তাঁরা দ্রুত নিষ্পত্তি প্রত্যাশা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, ‘মামলার প্রকৃতি ও বিচার বিভাগের প্রতি জন-প্রত্যাশা পরিবর্তিত হচ্ছে। এখন মোকদ্দমাকারীর কাছে সময় একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাঁরা মোকদ্দমার দ্রুত নিষ্পত্তি প্রত্যাশা করেন। মোকদ্দমার ক্রমবর্ধমান ব্যয় জনমানুষের আরেকটি উদ্বেগের বিষয়। জনগণ স্বল্প ব্যয়ে দ্রুত মানসম্পন্ন সুবিচার প্রত্যাশা করে। প্রকৃতপক্ষে এটি তাদের সাংবিধানিক অধিকার।’আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ২৭তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। সকালে বাংলাদেশ আইন সমিতির সভাপতি মো. আবদুন-নূর দুলালের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। পরে সমিতির সাধারণ সম্পাদক মুহম্মদ ফরিদুল ইসলামের সঞ্চালনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, সমিতির সদস্য আবদুল্লাহ মাহমুদ হাসান, মমতাজ উদ্দীন আহমদ, গোলাম মোস্তফা, শেখ আলী আহমেদ প্রমুখ বক্তব্য দেন।প্রধান বিচারপতি বলেন, ‘সব মোকদ্দমা বিচার-প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তিকরণ আমাদের বিচারব্যবস্থা গতিশীল না হওয়ার অন্যতম কারণ। প্রকৃতপক্ষে, বর্তমান সময়ে সব মোকদ্দমা বিচার-প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পন্ন করা প্রত্যাশিত নয়, সম্ভবও নয়।’মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, সম্পত্তির মূল্যবৃদ্ধি, নগরায়ণ, শিক্ষার প্রসার ও অধিকার সচেতনতা বৃদ্ধির কারণে মোকদ্দমার সংখ্যা এমনভাবে বেড়েছে যে সব পর্যায়ের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও আমরা মামলাজট থেকে বেরিয়ে আসতে পারছি না।’প্রধান বিচারপতি বলেন, যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রায় নব্বই ভাগ ফৌজদারি মামলা প্লি-বার্গেইন পদ্ধতিতে ও দেওয়ানি মামলা মেডিয়েশন প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়। এতে আদালত গুরুতর ফৌজদারি মামলা ও জটিল আইনের প্রশ্নসংবলিত দেওয়ানি মামলার বিচারকর্মে মনোনিবেশ করতে সমর্থ হয়। এভাবে দ্রুত মোকদ্দমা নিষ্পত্তি করা সম্ভব হয়। এ বছর দেওয়ানি কার্যবিধি সংশোধন করে দেওয়ানি মামলায় বিচারপূর্ব মেডিয়েশন বাধ্যতামূলক করায় সরকারকে ধন্যবাদ জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘এখন প্রয়োজন একদল দক্ষ মেডিয়েটর।’ তিনি আশা করেন, বাংলাদেশ আইন সমিতির নবীন সদস্যরা নতুন এই পেশায় নিজেদের নিয়োজিত করতে এগিয়ে আসবেন।মোজাম্মেল হোসেন বলেন, ‘আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আরও সুলভে ও দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করা সম্ভবপর হলে বিচারবহির্ভূত বিরোধ নিষ্পত্তির প্রবণতা বিলুপ্ত হবে। অনেক নতুন বিরোধ মোকদ্দমার আকারে আদালতে আসবে; বিচারব্যবস্থার প্রতি গণমানুষের আস্থা আরও দৃঢ় হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় মাইলফলক অগ্রগতি সাধিত হবে।’