তাঁর শেষ সুযোগ
২ এপ্রিল ওয়াংখেড়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ট্রফি নেওয়ার জন্য ডাকা হলো বিজয়ী অধিনায়ককে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি ঠেলেঠুলে মঞ্চে তুলে দিলেন শচীন টেন্ডুলকারকে। এবং বিশ্বকাপ এই প্রথম একটি অভূতপূর্ব, ব্যতিক্রমী দৃশ্য দেখল। অধিনায়ক নিজে প্রথম ট্রফি হাতে তুলে ধরতে কুণ্ঠিত। আইসিসি এই প্রথম নিয়ম ভেঙে বিজয়ী দলের অধিনায়কের বদলে তাঁর এক সহ-খেলোয়াড়ের হাতে শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দিচ্ছে।রাতের ওয়াংখেড়েকে তখন ঘিরে ধরেছে এক আধিদৈবিক আলো। মেঘ উড়ে বেড়াচ্ছে কথা হয়ে। নিশাচর পাখিরা উড়ে বেড়াচ্ছে সুরধ্বনি তুলে। গ্যালারিতে গ্যালারিতে সুবর্ণ প্রত্যাশাগুলো আশ্চর্য ঘনীভূত সব কবিতা। মঞ্চের নিয়মভাঙা ট্রফি বিতরণীকে একটুও ব্যতিক্রমী মনে হচ্ছে না। জনতার উল্লাস বলছে এটাই ছিল অনিবার্য দৃশ্য। ক্রিকেটের পৃথিবী একান্ত আপন করে এই ছবিটাই এত দিন ধরে এঁকেছে রংতুলিতে। শচীন টেন্ডুলকারের হাতে উঠবে বিশ্বকাপ। ক্রিকেট-দেবতা ধন্য হবে তার বরপুত্রকে যোগ্যতম উপহার দিতে পেরে। অবশেষে সেই দিনটি এল, সেই রাতটি এল, ২০১১ বিশ্বকাপের বেদিমূলে। তেপান্তরের মাঠ পেরিয়ে, সাত সমুদ্দুরের নীল জলে ঢেউ তুলে কাঙ্ক্ষিত সেই মুহূর্তটি রচিত হলো দেশের মাটিতেই। টেন্ডুলকারকে আজ মনে হচ্ছে আলোর অধীশ্বর। চারদিক ভেসে যাচ্ছে আলোর স্রোতে। তাঁর শোকেসে সাজানো পুরস্কারের ডালিতে যোগ হলো বিশ্বকাপের সোনার মেডেল।১৯৮৩ সালে ভারতকে বিশ্বকাপ উপহার দিয়েছিল কপিলের দল। ২৮ বছর পর মহেন্দ্র সিং ধোনির দল আবার ওই ট্রফিটা আনল ভারতে। পার্থক্য হলো, ভারত যখন তৃতীয় বিশ্বকাপ অভিযানে নেমেছিল ইংল্যান্ডের মাঠে, জনতার আগ্রহের জলরাশি একটাও ঢেউ তোলেনি। আর এবার অনেক আগে থেকেই বিশ্বকাপের জলোচ্ছ্বাসের নাম ছিল ভারত। প্রায় তিন যুগ পর বিশ্বজয়ের আনন্দ—নেচে-গেয়ে ক্লান্ত ট্রফিটার বাকি রাতটুকু সামান্য বিশ্রামে থাকার কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে। আগামীকাল তার যাওয়ার কথা দাদরের শিবাজি পার্কে, জাল দিয়ে ঘিরে থাকা যে বিশাল মাঠখানায় জল পড়েছিল আর পাতা নড়েছিল টেন্ডুলকারের। রমাকান্ত আচরেকারের ক্রিকেট-মন্দিরে ভোরের আলো পড়েছিল এক নক্ষত্রের। এই জায়গাটা তাই সোয়া শ কোটি ভারতীয়র ক্রিকেট-তীর্থ। সেখানে আচরেকার থাকবেন। নিজের সবচেয়ে বিখ্যাত শিষ্যের কাছ থেকে দ্রোণাচার্য এই গুরুদক্ষিণাই চেয়েছিলেন যে, তাঁর আনা বিশ্বকাপে যেন একটু হাত ছোঁয়াতে পারেন।