তাঁরা অনেক কিছুই মানেন না, সবকিছুই মানেন: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে তারা বাজার সরগরম এবং যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সরকার দেশে যেভাবে মানুষের কল্যাণে কাজ করছে, সেটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।বিএনপির উদ্দেশে দীপু মনি বলেন, ‘তত্ত্বাবধায়ক না হলে তারা মানবেন না বলে বারবার বলছেন। কিন্তু আমার মনে হয়, তারা বিষয়টি মেনে নেবেন। কারণ মানুষ যা চায়, তা প্রতিটি রাজনৈতিক দলকে মানতে হয়।’ আজ শনিবার চাঁদপুরে এক সফরে এসে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।দীপু মনি বলেন, তাঁরা বলেছেন, ইভিএম মানেন না। কিন্তু ইভিএম তো মেনেছেন এবং তাঁদের দল থেকে বেরিয়ে যাওয়া প্রার্থী নির্বাচিত হয়েছেন। এখন তো তাঁরা ইভিএম মানেন। কাজেই তাঁরা অনেক কিছুই মানেন না, আবার সবকিছুই মানেন।দীপু মনি আরও বলেন, ‘সরকারের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতেই এই তত্ত্বাবধায়কের বিষয়টিকে ইস্যু তৈরি করা হচ্ছে। আমি মনে করি না, এটি একটি ইস্যু।’নির্বাচন কমিশন প্রসঙ্গে দীপু মনি বলেন, এই প্রথমবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচন কমিশন গঠন নিয়ে এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে রাষ্ট্রপতি একটি জাতীয় মতৈক্যের প্রয়াস নিয়েছেন। আমরা একে সবাই সাধুবাদ জানাই। আমার বিশ্বাস, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হবে। যার মাধ্যমে আমাদের ভবিষ্যতের দিনের নির্বাচনগুলো অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’