তাঁরা চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটের প্রথম ১২৭ বছরে একাধিক ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্ব ছিল শুধুই ডন ব্র্যাডম্যানের। গত ছয় বছরে আরও তিনজন সঙ্গী হয়েছেন তাঁর। দুই ট্রিপল সেঞ্চুরির কীর্তি নিয়ে লিখেছেন উৎপল শুভ্রডন ব্র্যাডম্যান, ব্রায়ান লারা, বীরেন্দর শেবাগ, ক্রিস গেইল...গেইলের নামটা কি মানাচ্ছে বাকি তিনজনের পাশে? উত্তর ‘না’ হলেও কিছু আসে-যায় না। ক্রিকেট ইতিহাসে এই চারটি নাম এখন এক সুতোয় গাঁথা। সেই সুতোর নাম—টেস্ট ক্রিকেটে দুটি ট্রিপল সেঞ্চুরি। ব্যাটসম্যান হিসেবে কে বড়, কে ছোট—এই আলোচনার সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। তবে এই অভিজাত ক্লাবে গেইলকে ‘হংস মাঝে বক যথা’ মনে হওয়ার পরিসংখ্যানগ্রাহ্য যথেষ্ট কারণ আছে। চারজনের মধ্যে ওয়েস্ট ইন্ডিয়ান বাঁহাতির সেঞ্চুরির সংখ্যাই সবচেয়ে কম। ব্র্যাডম্যানের ২৯ সেঞ্চুরি, লারার ৩৪, শেবাগের ২২, গেইলের মাত্র ১৩। এর চেয়েও বড় বিস্ময় ডাবল সেঞ্চুরির সংখ্যায়। ব্র্যাডম্যানের ১২টি ডাবল সেঞ্চুরি, লারার ৯টি, শেবাগের ৬টি। গেইলের মাত্র ১টি। অর্থাৎ ২০০ পেরোনো মাত্র তিনটি ইনিংসের দুটিকেই ট্রিপলে রূপ দিয়েছেন এই জ্যামাইকান। রূপান্তর-হারের বিবেচনায় এটিকেও বড় কৃতিত্ব বলতে পারেন। তবে টেস্টে যাঁর দেড় শ ছাড়ানো স্কোর মাত্র ৬টি, তাঁর দুটি ট্রিপল সেঞ্চুরি একটু বিস্ময় না জাগিয়ে পারেই না! ব্যাটিং-গড়ও দেখুন না। ব্র্যাডম্যানেরটা তো আপনার মনেই আছে। শেবাগের ব্যাটিং-গড় ৫৪.৫৬, লারার ৫২.৮৮। গেইলের মাত্র ৪২.২৬। না, গেইলের নামটা এখানে একটু বেমানানই লাগছে। ব্যাটিংয়ে আরও অনেক কীর্তির মতো ব্র্যাডম্যান এখানেও প্রথম। চার বছরের ব্যবধানে পরপর দুটি ইংল্যান্ড সফরে তাঁর দুটি ট্রিপল সেঞ্চুরি। পরের ৭০ বছর যা একমেবাদ্বিতীয়ম হয়ে ছিল। এই কীর্তি অস্পর্শনীয় জেনেই চোখ বুজেছিলেন ব্র্যাডম্যান। তাঁর মৃত্যুর তিন বছর পর ব্রায়ান লারা দুই ট্রিপল সেঞ্চুরির কীর্তিতে তাঁর পাশে বসেন। এখন দেখা যাচ্ছে, আর ছয় বছরের মধ্যে শেবাগ ও গেইলও সঙ্গী হয়ে গেলেন ব্র্যাডম্যানের।মৃত্যুর ওপারের রহস্যময় জগতে সেঞ্চুরি-টেঞ্চুরির কোনো তাৎপর্য থেকে থাকলে ব্র্যাডম্যানের নিশ্চয়ই ওই রানআউটটি নিয়ে এখন খুব আফসোস হচ্ছে। ১৯৩০ ও ১৯৩৪ সালে দুই ট্রিপল সেঞ্চুরির ঠিক মাঝখানে আরেকটি ট্রিপল হাতছাড়া হয়েছিল ওই রান আউটটিতেই। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ৩০০তম রানটি নেওয়ার ব্যগ্রতায় শেষ ব্যাটসম্যান হিউ থারলোকে রানআউট করে দেন ব্র্যাডম্যান। ওই অপরাজিত ২৯৯-ও অবশ্য আমৃত্যু একটি সান্ত্বনা দিয়ে গেছে ব্র্যাডম্যানকে। এটাও তো আরেকটি ‘রেকর্ড’, টেস্ট ক্রিকেটে আর কারও ২৯৯ রানে অপরাজিত থাকার ঘটনা নেই! ব্র্যাডম্যান কীভাবে জানবেন, তাঁর মৃত্যুর পর নয় বছর পেরোতে না-পেরোতেই তিন-তিনজন তাঁর সবচেয়ে বেশি ট্রিপল সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসাবেন!গেইলকে নিয়ে মনে খচখচানির কথা বলছিলাম। হওয়ারই কথা। দুই ট্রিপল সেঞ্চুরিতে অমরত্ব নিশ্চিত করে ফেলেছেন—অথচ সর্বকালের সেরা এই ব্যাটসম্যানদের বেশ বড় একটা তালিকা করলেও যে গেইলের নামটি সেখানে থাকবে না। সেই তালিকায় যাঁরা থাকবেনই থাকবেন, তাঁদের মধ্যে কতজনের একটি ট্রিপল সেঞ্চুরি পর্যন্ত নেই! গাভাস্কার-রিচার্ডস-গ্রেগ চ্যাপেল-টেন্ডুলকার-পন্টিং-মিয়াদাঁদ...এমন আরও কত ব্যাটিং-গ্রেটের ছোঁয়া হয়নি এই ম্যাজিক ফিগার। গেইল অবশ্য এমন আলোচনা হচ্ছে শুনলে হেসে উঠতে পারেন, ‘আরে বাবা, ওরা ট্রিপল সেঞ্চুরি করতে পারেনি, এটা আমার দোষ নাকি!’