এসব কী লিখছি? কলম ধরে একজন প্রবঞ্চিতকে জিতিয়ে দেওয়া তো যায়ই। স্বপ্নচারী কলমে স্বপ্ন-বোনা সব সময়ই সম্ভব। কিন্তু এটাও কি সত্যি নয়, ক্রিকেটের মহানায়ককে এ পর্যন্ত ছলনাই করে গেছে বিশ্বকাপ শিরোপা! ১৯৯২ বিশ্বকাপ ছিল শ্রেষ্ঠত্বের মঞ্চে নিজেকে চেনানোর সুযোগ। উনিশোর্ধ্ব বয়সে সেবার শিরোপা জেতানোর আশ্বাস দিতে পারতেন না। পারতেন আগমনী শোনাতে, সোচ্চারে সেটাই বলেছিলেন টেন্ডুলকার, ‘আমি আসছি!’ তিনি এলেন পরের বিশ্বকাপেই। করলেন সর্বোচ্চ রান, কিন্তু ইডেন গার্ডেনে এক অভিশপ্ত সন্ধ্যায় শ্রীলঙ্কার কাছে সেমিফাইনালে লুট হয়ে যায় শিরোপা জয়ের আশা। ইতিহাসের পাতায় সেই কি পরবর্তী এক যুগের জন্য লেখা হয়ে গেল তাঁর গোপন অশ্রুপাতের নামতা? তা না হলে ১৯৯৯-এর পর ২০০৩ এবং সর্বশেষ ২০০৭ বিশ্বকাপেও কেন রিক্ত থাকবেন ওয়ানডে ব্যাটিংয়ের সব রেকর্ডের মুকুট পরা ‘অন্য গ্রহের’ ক্রিকেটার?না হলে কেবল গতবারেরটা বাদে অন্য দুটি বিশ্বকাপ তো নিজেকে ছাড়িয়ে যাওয়ারই লড়াই ছিল তাঁর কাছে। ১৯৯৯ দেখল তাঁর দেশপ্রেমের কাছে পিতার মৃত্যু-শোকের পরাজয়। বাবাকে চিতায় তুলে দিয়ে খাদে পড়ে যাওয়া দলকে সুপার সিক্সে তুললেন হিরণ্ময় এক সেঞ্চুরি করে। দলকে দ্বিতীয় পর্বের অক্সিজেন দিলেন একাই, কিন্তু সতীর্থ আর কেউ আরেকটু টেনে তোলার জ্বালানি জোগাতে পারলেন না। ২০০৩-এ আবারও টুর্নামেন্টে সর্বোচ্চ রান করে দলকে নিয়ে গেলেন ফাইনালে। সেই ফাইনালে বড় নির্মম হয়ে উঠল পন্টিং-মার্টিনের ব্যাট। পরে ম্যাকগ্রা-ব্রেট লিদের বলগুলো শ্বাপদ ছোবল দিল তাঁদের দিকে। তিনি টেন্ডুলকার, দুটি বিশ্বকাপের সর্বোচ্চ রানের মালিক, সর্বোচ্চ চার সেঞ্চুরির জনক হয়ে গেলেন ট্রয়ের ট্র্যাজিক হিরো। প্রথম পর্বেই বিদায়ের যন্ত্রণায় পোড়ানো ২০০৭ বিশ্বকাপটাকে পারলে স্মৃতির জানালা পথে আরব সাগরেই ছুড়ে ফেলতে চাইবেন টেন্ডুলকার। ওটা যে শুধু বেদনা এবং বেদনার রং দিয়ে লেখা দুঃখগাথা!