তাঁরা কয়েকজন অন্য রকম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই গ্রামের ১২ জন। একসঙ্গে হেসেখেলে বড় হয়েছেন তাঁরা। কেউ এখনো পড়াশোনা করছেন, কেউবা ঢুকেছেন চাকরিতে। মনমেজাজে ভিন্নতা থাকলেও তাঁদের ব্রত ছিল একটাই। গ্রামের দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন, গ্রামকে আলোকিত করবেন। এই ব্রত সামনে রেখে তারা পাঁচ বছর আগে একটি সংগঠন করেন। সেই থেকে বিভিন্ন কল্যাণমুখী কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা।ওঁরা ১২ জন সিরাজগঞ্জের কাজিপাড়া উপজেলার চালিতাডাঙ্গা গ্রামের সন্তান। তাঁদের কাজের মধ্যে রয়েছে তিনটি বাঁশের সাঁকো তৈরি, দরিদ্র শিশুদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ, বিনা মূল্যে শিক্ষাদান, শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। এ ছাড়া পাঠাগার স্থাপনের মাধ্যমে বই পড়তে উদ্বুদ্ধ করাসহ দরিদ্র মেয়েদের বিয়েতে সহযোগিতা করছেন। সমাজ বদলের এই কাজে তাঁরা সহায়তা পাচ্ছেন গ্রামের সচেতন মহলের। যেভাবে শুরু: ২০০৬ সালের ১ নভেম্বর। চালিতাডাঙ্গা গ্রামের একটি পুকুরপাড়ে বসেন ওই গ্রামের কামাল পাশা, হামিদুর রহমান, মাসুদ রানা, শরিফুল ইসলাম, সাজেদুল করিম, সেলিম রেজা, তোরাপ আলী, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, শামীম রেজা, আবদুল মোতালেব ও রাজু আহমেদ। গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছিলেন তাঁরা। গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনায় পিছিয়ে পড়ছে, কিশোরেরা মাদকাসক্ত হচ্ছে, শিক্ষা উপকরণের অভাবে অনেকেই বিদ্যালয়ে যেতে পারছে না, গ্রামের ভেতরে যোগাযোগব্যবস্থা ও বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড তাঁদের আলোচনায় স্থান পায়। প্রথম আলোয় বিভিন্ন সময় প্রকাশিত বিশেষ প্রতিবেদনগুলো নিয়েও আলোচনা করেন তাঁরা। সেখানেই সিদ্ধান্ত হয় সমাজ বদলের অঙ্গীকার নিয়ে কিছু করার। সেই সিদ্ধান্তমতো তাঁরা গড়ে তোলেন ‘দ্য ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন’। মাসে ৫০ টাকা করে চাঁদা দিয়ে ওই সংগঠনের তহবিলও গঠন করা হয়। নিজেদের শুরুর কথা এভাবেই বর্ণনা করলেন কামাল পাশা। একপর্যায়ে চাকরিতে চলে যান হামিদুর রহমান আর মাসুদ রানা। তাঁরা বেতনের একটি অংশ প্রতি মাসে ওই তহবিলে জমা দিতে থাকেন। তাঁদের কাজে উদ্দীপ্ত হয়ে গ্রামের কিছু ধনাঢ্য ব্যক্তি ও প্রবাসী বন্ধু-বান্ধবও সহযোগিতার হাত বাড়ায়। ‘নিঃস্বার্থ সেবার মাধ্যমে পরম আনন্দ’ এ স্লোগান সামনে রেখে তাঁরা শুরু করেন সমাজ বদলের কাজ। শুরুর পরপরই ১২ সদস্যের একজন মারা যান। অন্য ১১ জন পড়াশোনা ও বিভিন্ন কাজে গ্রামের বাইরে থাকছেন। তবে প্রতি মাসেই সভা করেন তাঁরা। সভার সিদ্ধান্তমতো স্থানীয় দুজন সদস্য সহযোগী সদস্যদের নিয়ে কর্মসূচি পরিচালনা করছেন। পাঠাগার স্থাপন: শুরুর ১২ সদস্যের মধ্যে রাজু আহমেদ ২০০৮ সালের জুলাই মাসে মারা গেলে তাঁর স্মৃতি ধরে রাখতে গড়ে তোলা হয় রাজু স্মৃতি পাঠাগার। এখানে গল্প, উপন্যাস, বিখ্যাত মনীষীদের জীবনী ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিষয়ে বিভিন্ন বই রয়েছে। রাখা হচ্ছে দৈনিক পত্রিকা। প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত পাঠাগার খোলা রাখা হয়। পাঠাগারে বসে পড়ার পাশাপাশি বাড়িতে নিয়েও বই পড়া যায়। পাঠাগারের সদস্য হতে বা বই পড়তে কোনো অর্থ দিতে হয় না। তবে পাঠকের তুলনায় বই কম হওয়ায় কিছু সমস্যা হচ্ছে।