তাঁর শেষ প্রহর
শেষ পর্যন্ত হেরে গেলেন হুমায়ূন আহমেদ। নয় মাস একটানা লড়াই করেছিলেন বেঁচে থাকার জন্য, পারলেন না। গত বৃহস্পতিবার নিউইয়র্ক সময় বেলা একটা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুর সময় তাঁর শয্যাপাশে ছিলেন স্ত্রী মেহের আফরোজ শাওন, শাশুড়ি তহুরা আলী, সস্ত্রীক ছোট ভাই মুহম্মদ জাফর ইকবাল, দীর্ঘদিনের প্রকাশক বন্ধু মাজহারুল ইসলাম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন ও তাঁর স্ত্রী সেলিনা মোমেন। মৃত্যুর আগের শেষ ঘণ্টার কথা বিস্তারিত বললেন ড. মোমেন। ‘আমরা যখন হাসপাতালে পৌঁছি, তখন নিউইয়র্ক সময় দুপুর ১২টা ১০ মিনিট। ভেন্টিলেশনে ছিলেন হুমায়ূন আহমেদ, কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছিল। এর আগে প্রচণ্ড ব্যথায় কোঁকাচ্ছিলেন। ব্যথা কমানোর জন্য কড়া ডোজের ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। অচেতন অথচ ভেতরে ভেতরে প্রবল আলোড়ন চলছিল, আমরা ঠিক টের পাচ্ছিলাম। ডা. মিলার, যাঁর অধীনে হুমায়ূন আহমেদের চিকিৎসা চলছিল, খুবই চিন্তিত মনে হলো তাঁকে। দেহের রক্তচাপ বারবার পরীক্ষা করছিলেন। চোখ রাখছিলেন মনিটরের ওপর। বললেন, রক্তচাপ ১২০/৭০-এর ওপরে রাখাই হলো আসলে চ্যালেঞ্জ। কৃত্রিম উপায়ে রক্তচাপ স্বাভাবিক রাখার জন্য সব রকম চেষ্টাই তিনি করছিলেন। আমরা দেখতে পাচ্ছিলাম, রক্তচাপ দ্রুত নেমে যাচ্ছে। ৫৬, ৩৪, ৩৩—পারদের মাত্রায় কমছে; আমাদের উদ্বেগ বাড়ছে। একসময় দেখলাম, মনিটরে রক্তচাপের রেখাটি লম্বা একটানা রেখায় পরিণত হলো। ডা. মিলার বিষন্ন মুখে বললেন, “এটাই মৃত্যুর স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু তার পরও মিরাকল কখনো কখনো ঘটে।” কৃত্রিম উপায়ে তাঁকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি, তখন সময় বেলা একটা ২০ মিনিট।’ড. মোমেন জানালেন, হুমায়ূন আহমেদের শয্যাপাশে তখনো ব্যাকুলভাবে কথা বলে চলেছেন শাওন। তখনো তাঁর অনেক না-বলা কথা রয়ে গেছে। আকুল হয়ে বলছেন, ‘তুমি যেয়ো না। ছেলে দুটিকে তুমি কার কাছে রেখে যাচ্ছ?’ শাশুড়ি তহুরা বেগম উচ্চ স্বরে কাঁদছেন। মাজহার—হুমায়ূন আহমেদের দীর্ঘদিনের নিকটবন্ধু—কথা হারিয়ে ফেলেছেন। ‘এমন বেদনার দৃশ্য, এমন কান্না আমি কখনো দেখিনি,’ বিষাদ কণ্ঠে বললেন ড. মোমেন। নয় মাস আগে চিকিৎসার জন্য নিউইয়র্কে আসার পরপর হুমায়ূন আহমেদের সঙ্গে আমার কথা হয়। ক্যানসার কঠিন রোগ, কিন্তু সে রোগকে পরাস্ত করতে পারবেন—এমন বিশ্বাস তাঁর ছিল। তিনি জানালেন, সিঙ্গাপুরে গিয়েছিলেন শাশুড়ির চিকিৎসার জন্য। সে সময় কী মনে হওয়ায় ভাবলেন, নিজের শরীর চেকআপ করিয়ে নেবেন। তখনই ধরা পড়ল কোলন ক্যানসার, তা-ও বেশ অগ্রসর পর্যায়ে। তড়িঘড়ি করে নিউইয়র্কে এসে ভর্তি হন বিশ্ববিখ্যাত ক্যানসার হাসপাতাল স্লোওন ক্যাটারিংয়ে। প্রথম দুটি কেমো থেরাপি সেখানে দেওয়ার পর তাঁকে স্থানান্তরিত করা হয় নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে। পর পর দুটি সফল অস্ত্রোপচার এই হাসপাতালেই হয়। সফল অস্ত্রোপচারের পরও হুমায়ূন আহমেদ চলে গেলেন মূলত অস্ত্রোপচারোত্তর জটিলতা থেকে। এমনিতে খুব দুর্বল হয়ে পড়েছিলেন, তার ওপর প্রথম অস্ত্রোপচারের পর জটিল সংক্রমণে আক্রান্ত হন। সে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে রক্তে ও টিস্যুতে। দ্রুত কমতে থাকে রক্তচাপ, বাধাগ্রস্ত হয় শরীরের রক্তপ্রবাহ। বাঁচিয়ে