অবশ্যই নয়। বরং তিন ট্রিপল সেঞ্চুরি করে সবার ওপরে উঠে যাওয়ার সুযোগও গেইলের আছে। আছে শেবাগেরও। তিনটি তিন শর মধ্যে চমৎকার একটা দ্যোতনা আছে—বর্তমান ক্রিকেটের সবচেয়ে বিধ্বংসী দুই ওপেনারকে মিলিয়েই দিল এই স্বপ্ন। শেবাগ তো স্বপ্নটাকে বাস্তব প্রায় বানিয়েই ফেলেছিলেন। মাত্র ৭ রানের জন্য তিন নম্বর তিন শটা হাতছাড়া হয়েছে তাঁর। তবে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওই ২৯৩ করে ব্র্যাডম্যানের আরও ঘনিষ্ঠ হয়েছেন শেবাগ। দুটি ট্রিপল সেঞ্চুরির সঙ্গে একটি ২৯০-এর ঘরের স্কোর—এটা তো শুধু ব্র্যাডম্যান আর শেবাগেরই অহংকার। ব্র্যাডম্যানের সঙ্গে লারারও একটি মিল আছে। দুজনেরই ট্রিপল সেঞ্চুরি দুটি একই মাঠে। প্রতিপক্ষও এক। পরপর দুটি ইংল্যান্ড সফরে ব্র্যাডম্যানের ৩৩৪ ও ৩০৪। দুটিই লিডসের হেডিংলিতে। প্রথমটিতে তিন সেশনেই আলাদা আলাদাভাবে সেঞ্চুরি ব্র্যাডম্যানের। দিন শেষে অপরাজিত ছিলেন ৩০৯ রানে। যা টেস্টে এক দিনে সবচেয়ে বেশি রানের রেকর্ড হয়ে আছে ৮০ বছরেরও বেশি। ওই ৩৩৪ টেস্টে সর্বোচ্চ স্কোরের রেকর্ড হিসেবে অবশ্য বেশি পরমায়ু পায়নি। অ্যান্ড্রু স্যান্ডহাম অবশ্য বলবেন, তিন বছরই বা কম কী! ইংলিশ ব্যাটসম্যানের ৩২৫ রানের রেকর্ডটিকে যে তিন মাসও টিকতে দেননি ব্র্যাডম্যান। ৩৭৫ ও অপরাজিত ৪০০—লারার দুই মহাকাব্যই রচিত অ্যান্টিগার রিক্রিয়েশন রাউন্ডে। দুটিই ছিল রেকর্ড ভাঙা ইনিংস। ৩৭৫ করে ভেঙেছিলেন ৩৬ বছর পুরোনো গ্যারি সোবার্সের অপরাজিত ৩৬৫ রানের রেকর্ড। ৪০০ ছিল রেকর্ড পুনরুদ্ধারের ইনিংস। ম্যাথু হেইডেনের কাছে রেকর্ডটি হারানোর ১৮৫ দিন পরই আবার সেটি নিজের অধিকারে নিয়ে নেন লারা। ১৮৭৭ সালে ইতিহাসের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যানের অপরাজিত ১৬৫ রানের রেকর্ড ভাঙতে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন স্বদেশি বিল মারডক। সেই থেকে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটি হাতবদল হয়েছে ১০ বার। হারিয়ে ফেরার পর আবার তা পুনরুদ্ধারের কীর্তি শুধুই ব্রায়ান লারার।দুই ট্রিপল সেঞ্চুরিয়ানদের দলে একটা জায়গায় বীরেন্দর শেবাগ এগিয়ে। ব্র্যাডম্যান-লারা-গেইলদের কেউই ট্রিপল সেঞ্চুরির আনন্দটাকে দলের জয়ে রঙিন হতে দেখেননি। শেবাগ দেখেছেন। ২০০৪ সালে মুলতানে শেবাগের প্রথম ট্রিপল সেঞ্চুরিতেই পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জিতেছিল ভারত। ভারতের পক্ষে টেস্টে প্রথম ট্রিপল সেঞ্চুরিও ছিল এটি। এমন একটা উপলক্ষ স্মরণীয় করে না রাখার লোকই নন শেবাগ! ট্রিপল সেঞ্চুরিতে পা রেখেছিলেন তাই শোয়েব আখতারকে ছক্কা মেরে।শেবাগের দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিটিতে দল জেতেনি। তবে ব্র্যাডম্যান-লারার পাশে নাম লেখানোর চেয়েও বড় গর্বের উপলক্ষ ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩১৯ রানের ওই ইনিংস। টেস্ট ক্রিকেটে বেশ কটি ট্রিপল সেঞ্চুরির বলের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যায় না। তবে দ্রুততম ট্রিপল সেঞ্চুরিটি যে বীরেন্দর শেবাগেরই, এটা মোটামুটি সংশয়াতীত। বরং আলোচনা হতে পারে, ৩১৯ রানের ওই ইনিংসে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরির যে রেকর্ড গড়ে রেখেছেন শেবাগ, সেটি কি আর ভাঙবে কোনো দিন!ভাঙতেও পারে। ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই। এই বছর ছয়েক আগেও ব্র্যাডম্যানের দুই ট্রিপল সেঞ্চুরির কীর্তিকে কি এমনই অস্পর্শনীয় বলে মনে হতো না!