তাঁর মৃত্যুর চেয়ে জন্ম বড়
রাজিয়া খানকে নানাভাবে পরিচয় করিয়ে দেওয়া যায়। একাধারে একজন ভালো শিক্ষক, লেখক, কবি এবং আরও নানা গুণের অধিকারী। মৃত্যুর চেয়ে তাঁর জন্ম বড় ঘটনা। সারা জীবন তিনি বেঁচে থাকবেন তাঁর কাজের মাধ্যমে।গতকাল বৃহস্পতিবার ছিল রাজিয়া খানের ৭৬তম জন্মদিন। এই দিনে ধানমন্ডির জেনেটিক প্লাজায় অমিনি বুকস মিলনায়তনে জন্মদিনে মিলিত হয়েছিল তাঁর সহকর্মী, বন্ধু ও ছাত্ররা। একেবারে সাদামাটা আয়োজন। জন্মদিনের কথা বললে যেমন আনুষ্ঠানিকতার ছবি চোখে ভাসে, তেমন নয়। স্মৃতিচারণায়ও ছিল সেই সাদামাটা ভাব। আনুষ্ঠানিকতা রেখে মজার মজার স্মৃতিকথার মধ্য দিয়ে রাজিয়া খানের কথা বলে গেলেন সবাই।অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বললেন, ‘রাজিয়ার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল রাজশাহীতে, সেখানে তাকে দেখেই বুঝেছিলাম, সে সাধারণ কোনো মানুষ নয়। তার সবকিছু দিয়ে সে নিজেকে আলাদাভাবে চিনিয়েছে।’অধ্যাপক রেহমান সোবহান রাজিয়া খানের স্মৃতিচারণা করতে গিয়ে বললেন, ‘তিনি ছিলেন সবার থেকে আলাদা একজন। খুব সহজে সবার সাথে মিশে যেতে পারতেন তিনি।’ছেলেবেলার বন্ধু রাজিয়ার কথা বলতে গিয়ে কিছুটা আবেগতাড়িত হলেন সাবেক সচিব মুহাম্মদ আসাফ্উদ্দৌলাহ্। ‘ওর মৃত্যু আমাকে কাঁদায়। আমরা ছেলেবেলায় একসঙ্গে খেলেছি, বড় হয়েছি।’অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বললেন, ‘একবার আকস্মিকভাবে একটি নাটকের অভিনয় করতে হলো আমাকে, কিসের পার্ট, তা-ও জানি না। মঞ্চে উঠে দেখলাম রাজিয়াকে, আমি প্রেমিকের পার্ট করতে আরম্ভ করলে সে আমাকে আস্তে আস্তে বলে দিল, এটা প্রেমিকের পার্ট নয়, দাম্পত্যের! এই কথা এখনো আমার মনের হাসির খোরাক জোগায়।’অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, রামেন্দু মজুমদারসহ আরও অনেকে রাজিয়া খানের স্মৃতিচারণা করেন। অনুষ্ঠানে রাজিয়া খানের একটি ধারণকৃত বক্তৃতা ও বিভিন্ন সময়ের আলোকচিত্র দেখানো হয়।রাজিয়া খানের জন্ম ১৯৩৬ সালে। মারা যান ২০১১ সালে। পেয়েছেন একুশে পদকসহ আরও অসংখ্য পুরস্কার। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। সাহিত্যকর্মে তাঁর দৃপ্ত পদচারণের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম উপন্যাস বটতলার উপন্যাস। তাঁর লেখা উপন্যাস দ্রৌপদী ইংরেজি ও বাংলা দুই ভাষায় লেখা হয়েছে।