তাঁরা আবার জিতলেন
নির্বাচনের দুই মাস আগে মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে বেশ আলোচিত হয়েছিলেন ফেরদৌস বেগম। এ নিয়ে নির্বাচনে তাঁকে অনেকে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তার পরও ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী জালালাবাদ ও পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন। টানা তিনবার কাউন্সিলর হলেন তিনি।শুধু ফেরদৌস বেগম নন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জনই পুনরায় নির্বাচিত হয়েছেন। কেবল ১১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে এসেছেন নতুন মুখ, জান্নাতুল ফেরদৌস। সাধারণ কাউন্সিলর পদে যেখানে পুরোনোদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেখানে পুরোনো ১৩ কাউন্সিলরই টানা দুবার থেকে চারবার করে নির্বাচিত হয়ে এসেছেন। যেমন ২ নম্বর চান্দগাঁও, মোহরা ও পূর্ব ষোলশহর সংরক্ষিত ওয়ার্ডে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন জোবাইরা নার্গিস খান। তাঁর মুখেই শোনা যাক কাউন্সিলরদের জয়ের রহস্য। ‘আমরা সব সময় জনগণের পাশে ছিলাম। যথাসাধ্য এলাকার মানুষের কথা শুনেছি। কাজ করার চেষ্টা করেছি। সে তুলনায় ছেলেদের (পুরুষ কাউন্সিলর) আরও বেশি কাজের সুযোগ ছিল। কিন্তু তার পরও তাঁদের অনেকেই আগের সুনাম রক্ষা করতে পারেননি।’ বললেন নার্গিস খান। সাধারণ কাউন্সিলরের ৪১টি ওয়ার্ডে পুরোনো কাউন্সিলরদের মধ্যে মাত্র ১৭ জন পুনরায় নির্বাচিত হয়েছেন। অবশ্য এর মধ্যে ১০ জন (একজন মৃত্যুবরণ করেছেন) এবার নির্বাচন করেননি। কিন্তু ১৪টি সংরক্ষিত ওয়ার্ডের আগের কাউন্সিলররা সবাই এবার পুনরায় নির্বাচনে অংশ নিয়েছিলেন। লুৎফুননেছা দোভাষ টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন ১৩ নম্বর ফিরিঙ্গীবাজার, পাথরঘাটা ও বকশিরহাট ওয়ার্ড থেকে। তিনি বলেন, ‘সাধারণ ওয়ার্ডে কাউন্সিলরদের জন্য উন্নয়ন বরাদ্দ বেশি ছিল। সে তুলনায় আমাদের বরাদ্দ কম। কিন্তু পুরুষ কাউন্সিলররা তাঁদের সুনাম রক্ষা করতে পারেননি।’জলাবদ্ধতা নিরসন, বেকার সমস্যা সমাধান করা তাঁর প্রথম কাজ হবে বলে জানালেন লুৎফুননেছা দোভাষ। ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ড থেকে টানা তিনবার নির্বাচিত হয়েছেন রেহেনা বেগম। তিনিও সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিভিন্ন কাজের বিরোধিতা করে অনেকের বিরাগভাজন হয়েছিলেন। তার পরও তিনি বারবার নির্বাচিত হয়ে আসছেন এই ওয়ার্ড থেকে। করপোরেশনের ভেতরে-বাইরে তিনি নারী অধিকার নিয়ে সব সময় সোচ্চার ছিলেন।রেহেনা বেগম বলেন, ‘আমি সব সময় মানুষের সেবা করে এসেছি। সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে ছিলাম। তাঁরা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন।’৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে জাহানারা বেগম পুনরায় নির্বাচিত হয়েছেন। একইভাবে ৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে আরজু সাহাবুদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে মনোয়ারা বেগম, ৬ নম্বরে সাহেদা খাতুন, ৭ নম্বর ওয়ার্ডে আঞ্জুমান আরা বেগম, ৮ নম্বর ওয়ার্ডে রেখা আলম চৌধুরী, ১০ নম্বরে ফেরদৌস আরা, ১২ নম্বরে আফরোজা কামাল, ১৪ নম্বর ওয়ার্ডে শাহানুর বেগম পুনরায় কাউন্সিলর নির্বাচিত হন। তাঁদের এই কৃতিত্বের জন্য তাঁরা নিজেদের এত দিনের কাজকেই বড় করে দেখছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে জীবনে প্রথমবার নির্বাচন করতে এসে বাজিমাত করেছেন জান্নাতুল ফেরদৌস। তিনি ১১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত হন। তিনি পরাজিত করেছেন গতবারের কাউন্সিলর সাবিহা মুছাকে। জান্নাতুল সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নির্বাহী সদস্য। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সমস্যা সমাধানে কাজ করে আসছি। এ ছাড়া বিভিন্ন শিশু-কিশোর সংগঠনের সঙ্গে জড়িত। এসব কাজের মূল্যায়ন করে সবাই আমাকে ভোট দিয়েছেন।’নতুন মেয়াদে নির্বাচিত কাউন্সিলরদের এখন অনেক পরিকল্পনা। তাঁরা মনে করেন, যদি করপোরেশনের মেয়র ও সহকর্মী কাউন্সিলরদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়, তাহলে তাঁরা তাঁদের সুনাম আরও অনেক দিন ধরে রাখতে পারবেন।