রাখার জন্য তাঁকে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয়, কিন্তু সময় ততক্ষণে ফুরিয়ে এসেছে। ড. মিলার জানান, হুমায়ূন আহমেদের মৃত্যুর আশু কারণ শ্বাস-প্রশ্বাসের জটিলতা, হূদ্যন্ত্রের বৈকল্য ও কিডনির ক্রমব্যর্থতা। জীবনের শেষ দিনগুলো প্রবল শারীরিক বেদনার ভেতর দিয়ে কাটিয়েছেন হুমায়ূন আহমেদ। বেদনা উপশমের জন্য কড়া মাত্রার ওষুধ দিয়ে তাঁকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করা হয়। মাজহারুল ইসলাম জানান, কথা বলতে না পারলেও জ্ঞান পুরোপুরি হারাননি তিনি। ভেন্টিলেশনে থাকার কারণে যন্ত্রণা বেড়ে গিয়েছিল। আকারে-ইঙ্গিতে, কখনো কাগজে লিখে বলতেন নলগুলো খুলে ফেলতে। স্ত্রী শাওনকে শাসন করে বলতেন, ‘চিকিৎসককে এখনই বলো এসব খুলে ফেলতে।’ মাজহার বললেন, ‘আজ সকালে বেশ ভালো ছিলেন হুমায়ূন ভাই। এত দ্রুত যে চলে যাবেন, তা আমাদের কল্পনার বাইরে। মৃত্যুর আগে আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, ব্লাড প্রেশার কমে আসছে। শাওন চিৎকার করে বলছেন, “তুমি একটু শ্বাস নেওয়ার চেষ্টা করো।” খালাম্মা কোরআন শরিফ থেকে দোয়া-দরুদ পড়ছেন। জাফর ভাই ও ভাবি পায়ের কাছে দাঁড়িয়ে। আমাদের সবার চোখের সামনে চলে গেলেন হুমায়ূন আহমেদ।’হুমায়ূন আহমেদের চিকিৎসার সঙ্গে গোড়া থেকে জড়িত ছিলেন বিশ্বজিৎ সাহা। গত মাসের শেষ দিন বেশ রাত করে তাঁকে দেখতে গিয়েছিলেন বেলভিউ হাসপাতালে। কাচের জানালার বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাঁকে দেখতে পেয়ে ইশারায় হুমায়ূন আহমেদ ভেতরে আসতে বললেন। ঘরে ঢোকার পর রোগা আঙুলগুলো বাড়িয়ে দিলেন। এর আগে বিশ্বজিৎ ও তাঁর স্ত্রী রুমা যতবার এসেছেন, হুমায়ূন আহমেদের মাথা টিপে দিয়েছেন, হাত-পা টিপে দিয়েছেন। সে দিনও প্রিয় লেখকের আঙুলে হাত বুলিয়ে দিয়েছেন তাঁরা। ‘সেই তাঁর সঙ্গে শেষ দেখা,’ এ কথা বলতে গিয়ে ফুঁফিয়ে কেঁদে উঠলেন বিশ্বজিৎ। নিউইয়র্কের বইমেলা হলো গত মাসে। মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষে সে মেলায় তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্বজিৎ সাহা। তিনি জানান, মেলায় অংশ নিতে হুমায়ূন আহমেদ খুব আগ্রহী ছিলেন। প্রথমবারের মতো তাঁর আঁকা ছবির প্রদর্শনী হবে, সে জন্য দারুণ উত্তেজিত ছিলেন তিনি। ‘শতবর্ষের বাংলা গান’—এই নামে এক ঘণ্টার একটি অনুষ্ঠানের পরিকল্পনাও করেছিলেন। তিনি ধারা বর্ণনা দেবেন, স্ত্রী শাওন গাইবেন গান। ‘হলো না, কিছুই হলো না,’ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন বিশ্বজিৎ। হুমায়ূন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় একটি ইসলামিক ফিউনেরাল হোমে। আজ শুক্রবার জুমার পর তাঁর জানাজা হবে বাঙালি-অধ্যুষিত এলাকা জ্যামাইকার একটি বাংলাদেশি মসজিদে। রাষ্ট্রদূত মোমেন জানান, হুমায়ূন আহমেদের মরদেহ যত দ্রুত সম্ভব ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। সম্ভব হলে শুক্রবার জানাজার পর বিমানযোগে পাঠানোর সর্বাত্মক চেষ্টা করবেন তাঁরা। মাজহারও জানান, সম্ভব হলে একই বিমানে দেশে ফিরবেন শাওন ও তাঁদের দুই শিশুপুত্র। সুস্থ হওয়ার আশায় নিউইয়র্ক এসেছিলেন হুমায়ূন ও শাওন। স্বামীর লাশ নিয়ে একা ফিরে যাচ্ছেন শাওন। নিউইয়র্কের আকাশ এখন ঘন কালো মেঘে ঢাকা। থেমে থেমে ঝরছে বৃষ্টি। আকাশও বুঝি কাঁদছে প্রিয় লেখকের অকাল তিরোধানে। ২০ জুলাই, ২০১২, নিউইয়র্ক।