তাঁর হাতে সোনা ফলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যখন খবর পাই, বন্ধু হুমায়ূন আহমেদ আর নেই, তখন বিশ্বাস করতে পারছিলাম না। এত অল্প বয়সে তিনি চলে গেলেন! মেনে নিতে পারছি না এখনো। প্রচণ্ড আঘাত পেলাম। হুমায়ূন ছিলেন আমার ছোট। কিন্তু আমরা মিশতাম বন্ধু হিসেবে। খুব আড্ডাপ্রিয় ছিলেন হুমায়ূন আহমেদ। ছিলেন সুরসিক। আমি যখন ঢাকা যেতাম, তখন ছুটে যেতাম ওর নুহাশপল্লীতে। জমিয়ে আড্ডা মারতাম। মনে আছে, ওখানের সুইমিং পুলেও আমরা একসঙ্গে সাঁতার কেটেছি। নিউইয়র্কে অবস্থানকালীনও আমরা আড্ডা মেরেছি। আড্ডা মেরেছি হুমায়ূন কলকাতায় এলেও। তিনি ছিলেন আমার একজন ভালো বন্ধু। এত অল্প বয়সে তিনি চলে যাবেন, ভাবতেই পারিনি। আমেরিকা থেকে চিকিৎসা শেষে তিনি যখন দেশে ফিরেছিলেন কিছুদিনের জন্য, তখন ভেবেছিলাম, তিনি সত্যিই বেঁচে ফিরে এসেছেন। কিন্তু বৃহস্পতিবারের রাতের খবর আমার হূদয়কে ভেঙে চুরমার করে দেয়। হিমু ছিল হুমায়ূনের এক অমর সৃষ্টি, অনবদ্য চরিত্র। হুমায়ূন আহমেদ ছিলেন বাংলাদেশের খুবই জনপ্রিয় লেখক। পশ্চিমবঙ্গেও হুমায়ূন সমান জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশ এক নামী, প্রতিভাবান লেখককে হারাল। এ ক্ষতি অপূরণীয়।আমি তো হুমায়ূনকে বলতাম, তোমার জনপ্রিয়তা আমার চেয়ে অনেক গুণ বেশি। শরৎচন্দ্রের জনপ্রিয়তাকেও তুমি হার মানিয়েছ। শুনে হুমায়ূন হাসতেন। বলতাম, দারুণ সব নাটক তোমার। মন কেড়ে নেয় মানুষের।হুমায়ূন আহমেদের ছিল এক শক্তিশালী লেখনীর হাত। তাঁর হাতে সোনা ফলেছে। তাই তো কলকাতার দেশ পত্রিকার শারদীয় সংখ্যায় পরপর আট বছর তাঁর উপন্যাস ছাপা হয়েছিল। অথচ কলকাতার লেখকদেরও পরপর প্রতিবছর লেখা ছাপা হয় না। আমাদেরও লেখা ছাপা হতো এক বা দুই বছর অন্তর। এতেই বোঝা যায়, তিনি কত বড় মাপের লেখক ছিলেন। হুমায়ূন আহমেদ শুধু সাহিত্যের গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি। বিজ্ঞানমনস্ক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তাঁর নির্দেশিত এবং রচিত নাটক বাংলাদেশে দারুণ জনপ্রিয় ছিল। জনপ্রিয় ছিল তাঁর চলচ্চিত্রও।সর্বশেষ ছয়-সাত মাস আগে ওর সঙ্গে কথা হয়েছিল। বলেছিলাম, ভয় নেই, সেরে উঠবে। সত্যি বলতে কী, হুমায়ূন আহমেদ ছিলেন শক্ত মনের মানুষ। বারবার বলতেন, আমি রোগ থেকে মুক্তি পাব। আমি তাঁর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়ে ছুটে গিয়েছিলাম ঢাকায়। সে কী আনন্দ! তখন দুই বন্ধু চুটিয়ে আড্ডা মেরেছি। এই প্রতিভাবান লেখকের মৃত্যু আমি এখনো মেনে নিতে পারছি না। মনে হচ্ছে, হুমায়ূন এখনো আমাদের মাঝে বেঁচে আছেন। আমি বন্ধুর মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।  অনুলিখন