সব বেদনা, সবটুকু দুঃখ, যাবতীয় অপ্রাপ্তি এবার ঘুচে যাবে বলেই হয়তো প্রায় আটত্রিশে পা দিতে যাওয়া এই জীবনে দেশের মাটিতে শেষ বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন টেন্ডুলকার। নতুবা ২২ বছরের ক্রিকেটযাত্রা শরীরে যে আঁচড় কেটে গেছে, তা নিয়ে করতে হতো স্মৃতিচারণা, ফেলতে হতো দীর্ঘশ্বাস। কিন্তু তিনি দীর্ঘশ্বাস ফেলছেন না, বরং বুকের মধ্যে জমিয়েছেন তরতাজা বসন্ত-বাতাস। বয়স তাঁর কাছে নিছক একটি সংখ্যা, ওটা জীর্ণতার লক্ষণ নয়, শুদ্ধ হয়ে ওঠার উপকরণ। তাই জীবনের ছত্রিশতম বসন্তে ওয়ানডেতে করলেন ক্রিকেট ইতিহাসের একমাত্র ডাবল সেঞ্চুরি, খেরোখাতায় যেটি ৪৬তম শতক। এরই এক বছরের মাথায় টেস্টের সেঞ্চুরি নিয়ে দাঁড় করালেন একান্নতে। এক মৌসুমে সর্বোচ্চ সাতটি সেঞ্চুরিসহ সবচেয়ে বেশি টেস্ট রান দেখল তাঁর ব্যাট। ওয়ানডের দুই শ হয়তো কোনো দিন ভেঙে দেবে কোনো উত্তরসূরির ব্যাট, কিন্তু ৫১ টেস্ট সেঞ্চুরির গণ্ডি পেরোবে এমন সাধ্য কার? যদি ধরেও নেওয়া যায়, পেরোনো সম্ভব হলো, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে বত্রিশ হাজারের বেশি রান টপকে যাবে সে কোন মানবসন্তান! এই বিস্ময় ক্রিকেট লিখিয়ে কোনো রোমান্টিক মনের নয়; যাঁর সঙ্গে একসময় তাঁর শ্রেষ্ঠত্বের প্রতিদ্বন্দ্বিতা ছিল ক্রিকেট পাঠক ও দর্শকের সহজ পাঠসূত্র, খোদ সেই ব্রায়ান লারার।ক্রিকেট খেলাটা খেলার বাইরে জীবনের জলছবি হয়ে উঠল তো টেন্ডুলকারেরই কারণে। এটা এখন হয়তো আপনি গুলিয়েই ফেলবেন, ক্রিকেট আর টেন্ডুলকার কে কার অলংকার। সুতরাং, টেন্ডুলকারকে কেন প্রাপ্তির আলোয় আর অর্জনের মহিমায় পূর্ণতা দেবে না ক্রিকেট-বিধাতা! এবারই হয়তো সেই সময়। এবারই হয়তো তাঁর ছোঁয়ায় পান্না হবে সবুজ, চুনি উঠবে রাঙা হয়ে। মহেন্দ্র সিং ধোনি কথা দিয়েছেন, শচীনকে বিশ্বকাপ উপহার দেবেন। সতীর্থরা তাঁকে জীবনের সবচেয়ে বড় উপহারটা দিতে চান। নিজে উপহারের জন্য অপেক্ষা করছেন একজন ক্রিকেট সান্তাক্লজের, ‘আমি কিছু একটা পেতে চাই, কী সেটা সবাই জানে।’ এই প্রাপ্তির অপেক্ষায় সময়টাকে সাজিয়ে নিতে শুরু করেছেন একান্ত নিজের করে। স্টেইন, লি, মরকেল, মালিঙ্গা, কিংবা গুলদের জন্য শাণিয়ে রাখছেন সেই আপারকাট, পাঞ্চগুলো। মুরালিধরন, ভেট্টোরিদের জন্য প্যাডেল সুইপ কিংবা নতুন অস্ত্র সুইচ হিট।কবিপুত্র, কবিভ্রাতা এবারের বিশ্বকাপে নিশ্চিতই ভালো লাগা ভালোবাসার কাব্য একখানা লিখতে চলেছেন। চয়ন করা হয়ে গেছে সব চিত্রকল্প, অনুপ্রাস। এখন শুধু অক্ষরের পাড় বুনে সাজিয়ে ফেলার অপেক্ষা।