তাঁরা দুই বোন
নাটকের মানুষেরা দুজনকে দেখলে এমনিতেই ঈর্ষা করেন। করবেন না কেন? দুজনের যা ভাব। একজন অন্যজনের জন্য পাগল। কেউ কেউ তাঁদের নাম দিয়েছেন মানিকজোড়। এই দুজন এবার দুই বোনের ভূমিকায় কাজ করছেন। শানু ও রানু। শানু বড় বোন। নওশীন এই চরিত্রটিতে কাজ করছেন। ছোট বোন রানুর চরিত্রে কাজ করছেন বিন্দু। গত মঙ্গলবার থেকে আশুলিয়ার প্রিয়াঙ্কা শুটিং স্পটে দুজনই টানা শুটিং করছেন। নাটকের নাম ইতি তোমার রানু। দুই বোনের চরিত্রে কাজ করা প্রসঙ্গে জানতে চাইলে নওশীন বলেন, ‘খুবই সুন্দর একটি গল্প। এখানে আমার সঙ্গে একটি ছেলের প্রেম হয় এবং বিয়ের কথা চূড়ান্ত হয়। কিন্তু ছেলেটি আমাকে বিয়ে করতে রাজি হয় না। পরিবেশটা এমন হয় যে আমি আত্মহননের পথ বেছে নিই। তার পর থেকে ছোট বোন আমার আত্মার খোঁজ পায়। আমি ওর সঙ্গে কথা বলি। দুঃখগুলো ভাগাভাগি করে নিই।’বিন্দু বলেন, নওশীন আমার ব্যক্তিজীবনে খুবই ভালো বন্ধু এবং বড় বোনের মতো। কিন্তু কোনো নাটকে আসলে বোনের কাজ করা হয়নি। এই নাটকের চরিত্রটি পেয়ে ভালো লাগল এবং কাজটা করলাম। কিছু কিছু দৃশ্য আছে, যখন সংলাপ বলতে গিয়ে আপনাআপনি কান্না চলে এসেছে।’ আনিসুল হকের গল্প অবলম্বনে ইতি তোমার রানু পরিচালনা করছেন হিমেল আশরাফ। এই নাটকে আরও অভিনয় করছেন হিল্লোল, সজল, রেবেকাসহ আরও অনেকে। পরিচালক জানিয়েছেন, এক ঘণ্টা দৈর্ঘ্যের ধারাবাহিক এই নাটকটি ঈদুল আজহায় পাঁচ দিন ধরে প্রচার করা হবে মাছরাঙা টেলিভিশনে।