সম্ভব নয়। সুতরাং তিনি জীবন দিয়েছেন তাঁর আদর্শের জন্য, ব্যক্তিগত শত্রুতার কারণে নয়। আগরতলা মামলার সময় থেকে বঙ্গবন্ধু ছিলেন বাংলার মানুষের অফুরন্ত প্রেরণার উৎস। তিনি ছিলেন তেমন একজন জাতীয় বীর, যাঁর শারীরিক অনুপস্থিতি কোনো শূন্যতা সৃষ্টি করে না। বাংলার আড়াই হাজার বছরের ইতিহাসে একাত্তরের মুক্তিযুদ্ধের নয়টি মাস সবচেয়ে সংকটের সময়। সেই সময়টি তিনি ছিলেন পাকিস্তানি জান্তার হাতে বন্দী। শত্রুর কারাগারে তাঁর বন্দিত্ব বাংলার মানুষকে বিচলিত ও ব্যথিত করলেও তিনিই ছিলেন স্বাধীনতাকামী মানুষের প্রধান প্রেরণা। তাঁর সহকর্মী ও সহযোগীরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সাধ্যমতো পালন করেছেন, তবে তাঁদের শক্তির উৎস ছিলেন বঙ্গবন্ধু। পাকিস্তানি আধা-ঔপনিবেশিক শাসন-শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে তিনি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। কিন্তু দেশ পুনর্গঠনের যথেষ্ট সময় তিনি পাননি। যেকোনো দেশের যেকোনো জাতীয় নেতার মতো মানুষ হিসেবে ও রাজনীতিবিদ হিসেবে শেখ মুজিব ভুলভ্রান্তির ঊর্ধ্বে ছিলেন না। কোনো নেতার সব রাজনৈতিক আদর্শ ও কর্মসূচি দেশের শতভাগ মানুষের মনঃপূত হতে পারে না। তাঁর প্রতিষ্ঠিত রাষ্ট্রেও তাঁর বিরুদ্ধবাদী থাকতেই পারে। প্রতিপক্ষ থাকবেই। গণতান্ত্রিক ব্যবস্থায় সেটাই স্বাভাবিক। কিন্তু প্রতিপক্ষের হিংস্রতার ঘৃণ্য দৃষ্টান্ত হয়ে থাকবে চিরকাল ১৫ আগস্ট। বঙ্গবন্ধু সম্পর্কে সবচেয়ে বড় সত্য যা তা হলো, তিনি তাঁর বিরুদ্ধবাদীদের ক্ষমা করেছিলেন, কিন্তু প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ বিরুদ্ধবাদীরা তাঁকে ক্ষমা করেনি। মৃত্যুর পরও তারা তাঁর লাশকে ঢেকে দিতে চেয়েছে শীতল অবহেলার কালো চাদরে। তবে তারা নির্বোধ। তারা জানে না, তাঁর লাশ বিস্তৃত বাংলাদেশজুড়ে। তা কোনো মাপের কাপড়ের পক্ষেই ঢেকে দেওয়া সম্ভব নয়। তাঁর প্রতিপক্ষ জানে না যে, তাঁর মতো জাতীয় বীরের বিনাশ নেই। যুগ থেকে যুগান্তর তিনি যুগপৎ ভক্তদের দ্বারা পূজিত ও প্রশংসিত এবং প্রতিপক্ষের দ্বারা সমালোচিত হবেন। তাঁর মরদেহ মৃত্তিকায় বিলীন হলেও তাঁর কাজ ও স্মৃতি অনাদিকাল থাকবে অম্লান। উচ্চ আদালতের রায় এবং অসাম্প্রদায়িক জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সংশোধনের মাধ্যমে বঙ্গবন্ধু সরকার প্রণীত মূল সংবিধান পুনঃপ্রতিষ্ঠার আয়োজন চলছে। যে পদ্ধতিতে সরকার সংবিধান সংশোধন করতে চাইছে, তা নিয়ে বিতর্ক বা ভিন্নমত থাকতে পারে। কিন্তু রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হিসেবে বঙ্গবন্ধু যে দলিল দিয়ে গেছেন তার অসাম্প্রদায়িক চেতনায় ফিরে যেতে একমাত্র পাকিস্তানবাদী ছাড়া আর কারও আপত্তি থাকতে পারে না। এবার ১৫ আগস্টে শোক দিবস পালনের তাৎপর্য সেটাই। বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্ট যাঁরা নিহত হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি আমরা জানাই গভীর শ্রদ্ধা।