তাঁরা ছাত্রলীগের কর্মী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা অনুযায়ী ছাত্রলীগের দুই কর্মী শামীম ও শরীফ এসেছেন হলে ওঠার জন্য। তাঁরা এসেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়ার মাইক্রোবাসে করে। হলের করিডরে প্রতিপক্ষের কর্মীদের সঙ্গে কোলাকুলির সময় কর্মী শরীফের কোমরে অস্ত্র দেখতে পান উপস্থিত অন্যরা। একপর্যায়ে শরীফ দৌড়ে হল থেকে বেরিয়ে যাওয়ার সময় অস্ত্রটি কোমর থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শামীমও পালিয়ে যান। পরে প্রক্টর, সহকারী প্রক্টর, হল প্রভোস্ট গাড়িতে উঠে চলে যান। গত রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে। রাত সাড়ে ১১টা পর্যন্ত সেখানেই পড়ে ছিল অস্ত্রটি। সাড়ে ১২টার দিকে পুলিশ এসে হল তল্লাশি করে। তখন করিডর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান। অস্ত্রের ঘটনার সত্যতা স্বীকার করেছেন হলের প্রভোস্ট আবদুল মান্নান চৌধুরী। প্রত্যক্ষদর্শীসহ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের কর্মীরা জানান, গতকাল সন্ধ্যায় শহীদ রফিক জব্বার হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া তাঁর হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের কর্মী সাদি, বাপ্পি ও হলের বাইরে অবস্থান করা এস এম শামীম এবং শরীফকে নিয়ে বৈঠক করেন। সেখানে নিজ নিজ হলের বৈধ ছাত্রদের হলে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রক্টর তাঁর গাড়িতে করে বৈঠকে উপস্থিত ছাত্রলীগের চার নেতা-কর্মীকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আসেন। হলে ঢোকার সময় ছাত্রলীগের এক কর্মীর সঙ্গে কোলাকুলি করতে গিয়ে এত দিন বাইরে অবস্থান করা সংগঠনের কর্মী শরীফের কোমরে থাকা আগ্নেয়াস্ত্র দেখতে পান উপস্থিত অন্যরা। এ সময় হলের ছাত্রলীগ কর্মীরা শরীফকে ধাওয়া দিলে তিনি দৌড়াতে শুরু করলে অস্ত্রটি কোমর থেকে পড়ে যায়। ছাত্রলীগের কর্মীরা প্রক্টরের উপস্থিতিতে অস্ত্র নিয়ে হলে প্রবেশের এই ঘটনার প্রতিবাদে স্লোগান দেওয়া শুরু করলে প্রক্টর আরজু মিয়া, হল প্রাধ্যক্ষ আবদুল মান্নান চৌধুরী, সহকারী প্রক্টর কবিরুল বাশার, নাজমুল হাসান তালুকদার এবং ছাত্রলীগের কর্মী শামীমও প্রক্টরের মাইক্রোবাসে করে ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার পর হলের করিডরে ছাত্রলীগের কর্মীর ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্রটি পড়ে থাকে। রাত সাড়ে ১১টার দিকে প্রাধ্যক্ষ আবদুল মান্নান চৌধুরী হলে গেলে শিক্ষার্থীরা অস্ত্র নিয়ে হলে প্রবেশের ঘটনার বিচার দাবি করেন। তিনি বিচারের আশ্বাস দেন। ছাত্রলীগের নেতা শামীম রাত সাড়ে ১১টায় প্রথম আলোকে বলেন, ‘আমি এখন শহীদ সালাম বরকত হলে অবস্থান করছি।’ অস্ত্রের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রক্টর ও হল প্রাধ্যক্ষের অনুমতি অমান্য করে মুজিব হলের কর্মীরা তাদের আগ্নেয়াস্ত্র ফেলে রেখে সেটি শরীফের কাছে ছিল বলে দাবি করছে। এই অভিযোগ তুলে তারা আমাদের মারধরও করে। পরে আমরা সেখান থেকে চলে আসি।’ঘটনা সম্পর্কে প্রক্টর অধ্যাপক আরজু মিয়ার বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শতাধিক পুলিশ মুজিবুর রহমান হলে তল্লাশি চালায়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজগর আলী ও সহসভাপতি নেয়ামূল করীমের নেতৃত্বে তাদের ১৫-২০ জন অনুসারী এ সময় হলে প্রবেশ করেন। তাঁরা ছাত্রলীগের ওই দুই কর্মী শরীফ ও শামীমকে হলে তুলে দেন। এ অবস্থায় ভয়ে ওই হলের ছাত্রলীগের নেতারা রাতেই হল ছেড়ে চলে যান।