শিক্ষার্থীদের মেধা বিকাশে: দরিদ্র শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত মজবুত করতে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন বিকেলে এক ঘণ্টা করে পড়ানো হয়। স্থানীয় পাঁচজন ছাত্র স্বেচ্ছাসেবক হিসেবে তাঁদের পড়াচ্ছেন। স্বেচ্ছাসেবক মো. কামাল বলেন, ‘এর মাধ্যমে গ্রামের ছেলেমেয়েরা ভালো ফল করতে পারলে আমাদের পরিশ্রম সার্থক হবে। এই কাজে আমরা সবার সমর্থন ও সহযোগিতা পাচ্ছি।’ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ পর্যন্ত ২০টি দরিদ্র শিশুকে বিনামূল্যে খাতা, কলম ও ব্যাগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য প্রতিবছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। মেধা শাণিত করার জন্য প্রতি মাসে একবার কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।চিকিৎসা-সহায়তা: স্থানীয় দরিদ্র লোকজন অসুস্থ হলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না। অনেকেরই ন্যূনতম ওষুধ কেনার সামর্থ্য নেই। তাই এই সংগঠনের পক্ষ থেকে চিকিৎসার জন্য প্রতি মাসে অন্তত দুজনকে ৫০০ টাকা করে দেওয়া হয়। দরিদ্র রোগীদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে এই সংগঠনের সদস্যরা তাঁদের হাসপাতালে নেওয়ারও ব্যবস্থা করেন। গ্রামের অভ্যন্তরীণ উন্নয়ন: সংগঠনের পক্ষ থেকে গ্রামের মধ্যে তিনটি বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। গ্রামের তিনটি সড়কে ভেঙে যাওয়া স্থানে প্রাথমিকভাবে মাটি ফেলা হয়েছে। বাল্যবিবাহ রোধে সংগঠনের পক্ষ থেকে মসজিদের মাইকে লোকজনকে ধারণা দেওয়া হচ্ছে। সচেতনতা বাড়াতে গৃহবধূদের নিয়ে পাড়ায় পাড়ায় উঠান-বৈঠকও করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত ১৪টি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে। সহায়তা দেওয়া হয়েছে দরিদ্র পরিবারের তিনটি মেয়ের বিয়েতে। গ্রামবাসীর কথা: স্থানীয় আবদুস সোবহান জানান, প্রথমে অনেকে ছেলেদের এই কাজকে ভালোভাবে নেয়নি। ভেবেছিল ব্যবসার কোনো ফন্দি আঁটছে। কিন্তু কিছুদিন পর সেই ধারণা মিথ্যা প্রমাণিত হলো। এখন গ্রামের সবাই তাঁদের এই কাজে সহায়তা করছে। গ্রামের সবাই এখন তাঁদের প্রতিষ্ঠিত পাঠাগারে গিয়ে পত্রিকা ও বই পড়ছে। ফলে দেশ-বিদেশের খবরও জানতে পারছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হাসনাহেনা বলেন, ‘চালিতাপাড়ার পাশের গ্রামের সন্তান হিসেবে আমি যা করতে পারিনি, ওরা তা করছে। সবার উচিত ওদের পাশে দাঁড়ানো।’ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কাজে উদ্বুদ্ধ হয়ে রূপান্তর অ্যাসোসিয়েশন ও কিশোর স্বেচ্ছাসেবী সংগঠন নামে দুটি সংগঠনের জন্ম হয়েছে। এই দুটি সংগঠনও খেলাধুলা ও মাদক নিরাময়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। ভবিষ্যৎ পরিকল্পনা: দ্য ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদুর রহমান জানান, স্থানীয় আবদুর রাজ্জাক সংগঠনের নামে তিন শতক জমি দান করেছেন। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা এই জমিতে একটি ঘর তৈরি করে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করব। এতে গ্রামের মানুষ তথ্যপ্রযুক্তির সেবা পাবে। ভবিষ্যতে এই গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে পরিচিত করতে আমরা কাজ করে যাব।’কাজিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘ওই যুবকদের সম্পর্কে আমি জানি। তাঁরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এ ধরনের তরুণেরাই পারে সমাজের মানুষের উন্নয়ন করতে।’